• ই-পেপার

টানা দুই আইপিএল জয়ের কৃতিত্ব কোচ ফ্লাওয়ারকে দিলেন পতিদার

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল আইসিসি

টেস্ট ক্রিকেটে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে গোলাপি বল দিয়ে খেলা হয়। 

তবে আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা আলোকস্বল্পতার কারণে ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে।

প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে আজ ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি।

টেস্ট ক্রিকেটে যেন আলোকস্বল্পতার কারণে সময় নষ্ট না হয়, এ জন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একসঙ্গে অর্থায়ন করবে। 

ক্রিকেটের নিয়মে আরো কিছু সংযোজন ও সংশোধন করেছে আইসিসি। এর মধ্যে একটি হচ্ছে পানি পানের বিরতির সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম চালুর অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমানোরও সিদ্ধান্ত হয়েছে। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর ও দ্বিতীয় ইনিংস শুরুর আগে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। নতুন নিয়মে বিরতি দেওয়া হবে ১৫ মিনিট।

টেস্টে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সেখানে খেলা না থামিয়ে ওভার শেষ করারও সিদ্ধান্ত এসেছে। 

নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সভায়। ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে ওই বছরেরই ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র‌্যাংকিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রতিনিধি পাঠানোর কথাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি বিসিবি নির্বাচন এবং বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কীভাবে সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে আহমেদাবাদের সভায়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর। 

আগামী ১ অক্টোবর থেকে ক্রিকেটের নতুন নিয়ম কার্যকর হবে। 

গাড়ি পেয়েছেন ২০২৫ ও ২০২৬ সালে, চালাতে পারবেন ২০২৯ সালে

ক্রীড়া ডেস্ক
গাড়ি পেয়েছেন ২০২৫ ও ২০২৬ সালে, চালাতে পারবেন ২০২৯ সালে
এবারের আইপিএলে টাটা সিয়েরা সিইউভি গাড়ি জিতেছেন বৈভব সূর্যবংশী। ছবি: এআই দিয়ে বানানো

একটি-দুটি নয়; পাঁচটি-পাঁচটি পুরস্কার। সেটাও মাত্র ১৫ বছর বয়সে! রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে না পারলেও বৈভব সূর্যবংশী এবারের আইপিএলে প্রায় সব আলো একাই কেড়েছেন। 

ভারতের এই বিস্ময় বালক হয়েছেন টুর্নামেন্টসেরা, করেছেন সর্বোচ্চ রান, মেরেছেন সর্বোচ্চ ছক্কা। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে তার হাতে। 

তবে যে পুরস্কার জেতার কারণে সূর্যবংশীকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, তা একটি গাড়ি। এবারের আইপিএলে রেকর্ড ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি পেয়েছেন টাটা সিয়েরা সিইউভি গাড়ি, যার দাম ২৭ লাখ টাকা। 

এত অল্প বয়সেই তিনটি গাড়ির মালিক হয়ে গেলেন সূর্যবংশী। গত বছর আইপিএলেও সুপার স্ট্রাইকারের পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন টাটা ব্র্যান্ডের গাড়ি। কার্ভ মডেলের সেই গাড়ির বর্তমান বাজারমূল্য ২৪ লাখ ৮১ হাজার টাকা। 

IPL CAR
গত বছরের আইপিএলেও গাড়ি উপহার পান সূর্যবংশী। ছবি: বিসিসিআই

শুধু কি তাই? আইপিএলের গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রাজস্থান রয়্যালসের মালিক রঞ্জিত বরঠাকুর সূর্যবংশীকে ১ কোটি ২৯ লাখ টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দেন। 

কিন্তু আগের দুটি গাড়ির চাবি সূর্যবংশী মায়ের হাতে তুলে দিয়েছেন। এবারো হয়তো তেমন কিছুই হবে। কারণ, সূর্যবংশী তিনটি গাড়ির মালিক বনে গেলেও সেগুলো নিজে চালাতে পারবেন না। 

ভারতের সড়ক পরিবহন ও মোটরযান আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ গিয়ারযুক্ত মোটরসাইকেল, বাইক, স্কুটি এবং চার চাকার গাড়ি চালাতে পারবেন না। ১৮ বছরের কম বয়সী কেউ গাড়ি বা বাইক চালালে তা গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। এতে ২৫ হাজার রুপি (৩২ হাজার টাকা) জরিমানা, এমনকি গাড়ির নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

২০২৯ সালের ১১ মার্চ সূর্যবংশীর বয়স ১৮ বছর পূর্ণ হবে। এরপরই তিনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। তাই আরো প্রায় পৌনে তিন বছর সূর্যবংশীকে চালক রাখতে হবে।  

উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, নেই সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক
উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, নেই সুয়ারেজ
লুইস সুয়ারেজ। ছবি: ফেসবুক

ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে রেখে উরুগুয়ের চুড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা কোচ মার্সেলো বিয়েলসার। তবে বাদ পড়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ঘোষিত দলে জায়গা পেয়েছেন দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা ফুটবলার।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের উগার্তে ছাড়াও প্রিমিয়ার লিগ থেকে টটেনহ্যামের মিডফিল্ডার রদ্রিগো বেন্টানকুর এবং উলভসের ডিফেন্ডার সান্টিয়াগো বুয়েনো দলে ডাক পেয়েছেন।

তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও সুয়ারেজ সম্প্রতি জানিয়েছিলেন, দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছেন। 

দলে আরো রয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ড আরাউহো এবং আন্তর্জাতিক অবসর ভেঙে ফেরা গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় স্বপ্ন দেখছে উরুগুয়ে। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ভালভার্দে, আর রক্ষণভাগের দায়িত্বে থাকবেন আরাউহো। এ ছাড়া ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেনতানকুর, জর্জিয়ান দে আররাসকায়েতা এবং ডারউইন নুনিয়েসের ওপরও ভরসা রাখছেন বিয়েলসা।

উরুগুয়ের বিশ্বকাপ দল

গোলরক্ষক : সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেত।

ডিফেন্ডার : গিয়ের্মো ভারেলা, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া ও হোয়াকিন পিকেরেস।

মিডফিল্ডার : হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান ডি আররাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস দে লা ক্রুস, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোব্বিও, রদ্রিগো সালাজার, রদ্রিগো বেনতানকুর ও ফেদেরিকো ভালভার্দে।

ফরোয়ার্ড : রদ্রিগো আগিরে, ডারউইন নুনিয়েস ও ফেদেরিকো ভিনিয়াস।

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মিলনারের অবসর ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মিলনারের অবসর ঘোষণা
অবসরের ঘোষণা দিয়েছেন মিলনার। ছবি : রয়টার্স

মুখায়ব থেকে কৈশোরের ছাপ মুছে যাওয়ার আগেই প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল জেমস মিলনারের। লিডস ইউনাইটেডের হয়ে রেকর্ড ১৬ বছর ৩৫৬ দিন বয়সে অভিষেক হওয়া মিলনার পরে তার বয়সী অনেককেই অবসর নিতে দেখেছেন। এমনকি তার চেয়ে কম বয়সী আরো অনেকে যাত্রা পথ থামিয়ে দিলেও দৌড় থামাচ্ছিলেন না তিনি।

অবশেষে থামছেন মিলনার। অভিষেকের দিন রেকর্ড গড়া মিডফিল্ডার এবার বিদায়বেলাতেও ইতিহাসের পাতায় নাম লেখালেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন তিনি। ৪০ বছর বয়সী ইংল্যান্ড মিডফিল্ডারের নামের পাশে ম্যাচ সংখ্যা ৬৫৮।

 

বিদায়ের ঘোষণা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন মিলনার। ব্রাইটনের হয়ে ক্যারিয়ারের ইতি টানা মিলনার লিখেছেন, ‘প্রিমিয়ার লিগের ২৪ মৌসুম শেষে আমি অনুভব করছি খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার এটাই উপযুক্ত সময়। ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছিল। তারা আমাকে বেড়ে উঠতে সহায়তা করেছে। তখন প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়েছিলাম। আমার ক্যারিয়ার এতটা দীর্ঘ হবে, তা কখনো কল্পনাও করিনি। গত বছর এমন অবস্থাও হয়েছিল ঠিকমতো পা তুলতে পারতাম না, সেখান থেকে ফিরে ৪০ বছর বয়সে ব্রাইটনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া দলের অংশ হতে পেরেছি।’

২০০২ সালে লিডসের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মিলনার। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন লিভারপুলের হয়ে। অলরেডদের হয়ে খেলেছেন সর্বোচ্চ ২৩০ ম্যাচ। এ ছাড়া ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, অ্যাস্টন ভিলার হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারে গোল করেছেন ৫৬টি। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৬১ ম্যাচ। সবমিলিয়ে ২৪ বছরের পথচলা থামালেন মিলনার।