• ই-পেপার

বিশ্বকাপের আগে গোল-অ্যাসিস্টে জ্বলে উঠলেন মেসি

লিটন আউট, দুই ইনিংসে আর হলো না সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
লিটন আউট, দুই ইনিংসে আর হলো না সেঞ্চুরি
৬৯ রানের ইনিংস খেলেন লিটন দাস। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

সিলেট টেস্টে আরেকটি দারুণ ইনিংস খেলেও সেঞ্চুরির দেখা পেলেন না লিটন দাস। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে আউট হয়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের স্কোর যখন ৫ উইকেটে ২৩৯, তখনই থামে লিটনের ইনিংস। হাসান আলীর করা ৬২তম ওভারের চতুর্থ বলে সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন তিনি। ৯২ বলে ৫ চার মেরে ৬৯ রান করেন লিটন।

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। তখনো ৫২ রানে থাকতে তার ক্যাচ ফেলেছিল পাকিস্তান। পরে সেই সুযোগ কাজে লাগিয়ে ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন লিটন।

আজও ভাগ্য সহায় ছিল তার। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে থাকতে বোলার সাজিদ খান তার সহজ ক্যাচ নিতে পারেননি। তখন অনেকেই ভাবছিলেন, হয়তো আবারও সেঞ্চুরির দিকে এগোচ্ছেন লিটন।

এর আগে দ্বিতীয় সেশনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূর্ণ করেন তিনি। খুররম শেহজাদের বলে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে চার মেরে ৬৭ বলে ফিফটি স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট ফিফটি। তিনি এখনো অপরাজিত আছেন ৫৩ রানে।

লিটন আউট হলেও ম্যাচে এখনো শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৮৫ রান।

মেসিদের সেদিন কাঁদিয়েছিল সৌদি আরব

ক্রীড়া ডেস্ক
মেসিদের সেদিন কাঁদিয়েছিল সৌদি আরব
ফাইল ছবি

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের তালিকা করলে উপরের দিকেই থাকবে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই হার। ২০২২ কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদিদের অবিশ্বাস্য সেই জয়।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। প্রথমার্ধে আরো তিনবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।

সবকিছু দেখে মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর বদলে যায় পুরো ম্যাচের গল্প।

৪৮তম মিনিটে সমতা ফেরান সালেহ আল শেহরি। এরপর মাত্র পাঁচ মিনিট পর দারুণ একক নৈপুণ্যে গোল করে সৌদিকে এগিয়ে দেন সালেম আল দোসারি। তার সেই বাঁকানো শট আজও বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবে আলোচিত।

পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে ১৫টি শট নেয় মেসির দল, যার ছয়টি ছিল লক্ষ্যভেদী। কিন্তু সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস ছিলেন দুর্ভেদ্য। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে এনে দেন ঐতিহাসিক জয়।

সেই হারেই থেমে যায় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা। তবে ওই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেসির দল। পরে মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সকে হারিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন মেসিরা।

অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও আর্জেন্টিনার বিপক্ষে সেই জয় আজও সৌদি আরবের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলোর একটি হয়ে আছে।

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

সিলেট টেস্টে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪৯ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এখন বাংলাদেশের মোট লিড ২৪৯ রান।

সকালের শুরুতেই অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। ৩১তম ওভারে খুররম শাহজাদের বলে এলবিডব্লু হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৬ বলে ১৫ রান করেন তিনি।

এরপর উইকেটে এসে দারুণভাবে ইনিংস সামলান লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েছেন ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি।

মধ্যাহ্নভোজ পর্যন্ত লিটন ৪৯ এবং মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন। তাদের ব্যাটেই বড় লক্ষ্য দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

দল ঘোষণার কয়েক ঘণ্টা আগে চোটে নেইমার

ক্রীড়া ডেস্ক
দল ঘোষণার কয়েক ঘণ্টা আগে চোটে নেইমার
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দুইটায় ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই দল ঘোষণার আগে নেইমারের নতুন চোটের খবর উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের মধ্যে।

গত রাতে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। নিজেকে ফিট প্রমাণের শেষ সুযোগ হিসেবেই দেখা হচ্ছিল ম্যাচটিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই সাইডলাইনে গিয়ে কাফে স্প্রে নিতে দেখা যায় তাকে। এরপরই নতুন করে চোটের শঙ্কা ছড়িয়ে পড়ে।

ম্যাচ চলাকালীন কিছু সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয়েছিল নেইমারকে। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, পায়ে আঘাত পাওয়ায় আগামী বুধবার সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে তার খেলা অনিশ্চিত।

কুকা বলেন, ‘ও যে আঘাত পেয়েছে, সেটা পেশিতে নয়। তাই বুধবারের ম্যাচে ওকে পাওয়া কঠিনই মনে হচ্ছে। তবে এটা বড় কিছু নয়। চার-পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় দলে ডাক পাওয়া বা না পাওয়া আমাদের ভাবনায় প্রভাব ফেলছে না, আমরা এখন নিজেদের নিয়েই ভাবছি।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে তার গোল ৭৯টি। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি।

এখন দেখার বিষয়, শারীরিক এই অনিশ্চয়তার মধ্যেও আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা পান কিনা নেইমার।