মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-এর ওপর কোরআন নাজিল করেন এবং তাঁকে কোরআনের মর্ম প্রচার ও ব্যাখ্যার দায়িত্ব দেন। ফলে নবীজি (সা.)-এর যুগেই শুরু হয়েছিল তাফসিরশাস্ত্রের চর্চা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা করে।’ (সুরা : নাহল, আয়াত : ৪৪)
উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয়, মানুষকে কোরআনের ব্যাখ্যা শেখানো রাসুলুল্লাহ (সা.)-এর নববী দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। সাহাবায়ে কেরাম (রা.)-ও তাঁর শিক্ষা ও সান্নিধ্যে কোরআনের শ্রেষ্ঠতম ধারক, বাহক ও ব্যাখ্যাকারে পরিণত হন। প্রকৃত পক্ষে তাঁরাই কোরআন সবচেয়ে উত্তমরূপে অনুধাবন করেছিলেন এবং তার ওপর যথাযথভাবে আমল করেছিলেন।
তাফসির চর্চায় সাহাবিদের পদ্ধতি
পবিত্র কোরআন ও তাফসির শাস্ত্রের পঠন-পাঠনে সাহাবায়ে কেরাম (রা.)-এর পদ্ধতি ছিল নিম্নরূপ :
১. শেখা ও আমল করা : সাহাবিদের তাফসির চর্চার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাঁরা যখন কোনো আয়াত পাঠ করতেন, তখন তার মর্ম ও ব্যাখ্যা জানতেন এবং তাঁর ওপর আমল করতেন। অর্থাৎ উপলব্ধ অর্থ ও বিধান আমলের মাধ্যমে বাস্তবায়ন করতেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আমাদের ভেতর যখন কেউ কোরআনের ১০টি আয়াত শিখত, তখন সে তাঁর অর্থ জানা এবং তার ওপর আমল করার আগে সামনে অগ্রসর হতো না।’
(শুআবুল ঈমান, হাদিস : ১৮০১)
২. পড়ে পড়ে ব্যাখ্যা করা : রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা কোরআন পড়ে পড়ে তার ব্যাখ্যা করতেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর ব্যাপারে বর্ণিত আছে, যখন তাঁর কাছে তাঁর ভাইয়েরা একত্র হতেন। তাঁরা কোরআন খুলে তা পাঠ করতেন এবং তিনি তার ব্যাখ্যা করতেন।
(ফাদায়িলুল কোরআন, পৃষ্ঠা-১০২)
৩. প্রশ্ন করে শিক্ষা দেওয়া : সাহাবায়ে কেরাম (রা.)-এর ভেতর যাঁরা তাফসির শাস্ত্রে পারদর্শী ছিলেন, তাঁরা অন্যদের প্রশ্ন করতেন। যদি তারা সঠিক উত্তর দিত, তবে তিনি তাদের সমর্থন করতেন এবং জ্ঞানের প্রশংসা করতেন। আর ভুল করলে তিনি তাদের সংশোধন করে দিতেন। যেমন আবু বকর (রা.) জিজ্ঞাসা করেন, তোমরা আল্লাহর বাণী ‘নিশ্চয়ই যারা বলে, আল্লাহ আমাদের প্রভু, অতঃপর তাতে অবিচল থাকে’-এর ব্যাপারে কী বলো? তারা বলে, এর ব্যাখ্যা হলো ‘আল্লাহ আমাদের প্রভু, অতঃপর তারা পাপ থেকে বেঁচে থাকে।’ আবু বকর (রা.) বললেন, তোমরা আয়াতের ভুল ব্যাখ্যা গ্রহণ করেছ। এর ব্যাখ্যা হলো, ‘তারা বলে, আল্লাহ আমাদের প্রভু। অতঃপর তারা অবিচল থাকে। ফলে তারা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভ্রুক্ষেপ করে না।’
(তাফসির ইবনে কাসির : ৬/১৭৩)
৪. পারস্পরিক আলোচনা : সাহাবায়ে কেরাম (রা.) যখন একত্র হতেন পারস্পরিক আলোচনার মাধ্যমে কোরআন ও তার ব্যাখ্যা শিখতেন। ঠিক যেমনটি রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো সম্প্রদায় আল্লাহর ঘরগুলোর কোনো একটি ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং একে অপরের সঙ্গে মিলে (কোরআন) অধ্যয়নে লিপ্ত থাকে, তখন তাদের ওপর শান্তিধারা অবতীর্ণ হয়। রহমত তাদের আচ্ছন্ন করে ফেলে এবং ফেরেশতারা তাদের পরিবেষ্টন করে রাখেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯)
আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা যখন একত্রে বসে ফিকহ নিয়ে আলোচনা করতেন, তখন তাঁরা একজন কোরআনের সুরা পাঠ করার আদেশ করতেন। (তাবাকাতে ইবনে সাআদ : ২/২৮৫)
৫. প্রচলিত ভুল ব্যাখ্যা সংশোধন করে : রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা প্রচলিত ভুল ব্যাখ্যা সংশোধন করেও মানুষকে কোরআনের ব্যাখ্যা শেখাতেন। আবু বকর সিদ্দিক (রা.) ভাষণ দেন। তিনি বলেন, হে মানুষ তোমরা এই (সুরা মায়িদার ১০৫ নম্বর) আয়াত পাঠক করো এবং এর ভুল অর্থ গ্রহণ করে থাকো। আয়াতটি হলো : ‘হে মুমিনরা! তোমাদের দায়িত্ব তোমাদেরই ওপর। তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’ আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই মানুষ যখন নিজেদের ভেতর মন্দ কাজ হতে দেখে অথচ সে তা প্রতিহত করে না। আশঙ্কা আছে, আল্লাহ তাদের সবাইকে এই পাপের শাস্তি দেবেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৩৩৮)
৬. জনসমাগমের আলোচনার মাধ্যমে : সাহাবিদের অনেকে জনসমাগমের স্থানে উপস্থিত হয়ে কোরআনের তাফসির করতেন। আবু ওয়ায়েল (রহ.) বলেন, ‘আমি ও আমার এক সঙ্গী হজ করি। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-ও হজে ছিলেন। তিনি সুরা নুর পাঠ করে তা ব্যাখ্যা করেন। আমার সঙ্গী বলেন, সুবহানাল্লাহ! এই ব্যক্তির মাথা থেকে কি বের হচ্ছে? যদি তুর্কিরা এটা শুনত তবে তারা ইসলাম গ্রহণ করত।’ (ফাদায়িলুস সাহাবা, ইমাম আহমদ, হাদিস : ১৯৩৪)
৭. প্রশ্নের উত্তরে ব্যাখ্যা : সাহাবায়ে কেরাম (রা.)-এর কাছে সাধারণ মানুষ কোরআনের আয়াত বা অর্থ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার উত্তর দিতেন। যেমন আতা ইবনে রাবাহ (রহ.) বলেন, ‘আমি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মজলিসের চেয়ে উত্তম কোনো মজলিস দেখিনি। তাঁর কাছে কোরআনের শিক্ষার্থীরা এসে প্রশ্ন করত, ইলমের অধিকারীরা এসে প্রশ্ন করত, কবিতার শিক্ষার্থীরা এসে প্রশ্ন করত।’ (ফাদায়িলুস সাহাবা, ইমাম আহমদ, হাদিস : ১৯২৯)
সাহাবিদের তাফসিরের বৈশিষ্ট্য
ড. মুহসিন আবদুল হামিদ সাহাবায়ে কেরাম (রা.)-এর তাফসিরের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তা হলো—
১. বিরোধশূন্য : সাহাবিদের তাফসিরে বৈপরীত্য ও মৌলিক বিষয়ে বিরোধ পাওয়া যায় না, তবে আনুষঙ্গিক বিষয়ে তাদের অনেক মতভিন্নতা পাওয়া যায়।
২. স্বল্প বাক্য, বিস্তৃত মর্ম : সাহাবায়ে কেরাম (রা.) কোরআনের ব্যাখ্যায় দীর্ঘ আলোচনা পরিহার করতেন। এ বিষয়ে তাঁদের শব্দ-বাক্য হতো সীমিত এবং মর্ম হতো অত্যন্ত বিস্তৃত।
৩. নসনির্ভর : সাহাবিরা নস তথা কোরআন ও সুন্নাহ নির্ভর তাফসির করতেন। রাসুলুল্লাহ (সা.)-এর যুগের সঙ্গে তাঁদের যুগের বৈশিষ্ট্যগত মিল থাকায় তাঁদের ইজতিহাদের খুব বেশি প্রয়োজন হতো না। কোনো বিষয়ে কোরআন ও সুন্নাহের বক্তব্য পাওয়া না গেলে তাঁরা ইজতিহাদ করতেন।
৪. অপূর্ণাঙ্গ তাফসির : সাহাবায়ে কেরাম (রা.) প্রয়োজন ও মানুষের প্রশ্নের আলোকেই বেশি তাফসির করতেন। তাই তাঁদের যুগে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক তাফসির পাওয়া যায় না।
৫. ত্রুটিমুক্ত : সাহাবিরা স্বয়ং রাসুলুল্লাহ (সা.)-এর কাছ থেকে কোরআন শিখেছেন, তাঁরা ছিলেন নবীজি (সা.)-এর হাতে গড়া সোনার মানুষ। তাই তাঁদের তাফসির ছিল ভুলত্রুটি, বিকৃতি ও বিদআতমুক্ত। (তাতাওউরুল তাফসিরিল কোরআনিল কারিম কিরাআতান জাদিদাতান, পৃষ্ঠা-৩৮)
সাহাবিদের তাফসিরের বিধান
সাহাবায়ে কেরাম (রা.) কর্তৃক বর্ণিত তাফসিরের ব্যাপারে ফকিহ আলেমদের বক্তব্য নিম্নরূপ :
১. ইমাম বুখারি ও ইমাম মুসলিমসহ বেশির ভাগ আলেমের মত হলো, সাহাবিদের বিশুদ্ধ সনদে বর্ণিত ও তাদের থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত তাফসিরের বিধান হলো তা মুসনাদ ও মারফু হাদিসের অনুরূপ। অর্থাৎ তা গ্রহণযোগ্য ও আমলকে আবশ্যক করে।
২. যে তাফসির সাহাবিরা মুসনাদ পদ্ধতি তথা রাসুলুল্লাহ (সা.)-এর সূত্রে অথবা তাঁর থেকে মারফু পদ্ধতিতে বর্ণনা করেছেন সর্বসম্মতিক্রমে তার ওপর আমল করা ওয়াজিব এবং তা প্রত্যাখ্যান করা নাজায়েজ।
৩. তাদের থেকে যে তাফসির মাওকুফ পদ্ধতিতে বর্ণিত হয়েছে, তাতে যদি কিয়াসের (বুদ্ধিবৃত্তির) অবকাশ না থাকে তবে তা মারফু হাদিসের বিধানভুক্ত, অর্থাৎ তার ওপর আমল আবশ্যক। আর যদি তাতে কিয়াসের অবকাশ থাকে তবে তা মাওকুফ হাদিসের অন্তর্ভুক্ত, তা অনুসন্ধানের দাবি রাখে, এমন তাফসিরের ক্ষেত্রে মুজতাহিদ আলেমদের চিন্তা-ভাবনার অবকাশ আছে।
৪. সাহাবায়ে কেরাম (রা.) যে তাফসিরের ব্যাপারে একমত হয়েছেন তা অকাট্য এবং তার ওপর আমল করা আবশ্যক।
৫. কোনো আয়াতের ব্যাপারে সাহাবিদের থেকে একাধিক ভিন্ন ভিন্ন মত থাকলে, মুজতাহিদ আলেমরা যেকোনো একটির ওপর আমল করতে পারবে। কিন্তু তারা নতুন কোনো মত উদ্ভাবন করতে পারবেন না। (আল মুসতাদরাক আলাস সহিহাইন : ২/২৮৩; মাবাহিসুন ফি উলুমিল কোরআন, পৃষ্ঠা-৩৪৫; আল বোরহান ফি উলুমিল কোরআন : ২/১৮৩)
শ্রেষ্ঠত্বের কারণ
সাহাবায়ে কেরাম পবিত্র কোরআনের যে তাফসির করেছেন, তা পৃথিবীর যেকোনো তাফসিরের ওপর শ্রেষ্ঠত্বের দাবি রাখে। কেননা—
১. তাঁরা ওহি নাজিল হতে দেখেছেন এবং ওহি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে সবচেয়ে বেশি অবগত।
২. তাঁরা সরাসরি রাসুলুল্লাহ (সা.)-এর কাছ থেকে কোরআনের অর্থ ও মর্ম শিখেছেন।
৩. তাকওয়া, দ্বিনদারি ও বিশ্বস্ততার বিচারে তাঁরাই সবচেয়ে অগ্রগামী ছিলেন।
৪. কোরআনের একাধিক আয়াতে তাঁদের প্রশংসা করা হয়েছে এবং তাঁদেরকে আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টি দানের ঘোষণা দিয়েছেন।
৫. রাসুলুল্লাহ (সা.) তাঁদের খাইরিয়্যাত (উত্তম হওয়ার) সাক্ষ্য দিয়েছেন। (প্রবন্ধ : আত-তাফসির ফি আসরিস সাহাবাতি)
আল্লাহ সবাইকে সাহাবায়ে কেরাম (রা.)-এর জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা উপকৃত হওয়ার তাওফিক দিন। আমিন।