কলম্বিয়া-ঘানা (সকাল ৭-৩০ মিনিট)
কানাডা-মরক্কো (রাত ১১টা)
ফ্রান্স-প্যারাগুয়ে (রাত ৩টা)

কলম্বিয়া-ঘানা (সকাল ৭-৩০ মিনিট)
কানাডা-মরক্কো (রাত ১১টা)
ফ্রান্স-প্যারাগুয়ে (রাত ৩টা)

ঢাকার সাভারে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারে গাছ কাটা নিয়ে বিবাদে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছেন বড় ভাই।
এ ছাড়া শেরপুর ও মুন্সীগঞ্জে উদ্ধার হয়েছে দুইজনের লাশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সাভার (ঢাকা) : সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গতকাল দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।
এসআই জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। বর্তমানে তিনি ওই কক্ষে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তাঁর মেয়ে বাইরে ছিল।
বগুড়া : সারিয়াকান্দিতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আটজন। লিটন সাকিদার ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
গতকাল সকালে ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে।
নড়াইল : দুই গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধে মোস্তফা কাজি (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামের আকমল গাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু।
চকরিয়া (কক্সবাজার) : পৈতৃক ভিটার গাছ কাটা নিয়ে বিরোধে ছোট ভাই দা দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই। গতকাল সকালে এ ঘটনা ঘটেছে খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায়। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত আলী হোছনের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আবদুর রহিম পলাতক।
শেরপুর : সদর উপজেলায় ধানক্ষেতের কাদায় গলায় গামছা পেঁচানো অবস্থায় এক ইজি বাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাপমারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া (৪৪) চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। স্থানীয়দের ধারণা, ইজি বাইক ছিনতাই করে শ্বাসরোধে হত্যার পর লাশটি রাস্তার পাশের ধানক্ষেতের কাদায় ফেলে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ : সিরাজদিখানে নিখোঁজের চার দিন পর উদ্ধার হয়েছে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ। গতকাল সকালে ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়াপাড়া কবরস্থানসংলগ্ন ইছামতি নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা এবং চীন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের জন্য বেইজিংয়ের প্রস্তাবের প্রতিবেদনগুলো ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীনের প্রস্তাবিত জে-১০সিই যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশ চীনের সঙ্গে আলোচনা করছে এবং চীন-মায়ানমার-বাংলাদেশ করিডরের জন্য বেইজিংয়ের প্রস্তাব বিবেচনা করছে—এমন দুটি পৃথক প্রশ্নের জবাবে রণধীর বলেছেন, ‘আমরা আমাদের এলাকার এ ধরনের সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ প্রকল্পের বিষয়ে ভারতের মতামত এরই মধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশে প্রকল্পগুলোর জন্য আমাদের উন্নয়নমূলক সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়।’ রণধীর আরো বলেন, সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহই বিবেচনায় রাখবে ভারত।
প্রসঙ্গত, ভারত থেকে প্রবাহিত তিস্তা ও অন্যান্য আন্ত সীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা করতে বাংলাদেশ ও চীন সম্মত হওয়ার কয়েক দিন পর এই মন্তব্যগুলো এসেছে। এর আগে গত সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান একটি ‘জাতীয় অগ্রাধিকার’ এবং এটি ‘যেকোনো মূল্যে’ বাস্তবায়ন করা হবে। তবে চীনা কর্মকর্তারা দাবি করেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।
ব্রিফিংয়ে সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গেও ফের ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল। তিনি বলেন, ইসলামাবাদের আন্ত সীমান্ত সন্ত্রাসবাদে অব্যাহত পৃষ্ঠপোষকতার জবাবে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রয়েছে বলে পুনরায় জানিয়েছেন তিনি। জয়সওয়াল বলেন, সিন্ধু পানি চুক্তির বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ত্যাগ করতে হবে। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

পুরো বিশ্বেরই নজর ছিল টরন্টো স্টেডিয়ামে। কারণ দুই মহাতারকা মুখোমুখি হয়েছেন সেখানে। একসঙ্গে রিয়াল মাদ্রিদে ছয় মৌসুম কাটিয়ে তাঁরা দুজন একে অন্যের পরম বন্ধুই হয়ে উঠেছিলেন। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো আর লুকা মডরিচের জন্য ছিল এবার টিকে থাকার লড়াই। আগে গোল করে এগিয়ে গিয়েছিল মডরিচের ক্রোয়েশিয়া। কিন্তু রোনালদোর পেনাল্টিতে আসে সমতা, এটি তাঁর বিশ্বকাপ নক আউট ম্যাচে প্রথম গোল। পরে গনসালো রামোস ম্যাচের যোগ করা সময়ে লক্ষ্যভেদ করলে ২-১ গোলের জয়ে পর্তুগাল পা রাখে শেষ ষোলোয়, বিদায় ঘটে মডরিচের ক্রোয়েশিয়ার। লস অ্যাঞ্জেলেসে মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে স্পেন ৩-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। এটি বিশ্বকাপ নক আউটে ১৬ বছর পর প্রথম জয় স্পেনের। ভ্যাংকুভারে শেষ বত্রিশের আরেক ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে আরেক ধাপ সামনে এগিয়েছে সুইজারল্যান্ডও।
সর্বশেষ ১৯৩৮ সালের বিশ্বকাপে কোনো নক আউট ম্যাচ জিতেছিল সুইজারল্যান্ড। সেবার জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল তারা। গত তিনটি বিশ্বকাপে শেষ ষোলোয় উঠলেও জিততে পারেনি সুইসরা। কিন্তু আফ্রিকান প্রতিপক্ষ আলজেরিয়াকে পেয়ে এবার তারা নক আউট ম্যাচের সেই জয়ের খরা কাটিয়েছে। ব্রিল এমবোলো মাত্র ১০ মিনিটের সময়ই গোল করে এগিয়ে দেন সুইসদের। যদিও আফ্রিকার মরু যোদ্ধারা বেশ লড়াই করেছে, তবে সুইস রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলের দেখা পায়নি। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি গোল পেয়েছে সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে ডান এনডোয়ের গোলের পর আলজেরিয়া আরো চাপ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ম্যাচ শেষে দেশটির অন্যতম বড় তারকা রিয়াদ মাহরেজ অবসরের ঘোষণাও দিয়েছেন। শেষ ষোলোয় সুইজারল্যান্ড মুখোমুখি হবে আজ কলম্বিয়া-ঘানা ম্যাচের বিজয়ীর।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের শুরুটা হয় হোঁচট খেয়ে। নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ধীরে ধীরে নিজেদের রং ফিরে পায় দলটি। বিশেষ করে পুরোপুরি ফিট হয়ে ম্যাচ টাইম বাড়তে থাকে অন্যতম তারকা লামিন ইয়ামালের। আর তাতেই বদলে যান স্ট্রাইকার মিকেল ওয়াইরসাবাল। দুজনের রসায়নটা জমে উঠছে ক্রমেই। যদিও এদিন মূল চালিকাশক্তি হিসেবে মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো এবং অ্যালেক্স বায়েনা স্পেনের আক্রমণকে করেছেন শাণিত। কুকুরেয়ার কাছ থেকে বল পেয়েই ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন ওয়াইরসাবাল। এরপর বায়েনার বল ডান প্রান্ত থেকে দুরন্ত গতি নিয়ে উঠে আসা পোরো লক্ষ্যভেদ করেন ৬৬ মিনিটে। অস্ট্রিয়া বেশ কয়েকবার বেশ জোরালো আক্রমণ করেছে বটে, তবে ফিনিশিংয়ের দুর্বলতায় স্পেনের জাল খুঁজে পায়নি। উল্টো শেষ দিকে (৮৯ মিনিট) তারা আরেকটি গোল হজম করে। কুকুরেয়ার অ্যাসিস্টে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ওয়াইরসাবাল। এটি তাঁর চলতি বিশ্বকাপে চতুর্থ গোল। বাছাইয়েও ছয় ম্যাচে ছয়টি গোল করেছিলেন। ৩-০ গোলের সহজ জয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পরের আসরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় লা রোজারা। গত দুই আসরে দ্বিতীয় রাউন্ডে (শেষ ষোলো) উঠলেও জিততে পারেনি। অবশেষে এবার নক আউটে জয় পেয়েছে দলটি। শেষ ষোলোয় এবারও কঠিন প্রতিপক্ষ হিসেবে পর্তুগালকে পেয়েছে তারা।
পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ এটি। এর আগের পাঁচটি আসরে তিনি আটটি নক আউট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, কিন্তু গোলের দেখা পাননি। ক্রোয়েশিয়ার মতো শক্তিধর প্রতিপক্ষের সামনে সেই খরা কেটেছে ম্যাচের ৬৮ মিনিটে, পেনাল্টি থেকে গোল করেছেন সিআর সেভেন এবং দলকেও ফিরিয়েছেন সমতায়। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচের ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের বদলি হিসেবে নামেন গনসালো। তিনিই ৯৪ মিনিটে দলের জয়সূচক গোল করেন। যদিও যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার একটি গোল ভিএআর বিশ্লেষণে বাতিল হয়। ফলে আরেকবার বিশ্বকাপ থেকে কান্নাভেজা বিদায় ঘটে লুকা মডরিচের। গত আসরে তাঁর নৈপুণ্যে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। আর ২০১৮ সালে আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার এবং দলকেও ফাইনালে তুলেছিলেন। ৪০ বছরের মডরিচ এবার থামলেন বেশ আগেভাগেই।