বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের তালিকা করলে উপরের দিকেই থাকবে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই হার। ২০২২ কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদিদের অবিশ্বাস্য সেই জয়।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। প্রথমার্ধে আরো তিনবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।
সবকিছু দেখে মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর বদলে যায় পুরো ম্যাচের গল্প।
৪৮তম মিনিটে সমতা ফেরান সালেহ আল শেহরি। এরপর মাত্র পাঁচ মিনিট পর দারুণ একক নৈপুণ্যে গোল করে সৌদিকে এগিয়ে দেন সালেম আল দোসারি। তার সেই বাঁকানো শট আজও বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবে আলোচিত।
পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে ১৫টি শট নেয় মেসির দল, যার ছয়টি ছিল লক্ষ্যভেদী। কিন্তু সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস ছিলেন দুর্ভেদ্য। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে এনে দেন ঐতিহাসিক জয়।
সেই হারেই থেমে যায় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা। তবে ওই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেসির দল। পরে মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সকে হারিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন মেসিরা।
অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও আর্জেন্টিনার বিপক্ষে সেই জয় আজও সৌদি আরবের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলোর একটি হয়ে আছে।




