• ই-পেপার

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

অসদাচরণের অভিযোগে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিলের আইন পাস সুইডেনে

অনলাইন ডেস্ক
অসদাচরণের অভিযোগে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিলের আইন পাস সুইডেনে
ছবি: রয়টার্স

সুইডেনের পার্লামেন্ট নতুন একটি অভিবাসন আইন পাস করেছে। সোমবার অনুমোদিত এই আইনের আওতায় অসদাচরণের অভিযোগে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিল করতে পারবে দেশটির কর্তৃপক্ষ।

যারা দেশের আইন ও নিয়মকানুন মেনে চলবে না, তাদের সুইডেনে থাকার সুযোগ দেওয়া হবে না- বলছে সরকার। নতুন আইনের মাধ্যমে অভিবাসন নীতি আরো কঠোর করার পথে বড় পদক্ষেপ নিল দেশটি। নতুন আইনে বলা হয়েছে, কোনো অভিবাসীর বিরুদ্ধে বকেয়া ঋণ পরিশোধ না করা, কর না দেওয়া, নিবন্ধন ছাড়া কাজ করা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা বা উগ্রপন্থি সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বসবাসের অনুমতি বাতিল করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আইন শুধু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে নয়, আগেই বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ অতীতের আচরণও পর্যালোচনা করে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে।

আগামী সেপ্টেম্বরে সুইডেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন ডানপন্থি সরকার এবং তাদের সমর্থক জাতীয়তাবাদী দল সুইডেন ডেমোক্র্যাটস দীর্ঘদিন ধরে অভিবাসন নীতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়ে আসছে। নতুন আইনকে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে আইনটি ঘিরে দেশটিতে বিতর্কও শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং নাগরিক অধিকারকর্মীরা এর সমালোচনা করেছেন। তাদের দাবি, আইনে কোন আচরণকে 'খারাপ আচরণ’ হিসেবে গণ্য করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে এই আইন ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। স্টকহোমভিত্তিক মানবাধিকার সংগঠন সিভিল রাইটস ডিফেন্ডার্স এক বিবৃতিতে বলেছে, এই আইন অভিবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করবে। সংগঠনটির মতে, একজন ব্যক্তি আগে থেকে বুঝতে পারবেন না যে তার কোন কাজ, বক্তব্য বা আচরণ ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। ফলে অনেকেই নিজেদের মত প্রকাশ বা স্বাভাবিক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। সিভিল রাইটস ডিফেন্ডার্স আরো বলেছে, এই আইন আইনের শাসন এবং সবার জন্য সমান আইনি সুরক্ষার নীতিকে দুর্বল করতে পারে।

২০২২ সালের নির্বাচনে অভিবাসন কমানো এবং অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বর্তমান সরকার। এরপর থেকে অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পরিবর্তন আনা হচ্ছে। সরকারের অবস্থান হলো, যারা সুইডিশ সমাজের নিয়মকানুন মানবে না বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে, তাদের দেশে থাকার সুযোগ দেওয়া উচিত নয়। 

নতুন আইনের আওতায় কারও বসবাসের অনুমতি বাতিল করা হবে কি না, তা পর্যালোচনা করবে সুইডেনের মাইগ্রেশন এজেন্সি। এই সংস্থাটিই প্রতিটি মামলা আলাদাভাবে মূল্যায়ন করবে। তবে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি মাইগ্রেশন আদালতে আপিল করার সুযোগ পাবেন।

চলতি বছরের মার্চে বিলটি পার্লামেন্টে উপস্থাপন করার সময় অভিবাসনমন্ত্রী জোহান ফোরসেল বলেছিলেন, 'যারা সঠিক কাজ করার চেষ্টা করে না, তাদের সুইডেনে থাকার আশা করা উচিত নয়।' 

ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের ছেলে মারিউস বর্গ হইবিকে দুটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার অসলো জেলা আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা আরও কয়েকটি গুরুতর অভিযোগও প্রমাণিত হয়েছে।

তবে চারটি ধর্ষণের অভিযোগের মধ্যে দুটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তিন বিচারকের বেঞ্চ এই রায় দেন। রায় ঘোষণার সময় ২৯ বছর বয়সী হইবি আদালতে উপস্থিত ছিলেন না। স্বাস্থ্যগত কারণে তিনি ভিডিও সংযোগের মাধ্যমে শুনানিতে অংশ নেন। এর আগে রাষ্ট্রপক্ষ তার জন্য সাত বছর সাত মাসের কারাদণ্ড চেয়েছিল। অন্যদিকে হইবির আইনজীবীরা সর্বোচ্চ ১৮ মাসের সাজা দাবি করেন। তারা জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। 

যদিও মারিউস হইবি নিজে রাজপরিবারের সদস্য নন, তবুও এই মামলার প্রভাব পুরো নরওয়েজিয়ান রাজপরিবারের ওপর পড়েছে। হইবির বয়স যখন চার বছর, তখন তার মা মেটে-মারিত নরওয়ের ক্রাউন প্রিন্স হাকনকে বিয়ে করেন। এরপর থেকেই তিনি রাজপরিবারের পরিবেশে বড় হন। রায় নিয়ে রাজপ্রাসাদ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং এ বিষয়ে তাদের আর কোনো বক্তব্য নেই।

এদিকে ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত বর্তমানে ফুসফুসের জটিল রোগে ভুগছেন। সম্প্রতি তাকে ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। মায়ের শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে হইবির আইনজীবীরা একাধিকবার তাকে কারাগার থেকে মুক্তির আবেদন করেছিলেন। রায় ঘোষণার পরও তার আইনজীবী পেতার সেকুলিচ আবার মুক্তির আবেদন জানান। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের মতে, অতীতে নিষেধাজ্ঞা অমান্য করে এক নারীর সঙ্গে যোগাযোগ করার নজির রয়েছে। ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে।

সোমবার আদালতের বিচারক জন স্ভেরদ্রুপ এফিয়েস্তাদ প্রথমে রায়ের সারসংক্ষেপ তুলে ধরেন। পরে তিনি ১২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। বিচারের সময় হইবি চারটি ধর্ষণের অভিযোগই অস্বীকার করেছিলেন। তবে আদালত দুটি ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে। এর একটি ঘটনা ২০১৮ সালে রাজপরিবারের স্কাউগুম এস্টেটে ঘটে। অন্যটি ২০২৪ সালে অসলোর এক নারীকে কেন্দ্র করে ঘটে। এ ছাড়া তিনি তার সাবেক প্রেমিকা ও পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব নোরা হাউকল্যান্ডের ওপর নির্যাতনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন। আরেক নারী সঙ্গীকে গুরুতর শারীরিক ক্ষতি করার ঘটনাও প্রমাণিত হয়েছে।

২০২৪ সালের আগস্টে অসলোর অভিজাত ফ্রগনার এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ফ্ল্যাটে বসবাসকারী নারীকে কেন্দ্র করেও নির্যাতন ও বেপরোয়া আচরণের কয়েকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে আরো দুটি ধর্ষণের অভিযোগ থেকে হইবি খালাস পেয়েছেন। এর একটি অভিযোগ ছিল ২০২৪ সালের নভেম্বরে অসলোর একটি হোটেলে পরিচয় হওয়া এক নারীকে ঘিরে। অন্যটি ছিল ২০২৩ সালে লোফোটেন দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর সময় পরিচয় হওয়া এক নারীকে নিয়ে।

রায়ের পর হইবির আইনজীবী পেতার সেকুলিচ বলেন, এ ধরনের মামলায় আপিল করা খুবই স্বাভাবিক বিষয়। তার সহকর্মী আইনজীবী এলেন হোলাগার আন্দেনেস বলেন, যেসব অভিযোগে খালাস দেওয়া হয়েছে, সে বিষয়ে তারা সন্তুষ্ট। তবে রায়ের অন্য কিছু অংশ নিয়ে তাদের আপত্তি রয়েছে। এরপর দুই আইনজীবী অসলোর বাইরে ইলা কারাগার ও আটক কেন্দ্রে গিয়ে হইবির সঙ্গে দেখা করেন।

এই মামলায় মোট ছয়জন নারী ভুক্তভোগী হিসেবে ছিলেন। তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মাত্র একজন। হইবিকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করার সময় ওই নারীকে কাঁদতে দেখা যায়। রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৪ সালের মার্চে অসলোতে একটি পার্টির পর ওই নারী ঘুমিয়ে ছিলেন অথবা এমন অবস্থায় ছিলেন যে তিনি প্রতিরোধ করতে পারেননি। এর আগে তাদের মধ্যে সম্মতিতে যৌন সম্পর্ক হয়েছিল। কিন্তু ওই ঘটনার সময় তার সম্মতি ছিল না।

এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল হইবির নিজের ধারণ করা ভিডিও। পুলিশ তার মোবাইল ফোনে এসব ভিডিও খুঁজে পাওয়ার পর ভুক্তভোগীরা ঘটনাগুলো সম্পর্কে জানতে পারেন। ফেব্রুয়ারিতে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এক নারী বলেন, তিনি পুরো ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। তিনি আদালতকে বলেন, 'আমি কখনোই এটা ঘটতে দিতাম না।' আদালতও একমত হয় যে ওই নারীর পক্ষে প্রতিরোধ করা সম্ভব ছিল না। বিচারকরা আরো বলেন, ২০১৮ সালের ঘটনার সময় ওই নারী ঘুমিয়ে ছিলেন। তার পক্ষে হইবির বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব ছিল না। গত বছর তিনি জানতে পারেন যে হইবি পুরো ঘটনাটি ভিডিও করেছিলেন। মামলার ষষ্ঠ নারীকে ঘিরেও কয়েকটি অপরাধে হইবিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার মধ্যে ছিল নির্যাতন ও বেপরোয়া আচরণ। ওই নারী অসলোর ফ্রগনার এলাকায় থাকতেন বলে তাকে ‘ফ্রগনার নারী’ নামে পরিচিত করা হয়। আদালত রায়ে চারজন নারীকে মোট ৬ লাখ ৪০ হাজার ক্রোনার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে নোরা হাউকল্যান্ডও রয়েছেন। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী, মামলায় তার নাম প্রকাশ করা যাবে।


এই রায় নিয়ে নরওয়েতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের মামলায় প্রমাণের মান অত্যন্ত কঠোর হওয়ায় অনেক সময় ভুক্তভোগীরা ন্যায়বিচার পান না বলে মনে করেন। অসলো বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী আনিয়া এমিলি ক্রুস যৌন সহিংসতা নিয়ে গবেষণা করেন। তিনি এই বিচারের কিছু অংশে উপস্থিত ছিলেন। তার মতে, নরওয়ের সমাজের একটি অংশের মধ্যে ব্যাপক হতাশা রয়েছে। কারণ তারা মনে করেন ধর্ষণের মামলায় আদালত অনেক সময় ন্যায়বিচার দিতে পারছে না। তিনি বলেন, প্রমাণ অনেক শক্তিশালী না হলে বিচার পাওয়া যায় না। তিনি বিবিসিকে বলেন, নারীদের করা বেশির ভাগ ধর্ষণের অভিযোগ পুলিশ নথিভুক্ত করে রেখে দেয়। 

 সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবি আদালতে বলেন, যেসব ধর্ষণের মামলা আদালত পর্যন্ত পৌঁছায়, তার প্রতি তিনটির একটি খালাসে শেষ হয়। তার মতে, এমন মামলায় অভিযোগ প্রমাণ করতে না পারা নারীরা একা নন। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে আরো অনেক নারী যেতে বাধ্য হন।

এদিকে রাজপরিবারবিষয়ক বিশ্লেষক ক্যারোলিন ভাগলে বলেন, এই মামলার কারণে রাজপরিবারের ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের স্বাস্থ্য। তার শারীরিক অবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। খ্যাতি ও জনসংযোগ বিশেষজ্ঞ পেগি সিমচিচ ব্রনের মতে, রাজপরিবার এখন একটি বড় প্রাতিষ্ঠানিক সংকটের মুখে রয়েছে। তিনি বলেন, হইবির ঘটনা যেকোনো পরিবারের জন্যই একটি ট্র্যাজেডি। রাজপরিবার এখন একদিকে আইনগত প্রক্রিয়াকে সম্মান জানাচ্ছে, অন্যদিকে এই ঘটনার কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
 

গুলি ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার টিভি তারকা

অনলাইন ডেস্ক
গুলি ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার টিভি তারকা
সংগৃহীত ছবি

এক ট্যাক্সি চালককে অপহরণ এবং তার ওপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টিভি উপস্থাপক ও র‍্যাপার মোলেমো মারোহানিয়ে, যিনি ‘জুব জুব’ নামে পরিচিত। নিজের প্রেমিকার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে মোলেমো ওই চালকের ওপর গুলি চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জোহানেসবার্গ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ইডেনভেলে শহরে এই ঘটনা ঘটে। রবিবার (১৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ওই ট্যাক্সি চালক একজন যাত্রী নামিয়ে দেওয়ার পরপরই মারোহানিয়ে তার মুখোমুখি হন এবং তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তোলেন। একপর্যায়ে মারোহানিয়ে ওই চালককে জোরপূর্বক নিজের গাড়িতে তুলে নেন এবং তার দিকে গুলি চালান।

বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আক্রান্ত চালক অক্ষত অবস্থায় গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং অবিলম্বে নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই সংগীতশিল্পীকে গ্রেপ্তার করে। তবে এই বিষয়ে মারোহানিয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বুধবার (১৭ জুন) প্রাথমিক শুনানির জন্য তাকে জার্মিস্টন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আইনের সাথে মারোহানিয়ের সংঘাতের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিক গুরুতর অপরাধে তার নাম জড়িয়েছে। ২০১২ সালে বেপরোয়া গাড়ি প্রতিযোগিতা (ড্র্যাগ-রেসিং) করার সময় চারজন স্কুলছাত্রকে চাপা দিয়ে হত্যা এবং আরো দুজনকে আহত করার দায়ে তিনি প্রথমে নরহত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত রায় পরিবর্তন করে একে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করে। ২০২৩ সালে এক প্রাক্তন প্রেমিকার দায়ের করা মামলায় ধর্ষণ, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। তবে ২০২৪ সালে জাতীয় প্রসিকিউশন কর্তৃপক্ষ (এনপিএ) পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযোগগুলো প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, মোলেমো মারোহানিয়ে বর্তমানে ‘উয়াজোলা ৯/৯’ নামক দক্ষিণ আফ্রিকার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি টিভি শো উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটির মূল বিষয়বস্তুই হলো সমাজে প্রতারক জীবনসঙ্গীদের মুখোশ উন্মোচন করা। 

ককরোস জনতা পার্টির প্রধানকে থাপ্পড়, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
ককরোস জনতা পার্টির প্রধানকে থাপ্পড়, গ্রেপ্তার ৫
সংগৃহীত ছবি

ভারতের য়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহীদ স্মারকে অনুষ্ঠিত দলের বিক্ষোভ কর্মসূচির সময় একদল যুবক তাকে প্রকাশ্যে চড় মারলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীদের সঙ্গে সিজেপি সমর্থকদের হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

দক্ষিণ বিভাগের ডিসিপি রাজর্ষি রাজ বর্মা জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন রোহিত শর্মা (২৫), রাকেশ গুর্জর (৩০), অজয় শর্মা (২৫), কুলদীপ সিং (২৭) এবং নিকেত (২৮)। তাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এই ধারায় সম্ভাব্য শাস্তিযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, বেকারত্ব এবং তরুণদের নানা দাবি তুলে ধরতে এই বিক্ষোভের আয়োজন করে সিজেপি। কর্মসূচিতে অংশ নিতে শত শত মানুষ শহীদ স্মারকে জড়ো হন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দুর্নীতি ও পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘প্রশ্নপত্র ফাঁস বন্ধ করো’ এবং ‘আমি দেশকে ভালোবাসি, দুর্নীতি মেনে নিই না’ লেখা ছিল। অনেকেই জাতীয় পতাকাও বহন করেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সমর্থকদের কাঁধে চড়ে অভিজিৎ দিপকে বিক্ষোভস্থলে প্রবেশ করছিলেন। এ সময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন যুবক তার কাছে গিয়ে একাধিকবার চড় মারেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পর দিপকের সমর্থকেরা কয়েকজন অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাদের মারধর করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন রাকেশ গুর্জরকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল, তখন তিনি নিজেকে একজন জাতীয়তাবাদী বলে দাবি করেন। একই সঙ্গে তিনি অভিজিৎ দিপকের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এরা জিহাদি মানসিকতার মানুষ।' বিক্ষোভ শেষে দিপকের সমর্থকেরা তাকে ঘিরে মানববেষ্টনী তৈরি করেন। পরে তাকে নিরাপদে একটি গাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় সমর্থকেরা ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে হামলার নিন্দা জানান। তিনি লেখেন, 'শারীরিক হামলা ভয় ও কাপুরুষতার পরিচয়। আমরা শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলতে থাকব। আমি গান্ধী ও আম্বেদকরের আদর্শে বিশ্বাসী। শান্তি ও ভালোবাসার মাধ্যমেই এই লড়াই চালিয়ে যাব।' একই পোস্টে তিনি আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, পুলিশ যদি নিজ উদ্যোগে ব্যবস্থা না নেয়, তাহলে দল আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার বিষয়টি বিবেচনা করবে। তার দাবি, হামলাকারীরা একটি জাতীয় রাজনৈতিক দলের (বিজেপি) সঙ্গে যুক্ত এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, পুরো ঘটনাটি পরিকল্পিত ছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে। রাঙ্কা বলেন, এই অত্যন্ত নিন্দনীয়। জয়পুরে এমন ঘটনা ঘটায় একজন গর্বিত রাজস্থানি হিসেবে তিনি লজ্জিত।

হামলার পরও বিক্ষোভ কর্মসূচি বন্ধ হয়নি। অংশগ্রহণকারীরা প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে সমাবেশে বক্তব্য দেন অভিজিৎ দিপকে। তিনি সমর্থকদের ধর্ম ও জাতপাতের ভিত্তিতে বিভক্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরীক্ষায় অনিয়মের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। দিপকে বলেন, এখানে হিন্দু-মুসলিম রাজনীতি কাজ করবে না। ত্যাগের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করেছেন। তাই ধর্ম বা জাতের ভিত্তিতে বিভক্ত হওয়া উচিত নয়। তিনি আরো ঘোষণা দেন, আগামী ২০ জুন দল আবার দিল্লির উদ্দেশে পদযাত্রা করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে বিক্ষোভ চলাকালে আরো কিছু ছোটখাটো গোলযোগের ঘটনাও ঘটে। এক পর্যায়ে স্লোগান দেওয়া নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে তর্ক শুরু হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এ ছাড়া অনেক অংশগ্রহণকারী তাদের মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ করেন। পরে আয়োজকেরা মঞ্চ থেকে সবাইকে নিজেদের ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। বিক্ষোভ শেষে আয়োজকেরা জানান, মোবাইল ফোন চুরির ঘটনাগুলো নিয়ে তারা পুলিশের কাছে পৃথক অভিযোগ দায়ের করবেন।