একনজরে মুসলমান হিসেবে জীবন যাপনের জন্য যেসব মাসয়ালা-মাসায়েল দরকার তা এ বইয়ে উল্লেখ আছে। বইটির ১১টি খণ্ড। প্রথম খণ্ডে আছে শিক্ষামূলক কিছু ঘটনা এবং কুফর, শিরক, পবিত্রতা, অজু ও গোসল সম্পর্কে বর্ণনা। দ্বিতীয় খণ্ডে ফরজ, ওয়াজিব, নফলসহ সর্বপ্রকার নামাজের খুঁটিনাটি। তৃতীয় খণ্ডে চাঁদ দেখা, রোজা, ইতেকাফ, মানত ও জাকাত বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। চতুর্থ খণ্ডে বিয়ে-শাদি, তালাক, শপথ, কোরআন তেলাওয়াত, পশু জবাই, হালাল-হারাম, পোশাক, পর্দা, স্বর্ণ-রৌপ্য বিষয়ে বর্ণনা। পঞ্চম খণ্ডে ব্যবসা-বাণিজ্য, সুদ, ঋণ দেওয়া-নেওয়া, ভাড়া, বন্ধক, অসিয়ত, ফরায়েজ বিষয়ে বর্ণনা। ষষ্ঠ খণ্ডে মুসলমানদের মধ্যে প্রচলিত কুপ্রথা ও কুসংস্কার বিষয়ে বর্ণনা। সপ্তম খণ্ডে শিষ্টাচার, আদব-কায়দা, ইবাদতের ফজিলত বর্ণিত হয়েছে। অষ্টম খণ্ডে নবী-রাসুলদের স্ত্রী ও নেককার নারীদের নিয়ে আলোচনা। নবম খণ্ডে স্বাস্থ্যসচেতনতাবিষয়ক আলোচনা। দশম খণ্ডে নারীদের নিরাপদ থাকার বিষয়ে বর্ণনা। একাদশ খণ্ডে পবিত্রতা, নামাজ, রোজা ইত্যাদি বিষয়ে আলোচনা। মূল লেখক : আশরাফ আলী থানভি (রহ.) থানা ভবনে বাড়ি হওয়ায় তাঁর নামের শেষে থানভি যুক্ত। ভারতের মুজাফফরনগর জেলার থানা ভবন একটি ঐতিহাসিক জনপদ। আইন-ই-আকবরি গ্রন্থে থানা ভবনের বর্ণনা এমন—এ স্থানটি আগ্রা ও আওধের প্রসিদ্ধ অঞ্চল। এ অঞ্চলের কোলে ইতিহাস সৃষ্টিকারী বহু মুসলিম মনীষী জন্মগ্রহণ করেন। আল্লামা থানভির (রহ.) জন্ম ১৮৬৩ খ্রিস্টাব্দে। দারুল উলুম দেওবন্দে তিনি হাদিস, তাফসির, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামী আইন ও ইতিহাস অধ্যয়ন করেন। তিনি কেরাত ও তাজবিদের (কোরআনের সঠিক উচ্চারণ সম্পর্কিত বিদ্যা) পাঠ নেন মুহাম্মদ আব্দুল্লাহ মুহাজিরে মক্কির কাছে। কানপুরের ফয়জে আম মাদরাসায় ২৫ টাকা বেতনে তিনি শিক্ষকতা শুরু করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি মূলত সমাজ সংস্কারক। তাঁর রচিত গ্রন্থ কোটি কোটি মানুষকে উপকৃত করেছে। তাঁর বয়ানুল কোরআন সব তাফসির-পাঠশালাতেই সমাদর পায়। উপমহাদেশের প্রায় সব মসজিদে তাঁর ‘খুতবাতুল আহকাম’-এর আলোকে খুতবা দেওয়া হয়। তাঁর রচনাবলি সম্পর্কে মুফতি ত্বকি উসমানি সাহেব বলেছেন, অন্তত আগামী ১০০ বছর পর্যন্ত মুসলমানরা তাঁর লেখনী দিয়ে উপকৃত হবে। এ সময়কালে যত নতুন নতুন হালত (সমস্যা বা অবস্থা) আসবে সবটির ব্যাখ্যা ও সমাধান দেওয়া সম্ভব হবে আল্লামা থানভির (রহ.) লেখনী দিয়ে। তাঁকে উপাধি দেওয়া হয়েছে হাকিমুল উম্মত। যার অর্থ উম্মতের চিকিত্সক। তিনি মুসলিম উম্মাহর আত্মার ব্যাধির চিকিত্সক। ১৯৪৩ সালে থানা ভবনেই মৃত্যুবরণ করেন আল্লামা থানভি (রহ.)। অনুবাদক : শামসুল হক ফরিদপুরী (রহ.) ১৮৯৬ সালে ফরিদপুরে তাঁর জন্ম। সাহারানপুর মাজহারুল উলুম থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভ করেন। পরে যান দারুল উলুম দেওবন্দে। তাঁর শিক্ষকতা জীবন শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদরাসায়। ঢাকায় প্রতিষ্ঠা করেন আশরাফুল উলুম বড় কাটারা। পরে জামিয়া কোরআনিয়া লালবাগ। তিনিই বাংলা ভাষায় প্রথম তাফসিরে হাক্কানি রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কিছু রচনা—ভুল সংশোধন, আল্লাহর পরিচয়, হালাল-হারাম, জীবনের পণ ইত্যাদি। গ্রন্থনা : মাওলানা কাসেম শরীফ