বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে এক গোলের প্রয়োজন ছিল লিওনেল মেসির। ডালাসে ম্যাচের চতুর্থ মিনিটে সেই সুযোগ পেয়েছিলেন তিনি। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় অপেক্ষা বাড়ে তার। পরে অস্ট্রিয়ার বিপক্ষে শুধু রেকর্ড গোলই পাননি, সংখ্যা আরও বাড়িয়েছেন ৮বারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ গোলের রাজা হওয়ার রাতে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক সে সব কীর্তি।
১৮
বিশ্বকাপে মেসির গোল সংখ্যা। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তাতে পেছনে পড়ল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল।
শুধু গোলের নন, খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ম্যাচ জয়ের রাজাও হয়েছেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ জয় পাওয়া খেলোয়াড়ও এখন তিনি। এখানেও পেছনে ফেলেছেন ১৭ জয় পাওয়া ক্লোসাকে।
১০
অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটি করে অনন্য এক রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি ভিন্ন দলের বিপক্ষে প্রথম গোল করা খেলোয়াড় তিনি।
৭
বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টি নেওয়া খেলোয়াড়ও মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি নিয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি
কেইন।
৬
বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন মেসি। তার আগে সমান ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন ফ্রান্স কিংবদন্তি জাস্ট ফন্টেইন ও ব্রাজিলিয়ান কিংবদন্তি জেয়ারজিনহো।
৫
এবারের বিশ্বকাপে মেসির গোল সংখ্যা। আর্জেন্টিনার নামের পাশেও গোল সংখ্যা ৫। অর্থাৎ, দলের সব গোলই তার। এমন কীর্তি এর আগে শুধু গড়েছেন রাশিয়ার ওলেগ সালেঙ্গার। ১৯৯৪ রাশিয়ার প্রথম ৫ গোলের প্রতিটাই করেন তিনি।
৩
আনন্দময়ের বিপরীতে বিব্রতকর রেকর্ডও গড়েছেন মেসি। বিশ্বকাপে ৩ পেনাল্টি মিস করা ফুটবলারও এখন তিনি। আজকের আগে সমান ২ মিস নিয়ে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।




