অপরাধীদের ধরতে পুলিশকে অনেক সময় ফাঁদ পাততে বা কৌশল অবলম্বন করতে দেখা যায়। এবার মাদক কারবারিকে ধরতে অভিনব এক অভিযান চালাল পুলিশ।
ফিফা বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পুলিশ। অপরাধীকে ধরতে পুলিশ সদস্যরা বিশ্বকাপের অফিশিয়াল মাসকটের ছদ্মবেশ ধারণ করেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
পুলিশের এই অভিনব কৌশল আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর রাজধানী লিমার একটি এলাকায় সম্প্রতি এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা ২০২৬ বিশ্বকাপের দুটি অফিশিয়াল মাসকটের পোশাক পরেছিলেন। একজন সেজেছিলেন কানাডার প্রতিনিধিত্বকারী মাসকট ম্যাপল এবং অন্যজন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্লাচ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেরুর পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ওই মাদক কারবারি ফুটবলের বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহী। সেই সুযোগ কাজে লাগিয়ে কর্মকর্তারা মাসকট সেজে তার বাড়ির কাছে পৌঁছান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
আটক হওয়া মাদক কারবারির নাম কার্লোস কাবরেরা; বয়স ৪৮ বছর।
পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানান, অভিযানের সময় কার্লোস কাবরেরা বাড়িতে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছিলেন। অভিযানে তার কাছ থেকে ২৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
অবশ্য এ ধরনের অভিনব কৌশল পেরুর পুলিশের জন্য নতুন নয়। এর আগে তারা দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের ছদ্মবেশে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করেছে।
বিশ্বকাপের মাসকট সেজে পরিচালিত সর্বশেষ এই অভিযানকে পেরুর পুলিশের অন্যতম সৃজনশীল দক্ষতা হিসাবে দেখা হচ্ছে। বিশ্বকাপ জ্বরে যখন পুরো বিশ্ব মেতে আছে, তখন সেই উন্মাদনাকেই কাজে লাগিয়ে সফলভাবে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করল দেশটির পুলিশ।




