কুমিল্লার সদর দক্ষিণে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে মফিজুল ইসলাম মফু (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় দেন। সূত্র জানায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাজরিন সুলতানা ঝুমুর (৯) নামের ওই শিশুকে অপহরণ করা হয়। পরে সদর দক্ষিণ উপজেলার খেয়াশ ঠাকুরবাড়ি পুকুরের পশ্চিম পাড়ে একটি ধানক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিশুটির মা রাজিয়া আক্তার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।


