• ই-পেপার

বিশ্বকাপে নেইমারের বেদনার গল্প, ২০২৬ কি হবে মুক্তির মঞ্চ?

শিরোপা জিতিয়েও পারলেন না রোনালদো

ক্রীড়া ডেস্ক
শিরোপা জিতিয়েও পারলেন না রোনালদো

সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করলেন জোয়াও ফেলিক্স। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শুক্রবার তাকে ঘোষণা করা হয়েছে মৌসুমসেরা খেলোয়াড়। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন তারই আল নাসর সতীর্থ ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। 

একদিন আগেই আল নাসরকে সৌদি প্রো লিগ শিরোপা জিততে সাহায্য করেছিলেন ফেলিক্স ও রোনালদো। দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রোনালদোর জোড়া গোল নিশ্চিত করে শিরোপা, যেখানে আল হিলালকে দুই পয়েন্টে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় আল নাসর। সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই ছিল রোনালদোর প্রথম বড় শিরোপা। 

৪১ বছর বয়সী রোনালদো পুরো মৌসুমে করেছেন ২৮ গোল। তবে মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার শেষ পর্যন্ত গেছে জোয়াও ফেলিক্সের হাতে। কারণ গোল করার পাশাপাশি পুরো লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে ২০ গোল ও ১৩ অ্যাসিস্টে আল নাসরের আক্রমণভাগের মূল চালিকাশক্তি হয়ে উঠেছিলেন এই পর্তুগিজ তারকা। 

ফেলিক্স এই মৌসুমেই চেলসি থেকে প্রায় ৩ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আল নাসরে যোগ দেন। দুই বছরের চুক্তিতে সৌদি আরবে এসে প্রথম মৌসুমেই তিনি নিজের সামর্থ্যের পুরোটা দেখিয়েছেন।

শিরোপা জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে ফেলিক্স বলেন, ‘ফুটবল খেলতে পারলেই আমি আনন্দ পাই, বিশেষ করে নিজের স্বাভাবিক পজিশনে খেলতে পারলে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। যখন কোচের এমন বিশ্বাস পাওয়া যায়, তখন সব কিছুই সহজ হয়ে যায়।’

এদিকে সৌদি প্রো লিগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন আল নাসরের কোচ হোর্হে জেসুস। তবে পুরস্কার জয়ের পরই তিনি জানিয়ে দিয়েছেন, এটাই ছিল আল নাসরের সঙ্গে তার শেষ মৌসুম। 

হেডের ওপর কেন ক্ষেপলেন কোহলি?

ক্রীড়া ডেস্ক
হেডের ওপর কেন ক্ষেপলেন কোহলি?

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারের পর নতুন বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। ম্যাচ শেষে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করেই হেঁটে চলে যাওয়ার ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৫ রানে হারায় হায়দরাবাদ। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন দেখা যায় কোহলি প্যাট কামিন্সসহ অন্যদের সঙ্গে করমর্দন করলেও ট্রাভিস হেডকে সম্পূর্ণ এড়িয়ে যান।

ভিডিওতে দেখা যায়, হেড করমর্দনের জন্য হাত বাড়ালেও কোহলি তার দিকে না তাকিয়েই সামনে চলে যান। পরে হেডও বিষয়টি বুঝে সরে দাঁড়ান।

ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন দুজনের মধ্যে কথার লড়াই থেকেই এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি। ব্যাটিংয়ের সময় কোহলি নাকি হেডকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেছিলেন। জবাবে কোহলি আউট হওয়ার পর হেডও পাল্টা মন্তব্য করেন বলে জানা গেছে।

কোহলি অবশ্য বরাবরই আগ্রাসী মানসিকতার ক্রিকেটার হিসেবে পরিচিত। মাঠে আবেগ, স্লেজিং ও প্রতিপক্ষকে চাপে ফেলার নানা আচরণ প্রায়ই দেখা যায় তার মধ্যে। তবে ম্যাচ শেষে হ্যান্ডশেক না করার ঘটনাটি অনেকের কাছেই ভালোভাবে নেওয়া হয়নি।

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, মাঠে উত্তেজনা থাকতেই পারে, কিন্তু ম্যাচ শেষে এমন আচরণ ঠিক হয়নি।

ফুটবলকে বিদায় বলছেন ২১ শতকের জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক তারকা

ক্রীড়া ডেস্ক
ফুটবলকে বিদায় বলছেন ২১ শতকের জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক তারকা
বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি। ছবি : সংগৃহীত

এক যুগের অবসান ঘটিয়ে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লুকাস পোডলস্কি। ২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা আগামীকাল নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন।

২১ শতকের অন্যতম জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক ফুটবলার হিসেবে পরিচিত পোডলস্কি দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ইউরোপের বড় বড় ক্লাবে। বায়ার্ন নিউমিখ, আর্সেনাল, ইন্টার মিলান ও গ্যালাতাসারাইয়ের মতো জায়ান্ট ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি।

তবে ফুটবল থেকে পুরোপুরি দূরে যাচ্ছেন না এই কিংবদন্তি ফরোয়ার্ড। বরং নতুন এক ভূমিকায় শুরু করতে যাচ্ছেন জীবনের আরেক অধ্যায়। নিজের শৈশবের ক্লাব গোর্নিক জাব্জের পূর্ণ মালিকানা নিয়েছেন পোডলস্কি। সাম্প্রতিক বছরগুলোতে এই ক্লাবেই খেলছিলেন তিনি।

 

জার্মান জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ের স্মৃতি ছাড়াও অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রেখেছেন পোডলস্কি। শক্তিশালী শট, দুর্দান্ত বাম পা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি।

ফের বাবা হলেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক
ফের বাবা হলেন আশরাফুল
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন সুখবর। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের এই সাবেক তারকা ক্রিকেটার। দ্বিতীয়বারের মতো আশরাফুল-আনিকা দম্পতির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন আশরাফুল নিজেই। তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা তাদের পরিবারে আরো একটি পুত্রসন্তান দান করেছেন।

ফেসবুক পোস্টে আশরাফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! 
আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।

আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সব সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

আপনাদের সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
(সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।)’

আশরাফুলের এই সুখবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। ভক্ত-সমর্থকরাও নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া করছেন।