• ই-পেপার

৭ হাজার বছরের পুরনো মমির ডিএনএতে সাহারার অজানা মানবগোষ্ঠীর সন্ধান

আইভিএফ জটিলতায় যমজ সন্তানের পরিচয় ঘিরে চাঞ্চল্য দিল্লিতে

আইভিএফ জটিলতায় যমজ সন্তানের পরিচয় ঘিরে চাঞ্চল্য দিল্লিতে

অনলাইন ডেস্ক
আইভিএফ জটিলতায় যমজ সন্তানের পরিচয় ঘিরে চাঞ্চল্য দিল্লিতে
সংগৃহীত ছবি

ভারতের দিল্লিতে আইভিএফ চিকিৎসা নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। রাহুল রাঠোর (৪১) ও তার স্ত্রী মীনু (৩৯) বহুদিন ধরে আরেকটি সন্তান নেওয়ার স্বপ্ন দেখছিলেন। তাদের আগে থেকেই দুই কন্যাসন্তান ছিল। বয়স বাড়ার কারণে ২০২৪ সালের শেষ দিকে তারা ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

চলতি বছরের ৫ জানুয়ারি মীনু যমজ কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের কিছুদিন পর থেকেই দম্পতির মনে সন্দেহ তৈরি হয়। তাদের দাবি, শিশু দুটির চেহারায় বাবা-মায়ের কারও সঙ্গে কোনো মিল নেই। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় চমকপ্রদ তথ্য আসে। পরীক্ষার ফল অনুযায়ী, যমজ দুই শিশুই জৈবিকভাবে রাহুল বা মীনুর কারোই সন্তান নয়। এমনকি শিশু দুটির মধ্যেও কোনো জৈবিক সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয় রিপোর্টে।

ভুক্তভোগী দম্পতি অভিযোগ করেন, দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার এসসিআই আইভিএফ ক্লিনিকে ভ্রূণ অদলবদল হয়েছে বা গুরুতর কোনো অনিয়ম ঘটেছে। তবে হাসপাতাল এই অভিযোগ অস্বীকার করে। হাসপাতালের দাবি, দম্পতির নিজস্ব জিনগত উপাদান চিকিৎসার জন্য উপযুক্ত ছিল না। তাই তাদের সম্মতিতেই অজ্ঞাতনামা দাতার ভ্রূণ ব্যবহার করা হয়। তবে এই দাবি মানতে নারাজ রাহুল-মীনু। মীনু বলেন, যে সম্মতিপত্র দেখানো হচ্ছে, সেই সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। রাহুল বলেন, গত পাঁচ মাস ধরে তিনি সহায়ক প্রজনন প্রযুক্তি আইন নিয়ে পড়াশোনা করেছেন। সম্মতিপত্র আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হওয়ার কথা। কিন্তু সেই কাগজে নোটারিও করা হয়নি। 

দম্পতির ভাষ্য অনুযায়ী, তাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ একজন আইভিএফ বিশেষজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখান থেকেই তারা দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার এসসিআই আইভিএফ হাসপাতালের কাছে যান। ২০২৫ সালের ৯ জানুয়ারি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। তিন মাস পর, ওই বছরেরই ১৪ মে চিকিৎসক দল তাদের সুখবর দেয়। পাঁচটি সুস্থ ভ্রূণ সফলভাবে তৈরি হয়েছে। সেদিনই সেই পাঁচটির মধ্যে তিনটি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি দ্বারকার একটি হাসপাতালে মীনু যমজ কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু সন্তানের জন্মের পর থেকেই সন্দেহ তৈরি হয়। 

রাহুল পরে ডিএনএ পরীক্ষা করাতে চান, কিন্তু ক্লিনিক প্রথমে আপত্তি জানায়। পরে ২০২৬ সালের ৮ জানুয়ারি তারা দুটি ভিন্ন ডিএনএ পরীক্ষাকারী প্রতিষ্ঠানে নমুনা পাঠান।। জানুয়ারি মাসের ১০ ও ১৪ তারিখ পরীক্ষার ফল আসে। রিপোর্টে বলা হয়, শিশু দুটির জৈবিক বাবা-মা রাহুল ও মীনু কেউ নন।

১৭ জানুয়ারি দম্পতি পুলিশের কাছে যান। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় মার্চ মাসে তারা আদালতের দ্বারস্থ হন। ২৩ মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবাংশী জানমেজা বিষয়টিকে গুরুতর বলে মন্তব্য করে ক্লিনিকের চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। আদেশে বিচারক বলেন, নথিপত্রের সব তথ্য ও পরিস্থিতি একত্রে বিবেচনা করলে গুরুতর ও ভয়াবহ শাস্তিযোগ্য অপরাধের ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে শুধু জালিয়াতি বা আইভিএফের নিয়ম ভঙ্গই নয়, শিশু পাচার ও অপহরণের ষড়যন্ত্রের বিষয়ও থাকতে পারে। অভিযোগকারীদের আসল সন্তানদের অপহরণ বা পাচার করার মত সম্ভবনাও এই পর্যায়ে নাকচ করা যাচ্ছে না। তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
   
৩০ মার্চ আদালত আবারও পুলিশকে দ্রুত এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দেয় এবং সব নথি সংরক্ষণের আদেশ দেয়। এরপর হাসপাতাল রিভিউ পিটিশন দাখিল করলেও তা পরে খারিজ হয়ে যায়। ৫ জুন আদালত জানায়, হাসপাতালের নথিতে অনিয়মের ইঙ্গিত রয়েছে। তাই পুরো বিষয়টি পুলিশি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। বিচারক আরও বলেন, এই ধরনের জটিল চিকিৎসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য হাসপাতালের কাছেই থাকে। তাই তাদের নথি যাচাই ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়।

দম্পতির অভিযোগ, তারা সত্য জানার জন্য বারবার চেষ্টা করলেও কোনো সঠিক উত্তর পাচ্ছেন না। রাহুল বলেন, গত কয়েক মাস ধরে তিনি কাজেও যেতে পারিনি। তারা শুধু জানতে চান আসলে কী হয়েছে। মীনু বলেন, শিশু দুটির বয়স এখন পাঁচ মাস। তাদের কাছে সব নথি আছে, তবুও কেউ তাদের কথা শুনছে না। তারা অভিযোগ করেন, পুরো আইভিএফ খাতে লাভকে বেশি গুরুত্ব দেওয়া হয়, রোগীর অনুভূতিকে নয়।

সব বিতর্কের মধ্যেও রাহুল ও মীনু শিশু দুটিকে নিজেদের কাছেই রেখেছেন। তারা শিশু দুটির নাম দিয়েছেন চিকু ও স্ট্রবেরি। রাহুল বলেন, শিশু দুটি তার কাছে তারই মেয়ে। সত্য যাই হোক, তিনি তাদের বড় করবেন।
 
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ সব নথি, সিসিটিভি ফুটেজ এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই করছে।
 

যুক্তরাজ্যে মেটার প্ল্যাটফরম ব্যবহার করে বাড়ছে ব্যাংক জালিয়াতি

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে মেটার প্ল্যাটফরম ব্যবহার করে বাড়ছে ব্যাংক জালিয়াতি
ছবি : রয়টার্স

কভিড চলাকালীন ব্রিটেনে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি বা প্রতারণা আশঙ্কাজনক হারে বেড়েছে। মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলো ব্যবহার করে অপরাধীরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর যুক্তরাজ্যে ‘অ্যাপ জালিয়াতি’র কারণে ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ১৯ শতাংশ বেড়ে ৫৭৬.৪ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৭৭৩ মিলিয়ন ডলার) দাঁড়িয়েছে।

ইউকে ফিন্যান্সের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। এর ফলে তারা নিখুঁতভাবে মানুষকে বোকা বানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। গত বছর মেটার প্ল্যাটফরমগুলোতে লোভনীয় মুনাফার বিজ্ঞাপন দিয়ে যে বিনিয়োগ কেলেঙ্কারি করা হয়েছে, তাতেই সর্বোচ্চ ২২ কোটি ১৫ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে। এর বাইরে অনলাইন কেনাকাটা ও প্রেমঘটিত সম্পর্কের ফাঁদ পেতেও বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রতারণার বেশির ভাগই শুরু হয় অনলাইন প্রযুক্তি প্ল্যাটফরম বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। তাই শুধু ব্যাংক নয়, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও কঠোর আইনি দায়িত্ব আরোপের দাবি উঠেছে। এমনকি প্রতারণার শিকার গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও প্রযুক্তি সংস্থাগুলোকে আর্থিক অংশীদার করার দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যই বিশ্বের একমাত্র দেশ, যেখানে অ্যাপ জালিয়াতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলোকে ভুক্তভোগী গ্রাহকদের সর্বোচ্চ ৮৫,০০০ পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। গত বছর ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ৩৫৪.৩ মিলিয়ন পাউন্ড ফেরতও দিয়েছে। অভিযোগ রয়েছে, মেটা তাদের প্ল্যাটফরমে উচ্চ-ঝুঁকিপূর্ণ এবং অবৈধ পণ্যের বিজ্ঞাপন বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে। রয়টার্সের একটি পুরনো প্রতিবেদন অনুযায়ী, মেটা নিজেই অনুমান করেছিল যে তাদের আয়ের ১০ শতাংশ বা প্রায় ১৬ বিলিয়ন ডলার আসে এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে। বর্তমানে এই সার্বিক পরিস্থিতি এবং ক্ষতিপূরণের নিয়মগুলো নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা চলছে, যার ফলাফল আগামী জুলাই মাসের শুরুতে প্রকাশ করার কথা রয়েছে।

চীন সফর শুরু করলেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

অনলাইন ডেস্ক
চীন সফর শুরু করলেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
ছবি : রয়টার্স।

চীনা নেতা শি চিনপিংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সোমবার বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।  প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এটিই তার প্রথম সফর।

৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং ছিলেন সাবেক সামরিক জান্তা প্রধান। তিনি ছিলেন, ২০২১ সালের সেই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। অভ্যুত্থানের পরে মায়ানমারে গৃহযুদ্ধ শুরু হয় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পরে দেশটি। মিন অং হ্লাইং এপ্রিলের শুরুতে সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

শীর্ষ সেনা কর্মকর্তা থেকে বেসামরিক রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে তিনি ক্ষমতার ওপর নিজের নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক রূপ দিলেন। তার নেতৃত্বে হওয়া অভ্যুত্থান এক দশকের অনিশ্চিত গণতন্ত্রের অবসান ঘটায় এবং একসময় এশিয়ার সম্ভাবনাময় উদীয়মান বাজার হিসেবে পরিচিত দেশটি থেকে অনেক বিদেশি বিনিয়োগকারী সরে যেতে শুরু করেন।

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ক্যাথেড্রাল

অনলাইন ডেস্ক
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৯, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ক্যাথেড্রাল
ছবি : রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার ধারাবাহিক হামলায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় (শতবর্ষী ক্যাথেড্রাল) আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে হামলায় চারজন নিহত হয়েছেন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় সৃষ্ট আগুন নেভাতে গিয়ে পাঁচজন উদ্ধারকর্মী মারা গেছেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো বলেন, ‘আমাদের জনগণ ও আমাদের ঐতিহ্যের ওপর এক নৃশংস হামলা হয়েছে। এতে একাদশ শতাব্দীর ‘ডরমিশন ক্যাথেড্রাল’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কিয়েভ পেচেরস্ক লাভরা মঠের অন্তর্গত ঐতিহাসিক ‘ডরমিশন ক্যাথেড্রাল’টি ১১ শতকে প্রতিষ্ঠিত অর্থোডক্স খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র ও সাংস্কৃতিক নিদর্শন। 

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর দক্ষিণে অবস্থিত রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং এক বছর বয়সী শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ও গাড়িতে আগুন লেগেছে।

এ ছাড়া ইউক্রেনের রাজধানীতে ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন। সোমবার ইউক্রেনের বেশিরভাগ অংশ বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। কিয়েভে বেশ কয়েকটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং খারকিভে আরো পাঁচজন আহত হয়েছেন।

কিয়েভের পেচেরস্ক লাভরা মঠের ক্যাথেড্রালটির কথা উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক বিবৃতিতে বলেন, ‘এই নৃশংস ঘটনার দ্রুত ও উপযুক্ত বিচার নিশ্চিত করতে আমরা ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাব।’

ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, কিয়েভে রাশিয়ার হামলার জবাবে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে এবং ভূমিতে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে। এই সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ বৈঠকের আগে এই হামলাগুলো চালানো হলো, যেখানে ইউক্রেন যুদ্ধ আলোচ্যসূচির একটি অংশ।

গতকাল রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসি বলেছেন, তিনি দীর্ঘদিনের এই সংঘাতের অবসানের প্রচেষ্টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ২০২২ সালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেন।