‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে বাজিমাত সিলেট-রংপুরের। ফুটবলের বালক বিভাগে সিলেটের বিপরীতে বালিকা বিভোগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ফাইনালে দুই দল আজ জয়ের হাসি হেসেছে।
বালক বিভাগের ফাইনাল জমে উঠলেও একপেশে হয়েছে বালিকার ফাইনাল। প্রমাণ স্কোরকার্ডে। ছেলেদের ফাইনালে ১-০ গোলে ময়মনসিংহকে হারিয়েছে সিলেট। বিপরীতে রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রংপুরের মেয়েরা।
বালক বিভাগের ফাইনালে শুরু থেকেই সমানে সমান লড়াই করে সিলেট-ময়মনসিংহ। রেফারির কিক অফের বাঁশি বাজা শেষ হতেই দুই দল একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধের গোলের দেখা পায়নি।
তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিলেট। ফলও পায় হাতে নাতে। ম্যাচের ৫৮ মিনিটে উদযাপনের মাহেন্দ্রক্ষণ পায়। মাঝমাঠ থেকে নেওয়া এক চোখ ধাঁধানো দূরপাল্লার শটে ময়মনসিংহের গোলরক্ষককে পরাস্ত করেন সিলেটের আরমান খান জিসান। তার গোলই পরে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।
বালিকা বিভাগের একচ্ছত্র আধিপত্য দেখায় রংপুর। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় রংপুর। ভাগ্যের ছোঁয়া অবশ্য পায় তারা। রাজশাহীর গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি বল ক্লিয়ার করতে শট নিলে রংপুরের স্মৃতি কিসকোর পায়ে লেগে জালে জড়ায়। ২ মিনিট পর কর্নার থেকে হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন কিসকো।
দ্বিতীয়ার্ধেও জোড়া গোল পায় রংপুর। কিসকোর অ্যাসিস্টে ৩-০ করেন তন্বী। ম্যাচের ৫২ মিনিটে সুমাইয়ার মাটি কামড়ানো শটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারে রংপুর। এতে ৪-০ ব্যবধান প্রতিপক্ষকে উড়িয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে রংপুরের মেয়েরা।




