রোজায় দীর্ঘ সময় উপবাস থাকতে হয় বলে সাহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা অপরিশোধিত শর্করা গ্রহণ করা উচিত। এ খাদ্য ধীরগতিতে হজম হতে প্রায় আট ঘণ্টার মতো সময় লাগে। ফলে দিনের বেলায় ক্ষুধা কম অনুভূত হয়। আবার গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেড খাবার খেলে সুগার অনেক বেড়ে যায়। সিম্পল কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝি শরবত, চিনির তৈরি খাদ্য বা মিষ্টি ইত্যাদি, যা খেলে হঠাৎ ব্লাড সুগার বেড়ে যায়। ডায়াবেটিক রোগীদের জন্য এটা কিন্তু ক্ষতিকর। এটি এড়িয়ে চলার জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেড খাওয়া যেতে পারে। যেমন চিঁড়ার তৈরি খাবার, মুড়ি বা রুটি ইত্যাদি। এবার যেহেতু বেশি সময় ধরে রোজা রাখতে হচ্ছে, সেহেতু ডায়াবেটিক রোগীদের যাতে পানিশূন্যতা না হয় সে জন্য প্রচুর পানি খেতে হবে, বিশেষ করে রাতে। অপরিশোধিত শর্করাজাতীয় খাদ্যের মধ্যে রয়েছে শস্যদানা বা বীজজাতীয় খাবার, অপরিশোধিত বা নন-রিফাইন্ড আটা, ময়দা এবং ঢেঁকিছাঁটা চাল। অন্যদিকে পরিশোধিত শর্করা দ্রুত হজম হয় এবং রক্তে দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তোলে। এ ধরনের খাদ্যের মধ্যে রয়েছে রিফাইন্ড ময়দা ও চিনিজাতীয় খাবার। এসব খাবার হজমে সময় নেয় তিন থেকে চার ঘণ্টা।