চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে হাসেম ও মাহবুবুল আলমের ছেলে ইউনুস। তাঁরা দুজনেই দৈনিক মজুরিভিত্তিক কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। জানা গেছে, চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। বিলের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার ওই জমির পানিতে পড়ে ছিল। কাজ করার এক পর্যায়ে তাঁরা ওই বিদ্যুত্বাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলিফ নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলিফ উপজেলার পূর্ব মন্দাকিনী এলাকার আজম ড্রাইভারের বাড়ির মোহাম্মদ শাহেদের ছেলে।

