তদন্তে ফাঁস মিথ্যা অপহরণের গল্প
- জুলাইয়ে ছেলে হত্যায় একদিকে মায়ের মামলা, অন্যদিকে ‘কথিত বড় ভাইর’ মামলা
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন

কলমিলতা বাজারে আগুন শতাধিক দোকান পুড়ে ছাই

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়। গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে ফায়ার সার্ভিস সূত্র বলছে, ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাজারের নিচতলার বেশির ভাগ দোকানই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দোকানের মালপত্রের পাশাপাশি নগদ অর্থও পুড়ে যাওয়ায় অনেকেই কার্যত নিঃস্ব হয়ে গেছেন।
কলমিলতা বাজারের ৯৯, ১০০ ও ১০১ নম্বর গোশতের দোকানের মালিক মো. মেহেদী হাসান (রনি) বলেন, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় ৪০ মিনিট পর তারা আসে। মো. সবুজ নামের এক ব্যবসায়ী বলেন, ‘আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বের করতে পারিনি।’
শিক্ষাক্ষেত্রে কবি নজরুল স্মারক সম্মাননা পেলেন মোশাররফ খান চৌধুরী

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কবি নজরুল স্মারক সম্মাননা’ পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতী সন্তান ও আমেরিকাপ্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা কেন্দ্রের সেমিনার হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা, আবৃত্তি ও নজরুলসংগীত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সিকদার মকবুল হক এবং সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদের মহাসচিব মিলন মল্লিক। স্বাগত বক্তব্য দেন ‘পুবের হাওয়া’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাচী। অনুষ্ঠানের আয়োজন করে ‘পুবের হাওয়া’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ। উল্লেখ্য, মোশাররফ হোসেন খান চৌধুরী দীর্ঘ ৪৪ বছর প্রবাসজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
আজ আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আজ ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন করছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি বাণীতে বলেন, ‘আজকের এই ঐতিহাসিক শুভক্ষণে আমি মহান মুক্তিযুদ্ধে শহীদ এ বাহিনীর ৬৭০ জন বীর সদস্যসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে দেশমাতৃকার জন্য আত্মদানকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।’ তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও পরিকল্পনার ধারাবাহিকতায় আনসার বাহিনীর পুনর্গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে আনসার-ভিডিপি আইন, ১৯৯৫ প্রণয়নের মাধ্যমে ব্যাটালিয়ন আনসার গঠিত হয় এবং এতে গ্রাম প্রতিরক্ষা দল আইনগত সাংগঠনিক ভিত্তি লাভ করে। সেই অগ্রদৃষ্টিসম্পন্ন উদ্যোগের ফলস্বরূপ আজ আনসার-ভিডিপি গ্রামবাংলার অতন্দ্র প্রহরীতে পরিণত হয়েছে।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপিত হচ্ছে। এই শুভলগ্নে আমি এই বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের অকুতোভয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।’
সরকারপ্রধান বলেন, ‘দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি মাসে সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।’
