খাগড়াছড়ির রামগড়ে সিএনজিচালিত অটোরিকশার অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচল নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বিপুলসংখ্যক সিএনজিচালিত অটোরিকশার অনেকগুলোরই বৈধ নিবন্ধন, ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই। এর পরও এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঈদ, পূজা-পার্বণসহ বিভিন্ন উৎসব ও বিশেষ সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে ভাড়া বৃদ্ধির প্রবণতা আরো বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, অটোরিকশার অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রামগড় থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

