• ই-পেপার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

চার জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ

প্রিয় দেশ ডেস্ক
চার জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ

দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ

জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলার চরপলিশা বেতমারী তালতলা এলাকায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। একই দিন সকালে উপজেলার আগপয়লা এলাকায় অটোরিকশারচাপায় নাজনিন নাহার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়।

নিহতদের একজন দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মানোয়ারা বেগম (৪৫)। অন্য এক নারীর পরিচয় পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস উল্টে এবং গাড়িচাপার পৃথক ঘটনায় দুজন নিহত ও আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলার কুমিরায় এসব ঘটনা ঘটে। জানা গেছে, জোনাকি পরিবহনের বাসটি ছোটকুমিরা ইলিয়াছ পেট্রল পাম্প অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত ও বাসটির ভেতরে থাকা ১২ যাত্রী আহত হন। নিহতের (৩০) পরিচয় জানা যায়নি। অন্য দুর্ঘটনায় নিহতের নাম মো. ইমন (২০)।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে বরঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে দুই ব্রিজের মাঝে সেলফি পরিবহনের একটি বাস গভীর খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আমনুরা সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রওনক হাসান ওরফে শিশির (১৮) নামের মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মঞ্জুর অটোরাইস মিলের সামনে মালবাহী ১০ চাকার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

 

সংক্ষিপ্ত

পেট্রলবোমায় পুড়ল বিএনপি কার্যালয়

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
পেট্রলবোমায় পুড়ল বিএনপি কার্যালয়

রাজশাহীর বাঘায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় পুড়িয়ে দেওয়া হয়েছে আড়ানী পৌর বিএনপির কার্যালয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্ব পাশে ব্রিজসংলগ্ন এই কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। অফিসের দুই পাশে অনেক দোকান বন্ধ থাকলেও কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। অফিসের ভেতরে পেট্রলের গন্ধ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টেকনাফে ফের অপহরণ মুক্তিপণ দাবি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে ফের অপহরণ মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। মহিষ আনতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গত শুক্রবার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকার পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। অপহৃত মো. আরাফাত (১২) ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।

অপহৃত শিশুর বাবা আবদুল মাবুদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তাঁর ছেলে মহিষ আনতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। শনিবার বিকেলে এক পরিচিত ব্যক্তির মোবাইলে ফোন করে দুর্বৃত্তরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ইটিপি প্লান্ট মেরামত করতে গিয়ে নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ইটিপি প্লান্ট মেরামত করতে গিয়ে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) প্লান্টে মেরামত কাজ করতে গিয়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন খুলনার কয়রার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম ও নেত্রকোনার খালিয়াজুড়ীর বল্লী গ্রামের কোয়েল মিয়ার ছেলে ওয়েল্ডার হেলপার রুমেল মিয়া। ভালুকার হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার এক্সিল্যান্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) প্লান্ট মেরামত কাজ করার জন্য রুমেল প্লান্টের গর্তে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাঁর সহকর্মী শফিকুল ইসলাম তাঁকে উদ্ধার করতে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।