• ই-পেপার

পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা!

এক দশক পর আবারও নেপালে ভারতীয় নোট ব্যবহারের অনুমতি, দেখে নিন নিয়মগুলো

ক্রীড়া ডেস্ক
এক দশক পর আবারও নেপালে ভারতীয় নোট ব্যবহারের অনুমতি, দেখে নিন নিয়মগুলো

ভারতীয় এবং নেপালি নাগরিকদের ২০০ ও ৫০০ রুপির ভারতীয় নোট দেশে আনতে বা দেশ থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে নেপাল সরকার। গত বৃহস্পতিবার নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি) এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে।

এর মাধ্যমে দীর্ঘ এক দশক ধরা চলা ২০০ ও ৫০০ রুপি নোটের ওপর নিষেধাজ্ঞার অবসান হলো। ২০১৬ সালে ভারতে নোট বাতিলের পর থেকে কেবল ১০০ রুপির নোট ব্যবহারের অনুমোদিত ছিল নেপালে। খবর এনডিটিভি

প্রায় এক দশক পর ভারতীয় ও নেপালি নাগরিকদের জন্য ২০০ ও ৫০০ রুপির ভারতীয় নোট নেপালে আনা-নেওয়ার অনুমতি দিয়েছে নেপাল।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, ভারতীয় এবং নেপালি নাগরিকরা প্রচলিত নিয়ম অনুযায়ী ৯ নভেম্বর, ২০১৬ বা তার পরে ইস্যু করা ২০০ এবং ৫০০ রুপির নোট জনপ্রতি সর্বোচ্চ ২৫ হাজার পর্যন্ত বহন করতে পারবেন।

গত ১১ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করা হয়। পরে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছিল। নিয়মগুলো পুনরায় মনে করিয়ে দিতে এবং কিভাবে এগুলো কার্যকর করা হবে তা পরিষ্কার করতেই নতুন করে এই বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

গত শনিবার নতুন নিয়মটি পরিষ্কার করে নেপাল রাষ্ট্র ব্যাংকের মুখপাত্র গুরু প্রসাদ পৌডেল জানিয়েছেন, নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে নেপালে ভারতীয় মুদ্রা নিয়ে আসতে পারবেন না। একইভাবে, তারা ভারত ছাড়া অন্য কোনো তৃতীয় দেশে নেপাল থেকে ভারতীয় মুদ্রা নিয়ে যেতেও পারবেন না।

তিনি বলেন, নতুন এ ব্যবস্থা নেপাল ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায় যুক্ত নেপালি নাগরিকদের জন্য সুবিধাজনক হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নেপালি নাগরিক এবং বিদেশি পর্যটকরা শুল্ক ঘোষণা ছাড়াই ৫ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা নেপালে আনতে পারবেন। তবে এর বেশি অর্থ আনলে নেপালে প্রবেশের সময় কাস্টমসকে তা জানাতে হবে।

গুরু প্রসাদ পাউডেল বলেন, ভারতীয় মুদ্রার ক্ষেত্রে ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোট হলে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ কাস্টমসে ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে এর বেশি হলে কাস্টমসে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক।

ভারত ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে। পরে নতুন নকশার ৫০০ রুপির নোট চালু করা হয় এবং ২ হাজার রুপির নতুন নোট বাজারে আনা হয়। যদিও পরবর্তীতে ২ হাজার রুপির নোটও প্রত্যাহার করা হয়েছে।

ভারতের ওই সিদ্ধান্তের পর নেপাল ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে। তখন ভারতীয় মুদ্রা বহনের সর্বোচ্চ সীমা ২৫ হাজার রুপি অপরিবর্তিত থাকলেও কার্যত ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোটই বহন করা যেত।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন ভারতীয় ও নেপালি নাগরিকরা ২০১৬ সালের ৯ নভেম্বরের পর ইস্যু করা নতুন নকশার ৫০০ রুপির নোট এবং ২০০ রুপির নোট বহন করতে পারবেন। তবে আগের মতোই সর্বোচ্চ সীমা থাকবে ২৫ হাজার রুপি।

অন্যদিকে ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু করা ৫০০ ও ১ হাজার রুপির ভারতীয় নোট নেপালে এখনও নিষিদ্ধ থাকবে। এ সিদ্ধান্তে ভারত ও নেপালের মধ্যে ভ্রমণ এবং সীমান্তবর্তী লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ, ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটিতে পর্যটকের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে হাজার হাজার নেপালি নাগরিক ভারতে বসবাস, চাকরি, পড়াশোনা ও ব্যবসা করেন।

বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি, জড়িত পুলিশ সদস্যকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি, জড়িত পুলিশ সদস্যকে বরখাস্ত
ছবি : এএনআই

ভারতের বিহারের সিওয়ান শহরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত ২৫ জুলাই আয়োজিত ছাত্র বিক্ষোভ চলাকালে একে-৪৭ দিয়ে গুলি চালায় এক পুলিশ সদস্য। ঘটনার পর জড়িত পুলিশ সদস্য অভিষেক প্যাটেলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিওয়ানের পুলিশ সুপার পুরান কুমার ঝা। 

ছাত্রছাত্রী ও অন্যদের দ্বারা স্যোশাল প্ল্যাটফর্মে আপলোড করা এবং পুলিশের দ্বারা নিশ্চিত করা ভিডিওতে দেখা যায়, গত শনিবার বিহার রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর সিওয়ানে দাঙ্গা-প্রতিরোধী পোশাকে সজ্জিত একজন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের একটি দলের দিকে দৌড়ে যাচ্ছেন। তাদের দিকে একটি একে-৪৭ তাক করছেন এবং বাতাসে অন্তত তিনটি গুলি চালাচ্ছেন। খবর দ্য প্রিন্ট

বিহার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নীলেশ কুমার বলেছেন, কেউ আহত হননি এবং গোয়েন্দা ইউনিটের একজন কনস্টেবলকে অ্যাসল্ট রাইফেলটি দেওয়া হয়েছিল। যে ইউনিটটি ‘ভয়ঙ্কর ও দুর্ধর্ষ অপরাধীদের’ নিয়ে কাজ করে।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কুমার বলেন, ওই পুলিশ একে-৪৭ ভুলভাবে ব্যবহার করেছেন। কোনোভাবেই এর কোনো যুক্তি থাকতে পারে না।’ 

তিনি এটি ভুলভাবে ব্যবহার করেছেন, কারণ তারা ছাত্র ছিল। এমনটা করার কোনো প্রয়োজন ছিল না। এ কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে যোগ করেন তিনি।

হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান

অনলাইন ডেস্ক
হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান
ছবি : রয়টার্স

ইরানের ওপর টানা ১৩ দিন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার মধ্যে চাউর হয়েছে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে, এমন খবর নাকচ করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর টানা ১৩ দিনের বিমান হামলা বন্ধ করার পর সোমবার এই প্রতিক্রিয়া ব্যক্ত করে তেহরান।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার অনুরোধ করা আমাদের ডিএনএতে নেই।’

 আলোচনার খবর অস্বীকার করলেও বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান চলছে। ইরান কূটনীতিকে পুরোপুরি বর্জন করেনি।

ইরান দাবি করেছে, সোমবার সকালে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করায় তারা ছয়টি ‘আইন লঙ্ঘনকারী’ জাহাজকে ফিরিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের খাবার উৎসবে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের খাবার উৎসবে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত বেড়ে ৩
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরে জনপ্রিয় খাবার  উৎসবে দুই বন্দুকধারীর গুলিতে নিহত বেড়ে ৩ জন। এতে এক শিশুসহ চারজন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় সিয়াটেল সেন্টারের ঐতিহ্যবাহী স্পেস নিডলের কাছে বার্ষিক ‘বাইট অব সিয়াটেল’ উৎসব চলাকালীন এই ঘটনা ঘটে। 

সিয়াটেল পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স 

হামলার খবর পাওয়ার পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য, দমকলকর্মী এবং জরুরিসেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা পুরো এলাকা খালি করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

একই সঙ্গে নগরীর কেন্দ্রের ঠিক উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক ছোট শিশু রয়েছে।

আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরের অন্যতম বড় খাবার উৎসব। আয়োজকদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে এই উৎসব শুরু হয়। প্রতিবছর তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের খাবার, পানীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেয়।

পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা! | কালের কণ্ঠ