• ই-পেপার

হালাল উপায়ে সম্পদের প্রবৃদ্ধি নিন্দনীয় নয়

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৯০

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

তারাই কুফরি করেছিল এবং নিবৃত্ত করেছিল তোমাদেরকে মসজিদুল হারাম থেকে ও বাধা দিয়েছিল কোরবানির জন্য আবদ্ধ পশুগুলোকে যথাস্থানে পৌঁছাতে। তোমাদের যুদ্ধের আদেশ দেওয়া হতো যদি না থাকত এমন কতক মুমিন নর ও নারী, যাদেরকে তোমরা জানো না, তোমরা তাদেরকে পদদলিত করতে অজ্ঞাতসারে...।

(সুরা : ফাতহ, আয়াত : ২৫)

আয়াতে হুদাইবিয়ায় যুদ্ধ না করে সন্ধি করার রহস্য বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. মুমিনরা মসজিদুল হারামের প্রকৃত হকদার হওয়ার পরও মুশরিকরা তাদের তাতে প্রবেশে বাধা দিয়ে অন্যায় করেছিল।

২. মুমিনদের মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়াই শুধু অন্যায় নয়, বরং হাজিদের পশু কোরবানির স্থানে পাঠাতে বাধা দেওয়াও অন্যায়। হুদাইবিয়ার সময় মুশরিকরা মুমিনদের ৭০টি কোরবানির পশু যথাস্থানে পাঠাতে দেয়নি।

৩. হিজরতের সামর্থ্য না থাকার কারণে হুদাইবিয়ার সময় পর্যন্ত কিছু মুমিন মক্কায় পরিচয় গোপন করেছিলেন। তাঁদের সংখ্যা ছিল ৯ থেকে ১২ জন।

৪. মক্কায় পরিচয় গোপন রাখা মুমিনরা যেন মুসলিম বাহিনী দ্বারা আক্রান্ত না হয় এ জন্য আল্লাহ হুদাইবিয়ার সময় যুদ্ধের অনুমতি দেননি।

৫. তখন যুদ্ধের অনুমতি না দেওয়ার আরেকটি কারণ হলো, অনেক মুশরিক তখন মনে মনে ইসলামের প্রতি ঝুঁকে ছিল। যুদ্ধ হলে তারা ইসলাম গ্রহণের সুযোগ পেত না।

   (তাফসিরে ইবনে কাসির : ১০/৩৩৫)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

হারাম কার্যক্রমে পরিচালিত প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়-বিক্রয়

প্রশ্ন : যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম হারাম বা ইসলামসিদ্ধ নয়, তাদের শেয়ার বা হালাল পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে কি?

ফারহান, নবাবগঞ্জ

উত্তর : যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের মূল কার্যক্রম হারাম তাদের শেয়ার বা পণ্য ক্রয়-বিক্রয় করা এবং তাদের ওই হারাম কাজে সরাসরি লিপ্ত হওয়া হারাম কাজে সহায়তা করার নামান্তর। তাই তা বৈধ নয়। (সুরা : মায়েদা, আয়াত : ২, জাদিদ ফিকহি মাকালাত : ১/১৫০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৪৪)

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নিমাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাখাতিকা।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

উপকার : ইবনে উমার (রা.) বলেন, রাসুল (সা.)-এর বিভিন্ন দোয়ার মধ্যে এটাও অন্যতম দোয়া। (আবু দাউদ, হাদিস : ১৫৪৫)

যে কারণে ইসলামে জাদুচর্চা নিষিদ্ধ

মুফতি আতাউর রহমান
যে কারণে ইসলামে জাদুচর্চা নিষিদ্ধ

কোরআন ও হাদিসের ভাষ্য মতে, জাদুবিদ্যার মূল উৎস শয়তান ও মন্দ জিন। তারাই মানবসমাজে জাদুবিদ্যার প্রসার ঘটিয়েছিল। জাদুকরদের সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আরো এই যে কিছু মানুষ কতক জিনের শরণাপন্ন হতো, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত।

(সুরা : জিন, আয়াত : ৬)

আয়েশা (রা.) বলেন, লোকজন নবী (সা.) -কে জ্যোতিষদের বিষয়ে জিজ্ঞেস করল (যারা তৎকালীন যুগে জাদুও চর্চা করত)। তিনি বললেন, তারা মূলত কিছুই নয়। তারা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! কখনো কখনো তারা তো এমন কিছু কথাও বলে ফেলে যা সত্য হয়। এতে নবী (সা.) বললেন, এসব কথা সত্য। জিনরা এসব কথা প্রথম শোনে, (মনে রেখে) পরে এদের দোসরদের কানে মুরগির মতো করকর ধ্বনিতে নিক্ষেপ করে দেয়। এরপর এসব জ্যোতিষী সামান্য সত্যের সঙ্গে শত মিথ্যার মিশ্রণ ঘটায়।

(সহিহ বুখারি, হাদিস : ৭৫৬১)

গবেষক আলেমরা একমত যে জাদু শেখা, শেখানো এবং এর সঙ্গে সংশ্লিষ্টতা রাখা হারাম। আল্লামা ইবনে কুদামা (রহ.) লেখেন, নিশ্চয়ই জাদু শেখা এবং তা শেখানো হারাম। এই বিষয়ে আলেমদের কোনো মতভিন্নতা নেই। (আল মুগনি : ১০/১০৬)

ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম আহমদ (রহ.)-সহ বেশির ভাগ ইমামের মতে জাদুবিদ্যা চর্চা করা কুফরি। তারা নিম্নোক্ত আয়াত দ্বারা দলিল পেশ করেন। মহান আল্লাহ বলেন, সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তানগুলো কুফরি করেছে। তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে।

(সুরা : বাকারা, আয়াত : ১০২)

 

জাদু নিষিদ্ধ হওয়ার কারণ

কোরআন ও হাদিসে জাদুর ভয়াবহতা নানাভাবে তুলে ধরা হয়েছে। যেমন

১. জাদু ধ্বংসাত্মক : রাসুলুল্লাহ (সা.) জাদু থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা ধ্বংসাত্মক বিষয় পরিহার কোরো। তা হলো, আল্লাহর সঙ্গে শিরক ও জাদু।

(সহিহ বুখারি, হাদিস : ৫৭৬৪)

২. জাদু কুফরি : মহানবী (সা.) জাদুকরের কাছে যাওয়া ও তার কথা সত্যায়ন করাকে কুফরি বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোনো কোনো (জাদুকর ও) জ্যোতিষীর কাছে গেল এবং তার কথা সত্যায়ন করল, সে মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ বিষয়গুলো অস্বীকার করল।

(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৬৩৯)

৩. জাদু মন্দ কাজে উদ্বুদ্ধ করে : জাদুবিদ্যা অর্জন করলে তা মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে। যেমনপবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাদের (হারুত-মারুত) উভয়ের কাছ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত, অথচ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসত না; আর তারা নিশ্চিতভাবে জানত যে ব্যক্তি তা ক্রয় করে পরকালে তার কোনো অংশ নেই। তা কত নিকৃষ্ট, যার বিনিময়ে তারা স্বীয় আত্মাকে বিক্রি করেছে, যদি তারা জানত! (সুরা : বাকারা, আয়াত : ১০২)

৪. জাদু দণ্ডনীয় অপরাধ : ইসলামের দৃষ্টিতে জাদু দণ্ডনীয় অপরাধ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জাদুকরের শাস্তি হলো তরবারির আঘাতে মৃত্যুদণ্ড। (সুনানে তিরমিজি, হাদিস : ১৪৬০)

ইমাম শাফেয়ি (রহ.) বলেন, জাদু যদি কুফরির পর্যায়ভুক্ত হয়, তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। আর কুফরির চেয়ে নিম্নতর হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।

(সুনানে তিরমিজি)

৫. জাদু আমল নষ্ট করে : জাদুর সঙ্গে সম্পৃক্ত আমল নিষ্ফল করে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে তার ৪০ দিনের আমল গ্রহণ করা হয় না।

(সহিহ মুসলিম, হাদিস : ২২৩০)

রাসুলুল্লাহ (সা.) নিজে জাদু দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন। দোয়ার বরকতে আল্লাহ তাঁকে জাদুর প্রভাব থেকে মুক্ত করেন। হাদিসে এসেছে, একটি কূপ থেকে একটি সুতা বের করা হয়, যাতে ১১টি গিঁট ছিল। জিবরাইল (আ.) সুরা নাস ও ফালাকের ১১টি আয়াত তিলাওয়াত করেন এবং ১১টি গিঁট খোলেন। ফলে তিনি জাদুমুক্ত হন। (সহিহ বুখারি ও নাসায়ি)

আল্লাহ সবাইকে জাদুচর্চা থেকে দূরে রাখুন এবং জাদুকরের ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।