• ই-পেপার

জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বললেন নারী এমপি, এক্সপাঞ্জ দাবি বিরোধী দলের

বাংলাদেশ-ভারত তথ্য আদান-প্রদান অব্যাহত, বাড়ছে বন্যা শঙ্কা তিন বিভাগে

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-ভারত তথ্য আদান-প্রদান অব্যাহত, বাড়ছে বন্যা শঙ্কা তিন বিভাগে
সংগৃহীত ছবি

ভারী মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র। 

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। 

এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিচু এলাকাগুলো স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হতে পারে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোর আওতায় ভারত বাংলাদেশকে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) বন্যা-সম্পর্কিত তথ্য প্রদান অব্যাহত রেখেছে। এমন একটি সময়ে যখন সময়োপযোগী হাইড্রোলজিক্যাল (জলবায়ু ও পানি বিষয়ক) উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এই রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান বন্যার পূর্বাভাস উন্নত করতে এবং বন্যা-প্রবণ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সুরক্ষায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতা বজায় রেখে আসছে। এই ব্যবস্থার অধীনে, ভারত বাংলাদেশকে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং অন্যান্য বেশ কয়েকটি যৌথ নদীর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্টেশন থেকে নদীর পানির স্তর, পানি প্রবাহের হার (ডিসচার্জ রেট), বৃষ্টির ধরণ এবং পূর্বাভাসের মূল্যায়ন সংক্রান্ত তথ্য সরবরাহ করে থাকে। এই উপাত্তগুলো নদীর পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়ন, সময়োপযোগী সতর্কবার্তা জারি এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবহার করা যেতে পারে।

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস উপ গভর্নর এবং চীনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমান থেকে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি। 

দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা। উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীনে গেছেন তিনি।

রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকাল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর থেকে বিশেষ বিমানে চীনের দালিয়ানের পথে রওয়ানা হন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, দালিয়ানে তিনি দুই দিন বেশ কর্মব্যস্ত সময় কাটাবেন। দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন এবং সেখানেই তার সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা ও দ্বিপাক্ষিক বৈঠকগুলো শুরু হবে। 

সফরসূচি অনুযায়ী, চীনের দালিয়ানে অনুষ্ঠেয় বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বুঙ্গা রায় কমপ্লেক্স’-এর এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়। বিমানবন্দরে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

উল্লেখ্য, ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। 

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ৪।  ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেও জানায় ইউএসজিএস।    

উল্লেখ্য, এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিচ ইলমাজ। তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর এবং ওই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এটিকে বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে এবং টেকসইভাবে মায়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেন এবং এ ব্যাপারে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সমর্থনের আহ্বান জানান।

মায়ানমার থেকে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উদারতা এবং বছরের পর বছর ধরে বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার গভীর প্রশংসা করে তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে তুরস্কের মানবিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন।