বিশ্বকাপের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। অথচ তার আগেই ইংল্যান্ড দলে জায়গা না পাওয়া তারকাদের নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আজ শুক্রবার থমাস টুখেল তার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন, আর তার আগেই একের পর এক বড় নাম বাদ পড়ার খবর ইংলিশ ফুটবলে তৈরি করেছে চাঞ্চল্য।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় ধাক্কা এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ঘিরে। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, সিদ্ধান্তে তিনি ‘স্তম্ভিত ও ভীষণ ভেঙে পড়েছেন’। পুরো মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়াটা তিনি মেনে নিতে পারছেন না।
শুধু ম্যাগুয়ারই নন, বাদ পড়তে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, চেলসির কোল পামার এবং রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডও। ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান এই ফুটবলারদের বাইরে রাখা টুখেলের বড় সাহসী সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। তবে দারুণ পারফরম্যান্সে ইতোমধ্যে জায়গা পাকা করে রেখেছেন হ্যারি কেইন।
ফোডেন ও পামার দুজনই ক্লাব পর্যায়ে প্রত্যাশামতো ধারাবাহিকতা দেখাতে পারেননি। ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন পুরো মৌসুমে খুব কম ম্যাচে শুরুর একাদশে ছিলেন। অন্যদিকে চেলসির কোল পামারের মৌসুম কেটেছে চোট ও ফর্মহীনতার সঙ্গে লড়াই করে। ফলে টুখেল শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও বর্তমান ফর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ইউরোপা লিগ জয়ের পর অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্সের বিশ্বকাপ দলে জায়গা প্রায় নিশ্চিত। সৌদি আরবের ক্লাব আল-আহলির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো আইভান টোনিকেও দেখা যেতে পারে টুখেলের স্কোয়াডে। এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করে দারুণ ফর্মে আছেন ইংলিশ এই ফরোয়ার্ড।
তবে অবাক করা বিষয় হলো, নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট বাদ পড়তে পারেন, যদিও তিনি এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করা ইংলিশ ফুটবলারদের একজন। তার সঙ্গে জায়গা হারানোর শঙ্কায় আছেন ডমিনিক ক্যালভার্ট-লুইনও।
রক্ষণভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। লুক শ, ফিকায়ো তোমোরি এবং লেভি কোলউইল স্কোয়াডে জায়গা পাচ্ছেন না বলেই জানা গেছে। পরিবর্তে নিউক্যাসলের ড্যান বার্ন ও ম্যানচেস্টার সিটির তরুণ নিকো ও’রেইলিকে ডাকতে পারেন টুখেল।
টটেনহ্যামের ডিজেড স্পেন্সও চমক হিসেবে স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন। যদিও সম্প্রতি চেলসির বিপক্ষে ম্যাচে তার চোয়াল ভেঙেছে, তবুও বিশেষ মাস্ক পরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে জন স্টোনসের ইনজুরিতে ভরা মৌসুম সত্ত্বেও টুখেল তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখছেন। ফলে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন।
মিডফিল্ডে কোবি মাইনু নিজের জায়গা ধরে রাখতে যাচ্ছেন। ব্রেন্টফোর্ডের জর্ডান হেন্ডারসনও টুখেলের আস্থার তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
বিশ্বকাপ শুরুর আগে আগামী ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।




