• ই-পেপার

মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ট্রফির প্রয়োজন নেই : আর্জেন্টিনা কোচ

মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্বকাপ ২০২৬-এ নিজের প্রথম গোলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল স্পেন। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর জোড়া গোল করেন মিকেল ওয়ারাজাবাল। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন, শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-০ গোলে।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠেন ইয়ামাল। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন। এর ফলে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে প্রথম বিশ্বকাপ গোল করা মেসি নেমে গেছেন নবম স্থানে।

এ ছাড়া ইয়ামাল আরেকটি বিরল কীর্তিও গড়েছেন। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচের উদ্বোধনী গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এমন কীর্তি গড়েছিলেন।

অস্ট্রিয়ার বিপক্ষে

আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবারের (২২ জুন) এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন মেসি। সেই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পর অস্ট্রিয়ার বিপক্ষেও আক্রমণের মূল ভরসা থাকছেন তিনি।

তবে একাদশে একটি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্ডার গনসালো মন্টিয়েলকে না পাওয়ায় তার জায়গায় শুরু থেকে খেলতে পারেন নাহুয়েল মোলিনা।

ইএসপিএন স্পোর্টসসেন্টারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে—

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। একই সঙ্গে মেসির সামনে থাকছে নতুন ইতিহাস গড়ার সুযোগও। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করলেই তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের
সংগৃহীত ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে তাদের ১২ পয়েন্ট কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দ্য ওভালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ২৫৩ রানের বড় জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে আইসিসির পর্যালোচনায় দেখা যায়, নির্ধারিত সময়ের তুলনায় ১২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। এর ফলেই শাস্তির মুখে পড়তে হয়েছে স্বাগতিকদের।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জো রুট অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পয়েন্ট কর্তনের পাশাপাশি ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

১২ পয়েন্ট হারানোর ফলে ডব্লিউটিসি টেবিলে ইংল্যান্ডের অবস্থান সপ্তমেই থাকলেও তাদের পয়েন্ট শতাংশ ৩৪.৭২ থেকে নেমে হয়েছে ২৬.৩৮। এতে আগামী বছরের ডব্লিউটিসি ফাইনালে ওঠার পথ আরো কঠিন হয়ে পড়েছে ইংলিশদের জন্য।

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল আগামী বছর লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। লন্ডনের একটি নাইটক্লাবে কারফিউ ভঙ্গের ঘটনায় স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ ছিলেন। নটিংহ্যামে অনুষ্ঠেয় শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ডব্লিউটিসি লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার চ্যালেঞ্জ থাকবে ইংল্যান্ডের সামনে।

রোনালদোকে পাস দিতে কোনো চাপ নেই, জানালেন তার সতীর্থ

ক্রীড়া ডেস্ক
রোনালদোকে পাস দিতে কোনো চাপ নেই, জানালেন তার সতীর্থ

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর পর্তুগালের আক্রমণভাগে ক্রিস্তিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে দলের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কয়েনসিসাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পর্তুগাল দলের খেলোয়াড়রা রোনালদোকে পাস দেওয়ার জন্য কোনো অতিরিক্ত চাপ অনুভব করেন না।

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদো পুরো সময় খেললেও তেমন প্রভাব রাখতে পারেননি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তার কমে যাওয়া গতি ও চলাফেরা কি পর্তুগালের আক্রমণকে সীমিত করে দিচ্ছে?

রোববার সংবাদ সম্মেলনে কনসেইসাও বলেন, ‘আমরা রোনালদোকে বল দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। আমি সেই খেলোয়াড়কেই পাস দিই, যাকে সবচেয়ে ভালো অবস্থানে এবং প্রতিপক্ষের নজরদারির বাইরে মনে হয়।’

তিনি আরো বলেন, ‘ক্রিস্তিয়ানো আমাদের দলের আর দশজন সদস্যের মতোই একজন। দলের সাফল্যের জন্য প্রত্যেকের অবদান প্রয়োজন।’

তবে রোনালদোর গুরুত্ব অস্বীকার করেননি কনসেইসাও। তিনি বলেন, ‘৪১ বছর বয়সেও তার যে ক্ষুধা ও জয়ের মানসিকতা, তা অসাধারণ। নেতৃত্ব এবং গোল করার ক্ষমতার দিক থেকে তিনি সবার জন্য উদাহরণ। গোল করার ক্ষেত্রে তার মতো আর কেউ নেই।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দলটি।

কনসেইসাও বলেন, ‘খারাপ ফলের কষ্ট সবচেয়ে বেশি আমরা নিজেরাই অনুভব করি। আমরা জানি প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। ফল ভালো না হলে চাপ ও সমালোচনা বাড়বে, এটাই স্বাভাবিক। তাই পরের ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করে জয় তুলে আনতে চাই।’

গ্রুপ ‘কে’-তে নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় এখন পর্তুগালের জন্য প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।

মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ট্রফির প্রয়োজন নেই : আর্জেন্টিনা কোচ | কালের কণ্ঠ