• ই-পেপার

আন্ত কলেজ ফুটবল

বৃন্দাবন সরকারি কলেজকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ময়মনসিংহ মহাবিদ্যালয়

ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপা খরা ঘোচাতে চান কেইন

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপা খরা ঘোচাতে চান কেইন
ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের জাতীয় দলকে দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী দল হিসেবে মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার হ্যারি কেইন। ৬০ বছরের শিরোপার খরার অবসান ঘটাতে তারা অন্যতম প্রধান দাবিদার হিসেবেই খেলতে নামছেন বলেও জানান তিনি।

বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে দারুণ সময় কাটিয়েছেন হ্যারি কেইন। তার অভিজ্ঞতা এবং উদীয়মান প্রতিভার মিশ্রণ টুর্নামেন্টে নামার আগে তাদের সত্যিকারের আত্মবিশ্বাস জোগাচ্ছে। কেইন বিশ্বাস করেন, ইংল্যান্ডের সর্বকালের সেরা স্কোয়াড এবং এক বিশেষ দলীয় চেতনা তাদের বিশ্বকাপের গৌরব এনে দিতে পারে এবং শিরোপার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে।

কেইন বলেন, আমার মনে হয়, আমাদের স্কোয়াডটি এখন পর্যন্ত সেরা। তিনি উল্লেখ করেন, আমার মনে হয়, আপনি যদি প্রথম একাদশ এবং বেঞ্চ থেকে নামা খেলোয়াড়দের দিকে তাকান, তবে দেখবেন আমরা অন্যতম ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে নামছি। বিশ্বকাপে খেলার মধ্যে সবসময়ই একটা বিশেষত্ব থাকে।

এই ফরোয়ার্ড তারকা বলেন, ভেতরে একটা বিশেষ অনুভূতি হয়, বিশেষ করে যখন আপনি জেতেন। আমরা জানি বিশ্বকাপ জয় কতটা গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য নয়, সমর্থকদের এবং পুরো দেশের জন্যও। এটাই আমাদের মাঠে চালিত করে এবং আশা করি আমরা দেশের হয়ে শিরোপাটি ঘরে আনতে পারব।

কেইন আরো বলেন, তিনি তার সেরা ফর্মে আছেন এবং মূলত ম্যাচ জেতাই তাকে চালিত করে। ব্যক্তিগত রেকর্ডগুলো কেবল তখনই অর্থবহ হয় যখন সেগুলো দলকে সফল হতে সাহায্য করে। 

তিনি বলেন, ‘যখন আমি আমার প্রথম গোল্ডেন বুট (২০১৮ বিশ্বকাপ) জিতেছিলাম, তখন আমি বেশ তরুণ ছিলাম। আমি নিজেকে এখন অনেক বেশি পরিপূর্ণ একজন ফুটবলার মনে করি। আর সত্যি বলতে, আমার মনে হয় আমি এই মুহূর্তে আমার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছি।’ 

উল্লেখ্য, ১৯৬৬ সালের বিশ্বকাপ জয় এখন পর্যন্ত ইংল্যান্ড ফুটবল দলের একমাত্র শিরোপা জয়। 

রিয়াল মাদ্রিদে বার্সা তারকাকে চান মরিনহো

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে বার্সা তারকাকে চান মরিনহো
সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে নতুন যুগ শুরুর আগেই বড় পরিকল্পনা সাজাতে শুরু করেছেন জোসে মরিনহো। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে ঘোষণা আসেনি, তবু দলবদলের পরিকল্পনায় ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছেন এই পর্তুগিজ কোচ।

এর আগে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে দলে টানার আগ্রহ দেখিয়েছেন মরিনহো। স্প্যানিশ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার তার নজর পড়েছে সাবেক শিষ্য মার্কাস রাশফোর্ডর ওপরও।

ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে কাজ করার সময় থেকেই রাশফোর্ডকে বেশ পছন্দ করেন মরিনহো। সেই কারণেই আগামী মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে দেখতে চান বলে জানা গেছে।

বর্তমানে বার্সেলেনায় ধারে খেলছেন রাশফোর্ড। তবে বার্সেলোনা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে সুযোগ নিতে পারে রিয়াল।

যদিও এখনো রাশফোর্ডের বার্সেলোনাতেই থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কোচ হান্সি ফ্লিক নাকি ইতোমধ্যে স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে জানিয়েছেন, আগামী মৌসুমেও ইংলিশ এই ফরোয়ার্ডকে দলে চান তিনি।

তবু শেষ পর্যন্ত রাশফোর্ড যদি রিয়াল মাদ্রিদে যোগ দেন, সেটি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় চমক। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের বিকল্প হিসেবে তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।

মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস

ক্রীড়া ডেস্ক
মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস
সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষনের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাতীয় ক্রিকেটদলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।

কন্যাসন্তানের বাবা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে লিটন দাস লেখেন, ‘একজন কন্যাসন্তানের বাবা হিসেবে এই খবরটি অত্যন্ত কষ্টের এবং হৃদয়বিদারক। কোনো সমাজেই এটি মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয়হীনভাবে বড় হতে পারবে।’

তিনি আরো বলেন, ‘যেকোনো অন্যায়েরই সঠিক বিচার হওয়া উচিত এবং রামিসার ক্ষেত্রে বিচার কোনো বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে।’ সবাইকে একসঙ্গে রামিসার জন্য বিচার দাবি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ধরনের অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আর কখনো এমন কোনো ট্র্যাজেডি দেখতে চাই না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়।

রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতো দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটে নক করেন। ভেতর থেকে দরজা না খোলায় সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় রিকশা মেকানিক এবং দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠে।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে আটক করেছে। 

ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, এবার কি আইপিএলে দেখা যাবে?

ক্রীড়া ডেস্ক
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, এবার কি আইপিএলে দেখা যাবে?
সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ছবি : আইসিসি

অবশেষে ব্রিটিশ পাসপোর্ট হাতে পেয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আনুষ্ঠানিকভাবে এখন তিনি ব্রিটিশ নাগরিক। আর এতেই নতুন করে আলোচনায় এসেছে একটি বড় প্রশ্ন—তাহলে কি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাঁর?

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ফলে এখন থেকে তিনি বিদেশি ব্রিটিশ খেলোয়াড় হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন। আর তাতেই ২০২৬ আইপিএলে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।

আমির আগেই জানিয়েছিলেন, তার স্ত্রী নারজিস খানের মাধ্যমে যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

একটি টক শোতে আমির নিজেই বলেছিলেন, ‘আগামী বছর আমি আইপিএলে খেলার সুযোগ পাব। সুযোগ পেলে অবশ্যই খেলতে চাই।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক ও সোহেল তানভিরদের মতো পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে সুযোগ পাননি।

তবে এর আগে ব্যতিক্রম হয়েছিলেন আজহার মাহমুদ। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনি পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।

৩৪ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন। নতুন বলে সুইং আর চাপের মুহূর্তে বোলিং করার দক্ষতার কারণে এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি বেশ চাহিদাসম্পন্ন বোলার।