আয়াতের অর্থ
‘তারা বলে, একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি আর কালই আমাদেরকে ধ্বংস করে। বস্তুত এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো কেবল মনগড়া কথা বলে।...বলো, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন এবং তোমাদের মৃত্যু ঘটান। অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করবেন, যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বেশির ভাগ মানুষ তা জানে না।’
(সুরা : জাসিয়া, আয়াত : ২৪-২৬)
আয়াতগুলোতে বস্তুবাদে বিশ্বাসীদের নিন্দা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. বস্তুবাদী লোকেরাই পরকাল অস্বীকার করে। তারা দৃশ্যমান জগৎ দ্বারা সবকিছু বিচার করে। অথচ তারাও স্বীকার করে, দৃষ্টির অগোচরে অনেক কিছু আছে।
২. ‘কালই আমাদের ধ্বংস করেছে’ বাক্য দ্বারা তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যারা বলে—সময়ের আবর্তনে সবকিছু ধ্বংস হয় এবং আপন রূপে ফিরে আসে।
৩. হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ‘বনি আদম আমাকে কষ্ট দেয়। তারা কালকে গালি দেয়। অথচ আমিই কাল সৃষ্টিকারী। সর্বময় ক্ষমতা আমার হাতে। আমিই দিন-রাতের পরিবর্তন করি।’
৪. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সময়কে গালি দিয়ো না। কেননা আল্লাহই সময়ের স্রষ্টা।’
৫. কিয়ামত অস্বীকারের একটি রূপ হলো তাকে সুদূর মনে করা। কেননা কোরআনে কিয়ামতকে নিকটবর্তী বলা হয়েছে। (তাফসিরে ইবনে কাসির : ১০/১৮৬)




