বিশ্বকাপের ‘এল’ গ্রুপে শেষ মুহূর্তের নাটকিয়তা বেশ ভালই জমে উঠেছিল। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে হাসি মুখেই মাঠ ছাড়ল ফেবারিট ইংল্যান্ড।
পানামার বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলেছে ইংল্যান্ড। মাঠের দখল ও আক্রমণে থ্রি লায়ন্সরা পুরোপুরি দাপট দেখালেও প্রথমার্ধে কাজের কাজ গোলটি অধরাই রয়ে যায় হ্যারি কেইনদের। অপর ম্যাচে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া জালের দেখা পাওয়ায় শঙ্কা জাগে কেইনদের শীর্ষস্থান হারানোর।
তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্সরা। ডালাসের মাঠে ম্যাচের ৬২ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন জুড বেলিংহাম। এর পাঁচ মিনিটের মাথায় বেলিংহামের বাড়ানো এক নিখুঁত ও চোখ ধাঁধানো ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান হ্যারি কেইন।
এতেই ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এই ইংলিশ স্ট্রাইকার।
এরপর ম্যাচে আর কেউ জালের দেখা না পাওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে থমাস টুখেলের দল। এতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে যায় তাদের।
গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাচ্ছেন মদরিচরা। অপর দিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করা ঘানাও যাচ্ছে শেষ ৩২-এ। গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে উপরের দিকে থাকায় নতুন নিয়মে নকআউটে জায়গা করে নিয়েছে তারা।




