পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঈদ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ছাড়াও যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদের আগে সাত দিন ও পরবর্তী তিন দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।

