আজ ১৬ জুন আজারবাইজানে শুরু হচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের ১৪তম প্রাইভেট সেক্টর ফোরাম। আজ ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে এই আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হবে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো—ইসলামিক করপোরেশন ফর দ্য ইনস্যুরেন্স অব ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিট (আইসিআইইসি), ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি), আইএসডিবি গ্রুপ বিজনেস ফোরামের সহযোগিতায় এই ফোরামের আয়োজন করা হয়েছে। আইএসডিবি গ্রুপের বার্ষিক সভার পার্শ্ব-আয়োজন হিসেবে অনুষ্ঠেয় এই ফোরাম আজারবাইজানের অর্থ মন্ত্রণালয় এবং দেশটির রপ্তানি ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা (AZPROMO) বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
‘টেকসই সমৃদ্ধির জন্য আঞ্চলিক সমন্বয়’ (Regional Integration for Sustainable Prosperity) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ফোরামের মূল লক্ষ্য হলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং আইএসডিবিভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারি সম্প্রসারণে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আরো সুদৃঢ় করা।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আঞ্চলিক মূল্যশৃঙ্খল (Regional Value Chains) শক্তিশালী করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ফোরামটি সদস্য দেশগুলোর নীতিনির্ধারক, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনদের জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
পিএসএফ ২০২৬-এ অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং অর্থায়ন খাতের উদীয়মান বিনিয়োগ ও ব্যাবসায়িক সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সীমান্ত অতিক্রমী বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার পাঁচ শরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও), বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা, বাণিজ্য ও শিল্প চেম্বারের নেতারা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিনিয়োগ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ফোরামের উল্লেখযোগ্য আকর্ষণ হবে আইএসডিবি গ্রুপ রিকগনিশন অ্যাওয়ার্ডস। চতুর্থবারের মতো আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ প্রসার এবং বাণিজ্য সহজীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানানো হবে।
এবারের ফোরামে আইএসডিবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন আইসিআইইসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইসিডির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খালিদ খালাফাল্লাহ, আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। তাঁরা বিভিন্ন শিল্প খাতের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ব্যাবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আইএসডিবিভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং উত্তম চর্চাগুলো তুলে ধরবেন।
সূত্র : ট্রেন্ড ডটএজেড