দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় বাজারের নাম নিয়ে সংঘর্ষে দুজন নিহত, এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, নাতিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু, বস্তাবন্দি নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা এবং ঢামেক এলাকা থেকে দুই অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ভৈরবে বাজারের নাম নিয়ে সংঘর্ষ, নিহত ২
কিশোরগঞ্জের ভৈরবের একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ মিয়া ও মিরারচর মোল্লা বাড়ির ফজলুর রহমানের ছেলে হিরণ মিয়া।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভৈরব উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ির এলাকা থেকে বি এম মাহামুদুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন-৬-এ এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন তিনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলে নিহতের স্ত্রী ফাতেমা কানিজ এবং শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার বি এম মাহামুদুল ইসলাম কর্মস্থল থেকে ছুটিতে এসে পাইককান্দি গ্রামে শ্বশুরবাড়িতে ওঠেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার খুলনা-মংলা রেল লাইনের আড়ংঘাটা স্টেশনের পাশ থেকে ইমন (২১) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে নাতিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়ে নবী হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।
পীরগঞ্জে বস্তাবন্দি নারীর অর্ধগলিত মরদেহ
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই নারীর নাম নার্গিস বেগম। তিনি মরারপাড়া গ্রামের লতারপাড়ার রাসেল মিয়ার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) রাসেল রানা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।
সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
মুন্সীগঞ্জ শহরের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্বশত্রুতা ও মারামারির জেরে বাড়িতে ঢুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে রাজু আহমেদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।
রবিবার রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক দ্বন্দ্ব, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঢামেক এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



