টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত মনির আইসিটি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে। সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন মনির। রাত ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজেদের রুমের বারান্দায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মনিরের হাত বিদ্যুতের তারের সঙ্গে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের নিচে পুকুরে পড়ে যান তিনি। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

