পাকিস্তানের দুই বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমিরকে নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে তুলনা নতুন নয়। এবার সেই বিতর্কে নিজের মত জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শহীদ আফ্রিদির মতে, আমিরের চেয়ে বড় ম্যাচ উইনার শাহীন আফ্রিদি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাহীন আফ্রিদি মোহাম্মদ আমিরের চেয়ে বড় ম্যাচ উইনার।’
দুই পেসারই পাকিস্তানের হয়ে অসংখ্য ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। নতুন বলে ধারাবাহিক সাফল্যের কারণে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন শাহীন। ইনিংসের শুরুতেই উইকেট তুলে নেওয়ার দক্ষতায় বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয় তাকে।
অন্যদিকে মোহাম্মদ আমিরও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো কার্যকর বোলার হিসেবে পরিচিত। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।
তবে শাহিদ আফ্রিদির মতে, ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্যে শাহিন এগিয়ে। তবে শাহিদ আফ্রিদির মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকের কাছেই এই মন্তব্য খুব একটা বিস্ময়ের নয়। কারণ শাহিন আফ্রিদি সম্পর্কে শাহিদ আফ্রিদির ব্যক্তিগত সম্পর্কও রয়েছে—শাহিন তার জামাতা।
সম্প্রতি দুজনই খেলেছেন পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন শাহীন। অন্যদিকে রাওয়ালপিন্ডির হয়ে ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেন আমির।
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও পাকিস্তান দলে আছেন শাহীন। তবে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলছেন না তিনি।




