ফরিদপুরের মধুখালীতে ওষুধ কম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিক্রয় প্রতিনিধির নাম রবিউল আউয়াল আলফাদ। তিনি একমি ওষুধ কম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার প্রতিনিধি।
জানা গেছে, শনিবার একমি ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে বকেয়া টাকা সংগ্রহ করেন। সন্ধ্যার পর নওপাড়া বাজার থেকে প্রায় ৩ লাখ টাকা নিয়ে বাগাট বাজারের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকার নির্জন স্থানে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে এবং তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রবিউল আউয়াল আলফাদ বলেন, সারাদিন বিভিন্ন বাজার থেকে টাকা সংগ্রহ করেছি। নওপাড়া বাজার থেকে বাগাট বাজারে যাওয়ার পথে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা আমাকে কুপিয়ে আহত করে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি মধুখালী থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান।
মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা তদন্ত কার্যক্রম শুরু করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।




