হিজরি সন মুসলিম জাতির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ইসলামের সোনালি যুগে ইসলামী রাষ্ট্রগুলোর সব কর্মকাণ্ড হিজরি সন অনুযায়ী পরিচালিত হতো। মুসলিম ঐতিহাসিকরা ইসলামী সভ্যতার ইতিহাস হিজরি সন অনুসারেই লিপিবদ্ধ করেছেন। তাই আসুন! জেনে নেওয়া যাক হিজরি সন সূচনার ইতিহাস।
ইসলামের সূচনালগ্নে মুসলমানদের নিজস্ব কোনো বর্ষপঞ্জি ছিল না। খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাসনামলে একবার আবু মুসা আশআরি (রা.) তাঁকে এই মর্মে চিঠি লেখেন যে আপনার পক্ষ থেকে খিলাফতের বিভিন্ন অঞ্চলে চিঠি পাঠানো হয়। কিন্তু এসব চিঠির ওপর কোনো তারিখ থাকে না। অথচ তারিখ লেখার উপকারিতা অনেক। এতে চিঠিগুলো সংরক্ষণ করাও সহজ হয়ে যায়। তারিখ থাকলে বোঝা যায়, আপনি কবে চিঠি লিখেছেন, কবে প্রেরণ করেছেন, কোন দিন হুকুম জারি করেছেন, কখন থেকে নির্দেশ বাস্তবায়ন করা হবে—এসব বিষয় বোঝা যায় চিঠিতে তারিখ থাকলে। উমর ইবনুল খাত্তাব (রা.)-এর কাছে আবু মুসা আশআরি (রা.)-এর যুক্তি অত্যন্ত পছন্দ হয়। তিনি সঙ্গে সঙ্গে বড় বড় সাহাবির সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেন। সাহাবিরাও আবু মুসা আশআরি (রা.)-এর কথা পছন্দ করেন। সিদ্ধান্ত হয় নিজস্ব বর্ষপঞ্জি প্রণয়নের। কিন্তু প্রশ্ন ওঠে কখন থেকে সন গণনা শুরু হবে? সাহাবিরা এ বিষয়ে চারটি পরামর্শ দেন। তা হলো—১. মহানবী (সা.)-এর জন্ম দিন থেকে, ২. নবুয়তের বছর থেকে, ৩. হিজরতের বছর থেকে, ৪. রাসুলুল্লাহ (সা.)-এর মৃত্যুর বছর থেকে।
উমর (রা.) বিষয়টি ফয়সালা করার জন্য মজলিসে শুরা (উচ্চতর পরামর্শ সভা) আহবান করেন। মজলিসে চারটি মতের পক্ষে ও বিপক্ষে একাধিক যুক্তিতর্ক পেশ করা। উমর (রা.) নিজেও বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করেন। তিনি ভেবে দেখেন, নবীজি (সা.)-এর জন্ম ও নবুয়ত লাভের সন অমীমাংসিত। তাই এই দুই বছরকে সূচনা ধরলে বর্ষপঞ্জি নিয়ে বিতর্ক থেকে যাবে। অন্যদিকে রাসুলুল্লাহ (সা.)-এর মৃত্যু সনকে সূচনা ধরা অনুচিত। কেননা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখ ও বেদনার সময়। সব দিক বিবেচনা করে তাঁর মনে হলো, হিজরতের বছরটিই ইসলামী বর্ষপঞ্জির সূচনা হওয়া উচিত। কেননা হিজরতের মাধ্যমে মুসলিম সমাজের নবযাত্রা শুরু হয়, মুসলমানরা নিরাপদ জীবন লাভ করে, মসজিদে নববী প্রতিষ্ঠা করা হয়, ইসলামের প্রচার-প্রসারের নবধারার সূচনা হয়। উমর (রা.) সাহাবিদের সামনে হিজরতের বছর থেকে সন গণনা করার যুক্তি তুলে ধরলে অন্য সাহাবিরা তা মেনে নেন।
বাহ্যত হিজরত মুসলমানের জন্য একটি হতাশাজনক বিষয় ছিল। কেননা তারা অপারগ হয়ে মাতৃভূমি ত্যাগ করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে হিজরত মুসলিম জাতিকে নবজীবন দান করেছিল। মুসলমানদের উত্থান-অগ্রগতির সূচনা হিজরতের সময় থেকেই হয়েছিল। হিজরতের পরই মুসলমানরা নিজস্ব সমাজ ও রাষ্ট্র গঠন, নিরাপদে ইসলাম পালন ও প্রচার, সামরিক ও অর্থনৈতিক শক্তিতে বলীয়ান হওয়ার সুযোগ পেয়েছিল। হিজরতের পরই নির্যাতিত-নিপীড়িত মুসলমানরা ধীরে ধীরে বিজয়ী জাতিতে উন্নীত হয়েছিল।
হিজরতের বছর থেকে সন গণনার আরেকটি উপকার হলো হিজরতের ঘটনা মুসলিম জাতিকে একই সঙ্গে ধৈর্য-সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। কেননা হিজরতের আগে মুসলমানরা মক্কায় অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিল। এমন কোনো অত্যাচার নেই যা তাদের ওপর করা হয়নি। মক্কি জীবনে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে, সামাজিকভাবে হেয় করা হয়েছে, তিন বছর সর্বাত্মক অবরোধে রাখা হয়েছে, সহায়-সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, বৈবাহিক সম্পর্ক ভেঙে দেওয়া হয়েছে; এমনকি শুধু মুসলমান হওয়ার অপরাধে জীবন দিতে হয়েছে। হিজরত শব্দটি উচ্চারণ করলে মুসলমানের অন্তরে এসব দৃশ্য ভেসে ওঠে, যা তাদের প্রতিকূল অবস্থায় ঈমানি দৃঢ়তা দান করে।
অন্যদিকে হিজরতের পর মুসলিমরা ধীরে ধীরে আর্থিক, রাজনৈতিক ও সামরিকভাবে নিজেদের সুসংহত করেছে; সমগ্র আরবে, বরং বিশ্বের প্রধান প্রধান রাজদরবারে ইসলামের বাণী পৌঁছে দিয়েছে, তারা শিরক ও জুলুমের পরিবর্তে তাওহিদ ও মানবতার সমাজ প্রতিষ্ঠা করেছে। হিজরত শব্দটি এই সাফল্যগুলোও স্মরণ করিয়ে দেয়, যা মুসলিম জাতির জন্য চির অনুপ্রেরণার উৎস।
ইসলামী সন প্রণয়নের সময় এই প্রশ্নটিও সামনে আসে যে কোন মাস থেকে বছরের সূচনা হবে। এ বিষয়েও সাহাবায়ে কেরাম (রা.) বিভিন্ন মত পেশ করেন। একদল সাহাবি বলেন, রমজান মাসকে প্রথম মাস নির্ধারণ করা হোক। কেননা এটা সবচেয়ে মর্যাদাশীল মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আরেক দল সাহাবি বলেন, মহররম মাস থেকে শুরু করা হোক। কেননা এই মাসে হাজিরা ঘরে ফেরেন। অন্য একদল সাহাবি পরামর্শ দিলেন রবিউল আউয়াল মাস থেকে শুরু করতে। কেননা এই মাসে মহানবী (সা.) হিজরত শুরু করেছিলেন। সব মতামত পর্যালোচনা করার পর উমর (রা.) মহররম মাসকে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস নির্ধারণ করেন। কারণ হলো প্রাচীনকালে আরবরা মহররম প্রথম মাস হিসেবে গণনা করে আসছে। এই হিসাবের সঙ্গে তাদের জীবন-জীবিকার নানা প্রশ্ন জড়িত ছিল। তাই বিনা প্রয়োজনে তিনি বদলে দিতে চাননি। শুধু তাই না, তিনি প্রচলিত মাসের নামগুলোও গ্রহণ করেছিলেন, যা প্রায় ২০০ বছর আগে রাসুলুল্লাহ (সা.)-এর পূর্বপুরুষ কিলাব বিন মুররাহর সময়ে নির্ধারণ করা হয়েছিল। মাসের নামগুলো হলো মহররামুল হারাম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, মুজাদাস সানি, রজব, শাবান, রমজান ও শাওয়াল।
তথ্যঋণ : দারুল উলুম দেওবন্দ ডটকম