পাকিস্তানে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। দুটি সফরেই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মিচেল মার্শের।
কিন্তু অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হয়ে এলো মার্শের চোট। গোড়ালিতে আঘাত পাওয়ায় পাকিস্তানে যাওয়া হচ্ছে না অধিনায়ক মার্শের। বাংলাদেশ সফরেও তার আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মার্শের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ বিষয়টি নিশ্চিত করেছে।
সিএর এক মুখপাত্র বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্শ আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে (পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী) থাকবেন। বাংলাদেশ সাদা বলের সফরে তিনি খেলতে পারবেন কি না, তা যথাসময়ে জানানো হবে।’
৩৪ বছর বয়সী মার্শের বদলি হিসেবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, কুপার কনোলিকে ডাকা হবে। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪৯১ রান) ছিলেন কনোলি।
আইপিএলে মার্শ খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। তার দল পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করলেও ব্যাট হাতে তিনি ছিলেন উজ্জ্বল (৫৬৩ রান)।
গোড়ালিতে চোট পাওয়ায় গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে লক্ষ্ণৌর ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে যান মার্শ। দেশে কিছু দিন বিশ্রাম নিয়ে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে উড়াল দেওয়ার কথা ছিল তার। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় মার্শ অস্ট্রেলিয়াতেই রয়ে গেছেন।
এদিকে আইপিএলের প্লে-অফ নিয়ে ব্যস্ত থাকায় ট্রাভিস হেডও পাকিস্তান সফরে যাচ্ছেন না। তাই বাবর-আফ্রিদিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে পারেন ম্যাথু শর্ট-ক্যামেরন গ্রিন জুটি।
৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষেই বাংলাদেশে আসবে তারা।
মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ৯ জুন। একই ভেন্যুতে শেষ দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি ১৭, ১৯ ও ২১ জুন।






