বিরতির সময় শেষ হয়ে আরও প্রায় দেড় ঘণ্টার বেশি পেরিয়ে যাওয়ার পর অবশেষে ম্যাচ ফ্রান্স-ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে যাচ্ছে। বৃষ্টি কিছুটা কমে আসায় এবং বজ্রপাতের আশঙ্কা না থাকায় আবার শুরু হচ্ছে ম্যাচটি। ম্যাচ শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় ভোর ৫ টা ৫০ মিনিট।
এর আগে ম্যাচ স্থগিত থাকে প্রকৃতির বাধায়। ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ম্যাচ শুরু হওয়া নিয়ে সংবাদমাধ্যমকে ফিফার এক মুখপাত্র জানিয়েছিলেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’
অন্যদিকে স্টেডিয়াম মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, ‘এই মুহূর্তে এলাকাজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করছে। তাই ম্যাচ এখনো স্থগিত রয়েছে।’
সঙ্গে ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড়স্ক্রিনে বার্তা দেওয়া হয়েছিল, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হবে। দর্শকদের নিরাপদ আশ্রয় নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
নিয়ম হচ্ছে, স্টেডিয়ামের ৮-১০ মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ স্থগিত থাকবে। নতুন করে খেলা শুরু করার জন্য ৩০ মিনিটের মধ্যে কোনো বজ্রপাত না হওয়ার শর্ত থাকতে হবে। আর এ সময়ের মধ্যে যদি আবারও বজ্রপাত হয়, তবে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার পর খেলা শুরু করা হবে।
এর আগে কিলিয়ান এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।




