• ই-পেপার

সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না

তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রের বিরুদ্ধে গুজব অপতথ্য ছড়ানো হচ্ছে

ময়মনসিংহ প্রতিনিধি
রাষ্ট্রের বিরুদ্ধে গুজব অপতথ্য ছড়ানো হচ্ছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে।

গতকাল সোমবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী (১৩-১৫) সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে। সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা
নিতে হবে।

নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটি সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

 

ঢাকা-নারিতা রুট

২৭ জুলাইয়ের মধ্যে ফ্লাইট আবার চালুর আশা সরকারের

২০২৫ সালের ১ জুলাই থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাইয়ের মধ্যে ফ্লাইট আবার চালুর আশা সরকারের

জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুনরায় চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছে সরকার। তবে জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা নিরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগায় পূর্বনির্ধারিত ৩০ জুনের সময়সীমা পিছিয়ে গেছে।

গতকাল সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমানমন্ত্রী আফরোজা খানম। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আফরোজা খানম বলেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনসম্পৃক্ত যোগাযোগ আরো জোরদারের লক্ষ্যে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেয়।

তিনি জানান, জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধ্যতামূলক নিরাপত্তা মূল্যায়ন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় প্রয়োজন হচ্ছে। এ কারণে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সরকার আশাবাদী।

মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভ্রমণ আরো সহজ ও আরামদায়ক করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি যাত্রীদের আস্থা ও আগ্রহও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যাতে বিমানবন্দরে স্বস্তিদায়ক পরিবেশ পান এবং মাতৃভূমিতে ফেরার অনুভূতি উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে।

আফরোজা খানম বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সংকট কাটিয়ে দেশের বিমান খাতকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং ইতিবাচক পরিবর্তনগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

 

 

জি এম কাদের

বাজেটের অর্থ সংস্থান কোথা থেকে হবে প্রণেতারাও বলতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
বাজেটের অর্থ সংস্থান কোথা থেকে হবে প্রণেতারাও বলতে পারবেন না

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বাজেটে যে যা চেয়েছে, তা-ই দেওয়ার অঙ্গীকার করা হয়েছে এবং জনগণকে এক ধরনের স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান কোথা থেকে হবে, সেটি বাজেট প্রণেতারা নিজেরাও হয়তো বলতে পারবেন না। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় পার্টির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে দেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে।

 

চিড়িয়াখানা মাতাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

জুবায়ের আহমেদ
চিড়িয়াখানা মাতাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

জাতীয় চিড়িয়াখানায় দেখার মতো অনেক বন্যপ্রাণী থাকলেও এল-৭ নম্বর খাঁচার সামনেই দর্শনার্থীদের কৌতূহলী ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কৌতূহল নিয়ে দেখছেন সারা দেশে আলোচিত অ্যালবিনো মহিষকে। সাদা রঙের এই মহিষটি এখন জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। দর্শনার্থীদের কাছে এটি পরিচিত ডোনাল্ড ট্রাম্প নামে।

গত ঈদুল আজহায় বিশেষ চুলের ধরন ও গায়ের রঙের কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় আসে এই অ্যালবিনো মহিষটি। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের চুলের সঙ্গে মহিষটির চুলের মিল থাকায় এটিকে খামারি আদর করে নাম দেন ডোনাল্ড ট্রাম্প। কোরবানির জন্য প্রস্তুত করা হলেও পরে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সেটিকে নিয়ে আসা হয় চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় ছিল ভাইরাল হওয়া এই মহিষ।

গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, খাঁচার ভেতরে ছায়াযুক্ত ছাউনির নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল মহিষটি। ছাউনির নিচে দুই পাশে স্থাপন করা হয়েছে ফ্যান। রয়েছে মশারির ব্যবস্থাও। তাপমাত্রা কমাতে টিনের ছাউনির নিচে বিশেষ ইনসুলেশন ব্যবহার করা হয়েছে।

সিলেটের হবিগঞ্জ থেকে আসা দর্শনার্থী ফিরোজ হাসান মনে করেন, চিড়িয়াখানায় ঠাঁই পাওয়ার পর মহিষটির স্বাস্থ্য কমে গেছে। গাজীপুর থেকে আসা রনি মাহমুদ বলেন, আরেকটা মহিষ রেখে দিলে তখন এই ট্রাম্পকে আর মনমরা লাগবে না। তবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ভালো আছে ডোনাল্ড ট্রাম্প। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই মহিষের সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং খাদ্যতালিকাও নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞদের পরামর্শে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার কালের কণ্ঠকে বলেন, চিড়িয়াখানায় নতুন কোনো প্রাণী এলে তার পরিচর্যা, ব্যবস্থাপনা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্বাভাবিকভাবেই অতিরিক্ত মনোযোগ দিতে হয়। তবে এই মহিষটির জন্য আলাদা কোনো ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাণীটির শারীরিক চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগুলো করা হয়েছে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তর, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং মহিষ উন্নয়ন খামারের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড মহিষটির খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দিয়েছে বলে জানান তিনি।

বর্তমানে সাড়ে তিন বছর বয়সী এই অ্যালবিনো মহিষটির সম্ভাব্য আয়ু ১৫ থেকে ২০ বছর। বিশেষজ্ঞদের মতে, এ বয়সে সুষম খাদ্য ও নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে প্রাণীটি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবে।

ডোনাল্ড ট্রাম্প নামে মহিষটি পরিচিতি পাওয়ায় প্রথমে অস্থায়ীভাবে খাঁচায় কাগজে প্রিন্ট করে সেই নামই বসায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন নতুন স্থায়ী তথ্যফলকে মহিষটির পরিচয় দেওয়া হয়েছে অ্যালবিনো বা সাদা মহিষ হিসেবে। মেলানিন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত জিনগত বৈচিত্র্যের কারণে এ ধরনের প্রাণীর শরীরে সাদা রং দেখা যায়। দক্ষিণ এশিয়ায় এ ধরনের মহিষ বিরল এবং বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, অ্যালবিনো মহিষটিকে আপাতত জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হচ্ছে। এর বাইরে এখন পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।