• ই-পেপার

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-ভারত তথ্য আদান-প্রদান অব্যাহত, বাড়ছে বন্যা শঙ্কা তিন বিভাগে

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-ভারত তথ্য আদান-প্রদান অব্যাহত, বাড়ছে বন্যা শঙ্কা তিন বিভাগে
সংগৃহীত ছবি

ভারী মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র। 

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। 

এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নিচু এলাকাগুলো স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হতে পারে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোর আওতায় ভারত বাংলাদেশকে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) বন্যা-সম্পর্কিত তথ্য প্রদান অব্যাহত রেখেছে। এমন একটি সময়ে যখন সময়োপযোগী হাইড্রোলজিক্যাল (জলবায়ু ও পানি বিষয়ক) উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এই রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান বন্যার পূর্বাভাস উন্নত করতে এবং বন্যা-প্রবণ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সুরক্ষায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতা বজায় রেখে আসছে। এই ব্যবস্থার অধীনে, ভারত বাংলাদেশকে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং অন্যান্য বেশ কয়েকটি যৌথ নদীর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্টেশন থেকে নদীর পানির স্তর, পানি প্রবাহের হার (ডিসচার্জ রেট), বৃষ্টির ধরণ এবং পূর্বাভাসের মূল্যায়ন সংক্রান্ত তথ্য সরবরাহ করে থাকে। এই উপাত্তগুলো নদীর পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়ন, সময়োপযোগী সতর্কবার্তা জারি এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবহার করা যেতে পারে।

জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বললেন নারী এমপি, এক্সপাঞ্জ দাবি বিরোধী দলের

অনলাইন ডেস্ক
জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বললেন নারী এমপি, এক্সপাঞ্জ দাবি বিরোধী দলের
সংসদে কথা বলছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত।

জাতীয় সংসদের বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে একজন নারী সংসদ সদস্য ‘মবোক্রেসি’ বলায় অধিবেশনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একজন নারী সদস্য এমন মন্তব্য করেছেন। তার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মবোক্রেসি শব্দটিকে এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম।

তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে, বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে প্রতিবাদ মিছিল করেছে সেটাকে তিনি মবোক্রেসি বলেছেন, আমি এই শব্দটিকে আপনার মাধ্যমে এক্সপাঞ্জ করার অনুরোধ জানাচ্ছি।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটার ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মতো কোনো কিছুই না।’

এরপর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এই শব্দটির অর্থ ভালো নয় উল্লেখ করে এক্সপাঞ্জ করার দাবি জানান।

তিনি বলেন, ‘আসলে মবোক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনিটলি এটা একটা অবজেকশনেবল শব্দ এবং আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না। বেখেয়ালে বলে ফেলেছেন।’ 

অতীতেও এমন প্রতিবাদ হয়েছে উল্লেখ করে সেসব প্রতিবাদও মবোক্রেসি কি না, এমন প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, ‘এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি প্রথম, এর আগে সেভারেল টাইমস বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সবকিছুই মবোক্রেসি ছিল? আমার মনে হয় যে, এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপাঞ্জ করাই উচিত।’

শফিকুর রহমানের বক্তব্যের পরে আবারও স্পিকার বলেন, ‘এই শব্দটি অশ্লীল কোনো শব্দ নয়।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন ‘মাননীয় সদস্য মবোক্রেসি এখন একটা কমন টার্ম হয়ে গেছে। সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবোক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। রাজনীতিতে এটা নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা এখনো অশ্লীল একটা শব্দ না।’

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ৪।  ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেও জানায় ইউএসজিএস।    

উল্লেখ্য, এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিচ ইলমাজ। তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর এবং ওই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এটিকে বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে এবং টেকসইভাবে মায়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেন এবং এ ব্যাপারে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সমর্থনের আহ্বান জানান।

মায়ানমার থেকে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উদারতা এবং বছরের পর বছর ধরে বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার গভীর প্রশংসা করে তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে তুরস্কের মানবিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন।