অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। যা বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি রপ্তানিকারক দেশটির জন্য একটি নজিরবিহীন ঘটনা। ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্রীষ্মকালীন উচ্চ চাহিদার কারণে দেশটিতে এই ঘাটতি তৈরি হয়েছে।
রাশিয়ার অভ্যন্তরীণ পেট্রল উৎপাদন দৈনিক ১ লাখ ২০ হাজার টন (মার্চের হিসাব) থেকে কমে জুনে প্রায় ৯০ হাজার টনে নেমে এসেছে। গ্রীষ্মকালে রাশিয়ায় দৈনিক পেট্রলের চাহিদা থাকে কমপক্ষে ১ লাখ ১০ হাজার টন। ফলে বর্তমানে বাজারে প্রায় ২০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে।
আরো পড়ুন
গুপ্তচরবৃত্তির জন্য ২ জনকে আটক করেছে পোলিশ নিরাপত্তা বাহিনী
পরিস্থিতি এমন হয়েছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পেট্রলের জোগান চালু রাখতে রেশনিং ব্যবস্থা শুরু করেছে। লম্বা লাইন জমতে শুরু করেছে রাশিয়ার বিভিন্ন পেট্রল পাম্পে।
গত মঙ্গলবারই ক্রেমলিন জানিয়েছে, তারা বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলছে। সঠিক দামে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন সূত্রের ভিত্তিতে রয়টার্স জানাচ্ছে, জলপথে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া।
পেট্রোলিয়াম শিল্পের সঙ্গে জড়িত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারত থেকে অন্তত ৬০ হাজার টন পেট্রল রাশিয়ায় পাঠানো হয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, দুটি ট্যাঙ্কার পাঠানো হয়েছে রাশিয়ায়। তার প্রতিটিতে ৩০-৪০ হাজার টন পেট্রল রয়েছে।
আরো পড়ুন
ইউক্রেনকে আরো ড্রোন ক্রয়ে ৩৯০ কোটি ইউরো দিল ইইউ
প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে মোট ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা রয়েছে রাশিয়ার। তালিকায় রয়েছে রুশ-প্রতিবেশী রাষ্ট্র বেলারুশও। সেখান থেকে ইতিমধ্যে জ্বালানি আমদানি শুরু করেছে মস্কো বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রুশ নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে গত এক সপ্তাহে পেট্রলের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার অন্য বিভিন্ন অঞ্চলেও খুচরো বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে আঞ্চলিক স্তরে কিছু কড়াকড়িও চালু হয়েছে। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছে জ্বালানি বিক্রি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
আরো পড়ুন
কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু
এ অবস্থায় ভারতসহ বিভিন্ন ‘বন্ধু’ দেশের কাছ থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। তবে ভারতের কোন তেল কম্পানির কাছ থেকে রাশিয়া পেট্রল নিচ্ছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। গত রবিবার রুশ মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন পুতিন। রয়টার্স জানাচ্ছে, রাশিয়ার কিছু অঞ্চলে যে জ্বালানি সমস্যা তৈরি হয়েছে, তা ওই বৈঠকে স্বীকার করে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রশাসন পরিস্থিতি সামাল দিচ্ছে বলেও ওই বৈঠকে জানিয়েছেন তিনি।