• ই-পেপার

সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা অফিস
খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা রেল স্টেশনের পাশ থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন আড়ংঘাটা থানার সোবহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেলস্টেশনের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। তবে হত্যাকাণ্ডটি ঘটনাস্থলেই নাকি অন্য কোথাও সংঘটিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নারী ও শিশুদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
নারী ও শিশুদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : মির্জা ফখরুল
ছবি : কালের কণ্ঠ

নারী ও শিশুদের বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২০ কোটি মানুষের দেশে সবকিছু সরকারের ওপর ছেড়ে দিলে সম্ভব হবে না। প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে, নিজেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’

সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় পর্যায়েও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সবাই ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করলে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করা সম্ভব হবে।’

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। এরা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা মিছিলের চেষ্টা করে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। পরে পুলিশের সহায়তায় ১২ জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১২ জন ছাত্রলীগকর্মীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ভাইরাল ভিডিও নিয়ে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ভাইরাল ভিডিও নিয়ে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে এবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। শনিবার (২৬ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় তিনি জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

বিউটি রানী পাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

জিডিতে বিউটি রানী পাল উল্লেখ করেন, ‘একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান পরিবেশনের ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।’ 

তার অভিযোগ, ‘আসিফ ইকবাল ইরন’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার নামে বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়েছে। পাশাপাশি ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ তার নাম ও রিলস ভিডিও ব্যবহার করে এমনভাবে সংবাদ প্রকাশ করেছে, যা প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয়।

তিনি আরো অভিযোগ করেন, ‘ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ প্রাসঙ্গিক তথ্য ছাড়া প্রচার করে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। বিকৃতভাবে উপস্থাপিত ওই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের করা জিডিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগে উল্লেখ করা ফেসবুক আইডিগুলো শনাক্ত করতে সেগুলো আইটি ফরেনসিকে পাঠানো হয়েছে। ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এবং ‘ইব্রাহিম খলিল’ নামের আইডির বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।” 

তিনি বলেন, ‘লিখিত অভিযোগে কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষিকাকে অপমানজনক ও সম্মানহানিকরভাবে উপস্থাপনের অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’