জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি ছিলেন জনগণের নেতা। তাঁকে দেশের মানুষ যেভাবে শেষবিদায় দিয়েছে, তা একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্যের বিষয়।
গতকাল শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘বেগম জিয়া অনেক কষ্ট সহ্য করেছেন। তাঁকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেননি। মনে হয় যে তিনি (বেগম জিয়া) জীবন্ত। এইমাত্র হয়তো এখনই একটু পরে এসে গাড়ি থেকে নামবেন। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা, তাঁকে আর দেখতে পাব না। তবে আশা করি, তিনি যে লিগ্যাসি রেখে গেছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গেছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।’
হাফিজ উদ্দিন বলেন, ‘খালেদা জিয়ার পুত্রসন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব, তিনি তাঁর পিতা-মাতার পথ অনুসরণ করে এই জাতিকে দিকনির্দেশনা দেবেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ন থাকে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে কেউ ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।’

