রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে সাংবাদিকদের জন্য উপযুক্ত কাজ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব

রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে সাংবাদিকদের জন্য উপযুক্ত কাজ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান।
আইএসপিআর জানায়, সফরকালে তিনি দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান উভয় দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে পৃথক রাষ্ট্র হিসেবে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার আত্মপ্রকাশ ঘটে। এরপর বাংলাদেশ উভয় দেশের সঙ্গে পৃথকভাবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও কৃষিপণ্য রপ্তানি হয় আর যন্ত্রপাতি, শিল্প সরঞ্জাম ও প্রযুক্তিপণ্য আমদানি করা হয়।
উল্লেখ্য, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া উভয়ই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, শিক্ষা, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ওই দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত প্রায় এক হাজার ৯০ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প এখনো বাস্তবায়নের মুখ দেখেনি।
তোরণ, জাদুঘর, স্মৃতিস্তম্ভ ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের ঘোষণা দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছর হতে চললেও কোনো নির্মাণকাজই শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্বজন, সহযোদ্ধা, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে।
২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সেই ভিডিও চিত্র দেশে-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা। এরপর তীব্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের।
সেই ঘটনার বছরপূর্তিতে ২০২৫ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সেই স্থানটি ‘শহীদ আবু সাঈদ গেট’ নামে পরিচিতি পায়। সেখানে ‘আবু সাঈদ তোরণ ও জাদুঘর’ এবং পার্ক মোড়ে (বর্তমান শহীদ আবু সাঈদ চত্বর) ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এরপর কেটে গেছে প্রায় এক বছর। কিন্তু ভিত্তিপ্রস্তরের ফলক ছাড়া প্রকল্পের আর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে স্মৃতি সংরক্ষণে ভিত্তিপ্রস্তরের ফলকটি রয়েছে। সড়কের পাশে কাপড়ে ঢাকা স্মৃতিস্তম্ভটিও অযত্নে আর অবহেলায় পড়ে আছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আসে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থানে।
খুলনা থেকে আসা মাহিয়া মিমি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া একজন শিক্ষার্থী হিসেবে রাজপথে ছিলাম। আজ শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, দেশের জন্য, মানুষের অধিকার ও ন্যায়ের জন্য একজন তরুণও ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু কষ্ট হলো পত্রিকার খবরে দেখেছিলাম আবু সাঈদকে নিয়ে তাঁর ক্যাম্পাসে অনেক কিছুই হবে, কিন্তু এখানে এসে মন খারাপ করা ছাড়া কিছুই পাইনি।’
একই সঙ্গে থাকা মেহরাব সাব্বির মিঠু বলেন, ‘আমাদের বিশ্বাস, তাঁর (শহীদ আবু সাঈদ) নামে হওয়া তোরণ, মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী অসাধারণ সাহসিকতার মাধ্যমে জাতির ইতিহাসে অমর হয়ে উঠেছিলেন। এখানে যারা আসবে, তারা শুধু একটি স্থাপনা দেখবে না; তারা অনুভব করবে আত্মত্যাগ, দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য সংগ্রামের চেতনা। আমরা চাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হোক।’
আবু সাঈদের সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন অভিযোগ করে বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে বিভিন্ন বক্তৃতা ও অনুষ্ঠানে গুরুত্ব দিয়ে তুলে ধরা হলেও তাঁর স্মৃতি সংরক্ষণের সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়নে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি স্পষ্ট।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী কালের কণ্ঠকে বলেন, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এরই মধ্যে জমা দেওয়া হয়েছে। ইউজিসির অনুমোদনের পর এটি শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে একনেকে উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
তিনি জানান, আবু সাঈদ গেট ও জাদুঘর নির্মাণের জন্য টেন্ডারও আহবান করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

শৈশবে তিনি স্বপ্ন দেখতেন পাইলট হবেন। উড়োজাহাজ নিয়ে নীল আকাশে উড়বেন। বাবা ছিলেন বিমানবাহিনীর গোয়েন্দা শাখার কর্মকর্তা। বাবার সূত্রেই উড়োজাহাজ নিয়ে ওড়ার স্বপ্ন তাঁকে নাড়া দেয়। তবে বাস্তবে উড়োজাহাজ নিয়ে আকাশে নয়, কম্পিউটারের মাধ্যমে সুবিশাল ডিজিটাল মার্কেটে বিচরণ করছেন। আজ তিনি ৩০০ মানুষের কর্মসংস্থানের কারিগর, যাঁরা দেশের জন্য আনছেন মূল্যবান বৈদেশিক মুদ্রা।
এই তরুণের নাম মো. আসাদ আল হোসেন। ‘এনিমোশন’ নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। তাঁর এত দূর আসা মোটেও সহজ ছিল না। পদে পদে পোড়াতে হয়েছে কাঠখড়।
কম্পিউটারে হাতেখড়ি শৈশবে : অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন আসাদ। কম্পিউটারে হাতেখড়ি শৈশবে। যখন বাংলাদেশে কম্পিউটারের প্রচলন খুব কম, তখন থেকে তিনি আইবিএম ৪৪৬ ও ম্যাকিনটোশ ব্যবহার করেছেন। বাবার কাছ থেকে ডস (DOS) কোডিং এবং গ্রাফিকসের প্রাথমিক পাঠ নেন। দেশে তখন অনলাইন স্ট্রিমিংয়ে এত সহজে ভিডিও দেখার সুযোগ ছিল না। শুধু পার পে ক্লিকের মাধ্যমে সিএনএন অনলাইন স্ট্রিমিংয়ে ভিডিও দেখা যেত।
পিতাপুত্র মিলে ওই রিয়াল মিডিয়ার কোড ভাঙতে সক্ষম হলেন। ২০০৬-০৭ সালে তাঁরা বিডিটিভি (BDTV) নামের একটি পোর্টাল তৈরি করেছিলেন, যা খুব ধীরগতির (পাঁচ-ছয় কিলোবাইট স্পিডে) ইন্টারনেটেও নিউজ বুলেটিন স্ট্রিম করতে পারত।
প্রমো প্রডিউসার : ২০০৯ সালে লন্ডন স্কুল অব কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেন আসাদ। বসে যান বিয়ের পিঁড়িতে। ভাড়া বাসায় নতুন জীবন শুরু। সংসার চালাতে হন্যে হয়ে খুঁজতে থাকেন চাকরি। শুরুতে ‘মিডিয়া বক্স’ নামের একটি প্রোডাকশন হাউসে কাজ করেন। তারা মূলত ডকুমেন্টারি করত। পরে অ্যাড এজেন্সিতেও কাজ করেন। চাকরি হয়েছিল বিটিভিতে, কিন্তু বেতন কম এবং শেখার সুযোগ সীমিত বলে যাননি। তত দিনে ইন্টারনেট থেকে অনেক অ্যাডভান্স সফটওয়্যারের কাজে হাত পাকিয়ে ফেলেছেন আসাদ। অনেক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে শুনলেন, ‘তুমি যে অ্যাডভান্স লেভেলের কাজ জানো, সেই সফটওয়্যার তো আমাদের নেই!’
২০১২ সালে আসাদের পেশাগত জীবন শুরু। চ্যানেল ২৪-এ প্রমো প্রডিউসার। সেখানে তিনি আফটার ইফেক্টস ও গ্রাফিকসের মাধ্যমে চ্যানেলের ব্র্যান্ডিং ও ট্রেইলার তৈরির কাজ করতেন। দক্ষতার কারণে অল্প দিনেই বেতন দ্বিগুণ করে প্রমো বিভাগের ইনচার্জ করা হয়েছিল তাঁকে।
বার্গার ও হতাশা : আসাদের একমাত্র কন্যার বয়স তখন ছয় কি সাত মাস। একবার বেড়াতে গিয়েছিলেন ফুফাতো ভাইয়ের বাসায়। একটি টেলিকমিউনিকেশন কম্পানির বড় কর্মকর্তা ফুফাতো ভাই মেয়ের জন্য দামি বার্গারের প্যাকেট নিয়ে ফেরেন। জানালেন, প্রতিদিন কন্যার জন্য এই বার্গার আনতে হয়। একটার দাম ৩০০ টাকা, অর্থাৎ মাসে প্রায় ৯ হাজার টাকা। আসাদ ভাবলেন, বড় হলে মেয়েটাও তো খেতে চাইবে। কিন্তু এত টাকা কোথায় পাবেন?
ছাঁটাই আতঙ্ক : আসাদ ২০১৪ সালের দিকে দেখলেন, অফিসে কয়েকজন সিনিয়রের চাকরি চলে যাচ্ছে। পেশাগত জীবনের এই অনিশ্চয়তা তাঁকে অস্থির করে তোলে। শুরু হয় বিকল্প আয়ের সন্ধান। চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসার চেষ্টা করেন। পাবনা থেকে পেঁয়াজ-রসুন এনে কারওয়ান বাজারে বিক্রি করেছেন। নেটের ব্যাগ, পোশাকের ব্যবসাও করলেন, কিন্তু সিন্ডিকেটের কারসাজিতে কিছুই হয়নি।
পথ বদলে দিল এসইও : একদিন অফিসের কম্পিউটার সার্ভারে ‘ঝঊঙ’ নামের একটি ফোল্ডার পেলেন। সেখান থেকে তিন-চারটি টিউটরিয়াল দেখলেন। সিনিয়রদের কাছ থেকে এ সম্পর্কে জেনে ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহ জন্মায় আসাদের। তখন এ নিয়ে একটি টিউটরিয়াল সম্পন্ন করেন। বছরখানেক পর ভাবলেন, পেশাদার কারো কাছ থেকে শিখতে হবে, যিনি বাস্তবেই মাসে পাঁচ থেকে ১০ হাজার ডলার আয় করেন।
তালুকদার নামের একজনের সন্ধান পেলেন। ক্লাসে গিয়ে দেখলেন, তাঁরা ভিডিও এডিটিংয়ের যত কাজ দেখাচ্ছে, প্রায় সবই পারেন আসাদ। পরে স্ত্রীর সাদিয়া আফরোজের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা লোন নিয়ে ভালো মানের একটি কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিং শুরু করেন বাসার একটা রুমে।
প্রথম আয় মাত্র ২০ ডলার : অফিস থেকে এসে জবের জন্য রিকোয়েস্ট বা প্রপোজাল পাঠাতেন। দুই মাস পর প্রথম কাজ পেলেন। আপওয়ার্কে তাঁর প্রথম আয় ছিল মাত্র ২০ ডলার। পেমেন্ট এলো রাত সাড়ে ৩টায়। কী যে আনন্দ!
কিছুদিন পর ৩০০ ডলারের একটি বড় কাজ পেলেন। সেদিন ছিল মামাতো বোনের গায়েহলুদ। সেখানে না গিয়ে কাজ করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন আফটার ইফেক্টেসের কাজে হাত দেননি, ইন্টারনেটও স্লো, তাই বেশ হিমশিম খেতে হয়েছিল। তখন পাশে বসা বন্ধুর সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে শেষ অবধি নির্ধারিত সময়েই কাজ জমা দিতে পেরেছিলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ২০১৭-১৮ সালের দিকে টিম গড়তে শুরু করলেন। শুরুতে সঙ্গে ছিলেন দেলোয়ার ও জ্যাকি নামের দুই তরুণ।
পুরোদমে ফ্রিল্যান্সিং : ২০১৮ সালে চাকরি ছেড়ে পুরোদমে ফ্রিল্যান্সিংয়ে মন দিলেন আসাদ। প্রথম মাসেই আড়াই লাখ টাকা লোকসান সিপিএ মার্কেটিংয়ে। অনেকে ঠাট্টা করে বলত, ‘চাকরি ছেড়ে এখন দোকানে বসে টাইপিং করছে!’ কিন্তু তিনি দমে যাননি। তখন মিরপুরেই একটি যেনতেন অফিস নিলেন। সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে কাজ শুরু করলেন। শুরুতে কর্মী ছিল ১০ জন। ক্রমে অফিস বড় হলো। পরে ‘এনিমোশন’ নামের একটি স্টুডিও গড়ে তোলেন।
টার্নিং পয়েন্ট : করোনার সময় চারদিকে সবার আয়-রোজগারে মন্দা, তবে আসাদের তা ছিল ‘টার্নিং পয়েন্ট’। অফিস বন্ধ হয়ে যাওয়ায় সবার বাসায় কম্পিউটার পাঠিয়ে দিলেন। তখন দিনরাত খেটেছেন কম্পানির বর্তমান সিইও নূর আলম নাহিদ ওরফে লোকি। ওই সময় দুই হাতে আয় করেছেন আসাদ। ব্যবসা এতটাই ভালো হয়েছিল যে মাস দশেকের মাথায় নিজের ফ্ল্যাটের জন্য ৫০ লাখ টাকা পরিশোধ করতে সক্ষম হন। বললেন, ‘আমার স্ত্রী সাদিয়া আফরোজ, বন্ধু তুষার ও লোকি পাশে না থাকলে এত দূর আসা সম্ভব হতো না।’
কী কাজ করেন : আসাদ এবং তাঁর সহকর্মীরা মূলত আমেরিকান দর্শকদের জন্য ডকুমেন্টারি ও এডুকেশনাল কনটেন্ট তৈরি করেন। এর মধ্যে আমেরিকান বডি ক্যাম্প ফুটেজ নিয়ে কাজ অন্যতম। আমেরিকার ৫৩টি রাজ্যে প্রতিদিন যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, সেগুলোর ফুটেজের জন্য আবেদন করেন। প্রতিটি স্টেটের আইন আলাদা, তাই এটা ট্র্যাক করার জন্য একটি বিশাল টিম ও সফটওয়্যার রেডি করেছেন। কোথাও অপরাধ ঘটলে সেই ডকুমেন্ট নিয়ে ফুটেজের জন্য আবেদন করেন। আসাদ বলেন, ‘এক্সক্লুসিভ ফুটেজ টাকা দিয়ে কিনতে হয়। আমাদের মূল কাজ হলো আনকমন ও ফ্রেশ ফুটেজ খুঁজে বের করা। কারণ আমেরিকানদের এগুলো খুব পছন্দ। ফুটেজ পাওয়ার পর সেগুলোর ওপর ভিত্তি করে নিজস্ব ন্যারেটিভ বা গল্প তৈরি করি। আমাদের এখানে স্ক্রিপ্টিং হয়, ভয়েস ওভার দিয়ে এডিটিং ও এনিমেশন করা হয়। আমরা আমাদের নিজস্ব ফিলোসফি বা জার্নালিজম অ্যাঙ্গল থেকে ভিডিওগুলোকে সুন্দর করে সাজাই। এরপর সঠিক টাইটেল ও র্যাংকিং স্ট্র্যাটেজি ব্যবহার করে সেগুলো আপলোড করি। এভাবেই আমাদের অনেক চ্যানেল সফলভাবে চলছে।’
মানুষের ভালোবাসাই সম্পদ : আসাদ বললেন, ‘আগে ছিলাম গার্মেন্টস শ্রমিকের মতো, যত বেশি প্রোডাকশন তত ইনকাম। কিন্তু এখন আমার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব চ্যানেল ও পোর্টাল আছে। ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ নিজেকে আরো ডেভেলপ করা, যাতে গুগল বা ইউটিউবের এই পরিবর্তনশীল গেমের মধ্যে টিকে থাকতে পারি।’
আসাদের লক্ষ্য ছিল মেধা খাটিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজ তিনি সফল। তাঁর স্টুডিও ‘এনিমোশন’ বিশ্ববাজারে দাপটের সঙ্গে কাজ করছে। মিরপুরে তিনটি অফিসে কাজ করছে তিন শতাধিক মানুষ। যে তরুণ একদিন বার্গার কেনা নিয়ে চিন্তিত ছিলেন, আজ তিনি ৩০০ সদস্যের বিশাল পরিবারের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে মানুষের ভালোবাসাই তাঁর সম্পদ।