ক্যানসাস সিটিতে টর্নেডোর সতর্কবার্তা জারি করায় হোটেলবন্দি হয়ে পড়েছেন বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলের খেলোয়াড়রা। তাদের বেইস ক্যাম্প ভেন্যু ক্যানসাস সিটিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই এ সতর্কবার্তা জারি করা হয়।
ফ্লোরিডা থেকে শনিবার (১৩ জুন) দুপুরে ক্যানসাস সিটিতে পৌঁছায় ইংল্যান্ড দল। স্থানীয় সময় বিকেল ৫টায় প্রচণ্ড রোদের মধ্যে ক্যাম্পে একটি সম্মিলিত অনুশীলন সেশনে অংশ নেয় তারা। সেখানে প্রায় ৭০০ দর্শকের উপস্থিতিতে দলের ২৬ জন খেলোয়াড়ই ছিলেন।
কিন্তু সন্ধ্যার দিকে প্রবল ঝড় ওঠে। ইংল্যান্ডের ক্যাম্পসহ স্থানীয় হাজার হাজার মানুষ তাদের ফোনে একটি জরুরি সতর্কবার্তা পান, যেখানে তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য বলা হয়।
সেই পরামর্শ মেনে হোটেলের ভেতরে অবস্থান করেন ইংল্যান্ড দলের সবাই। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের একটি ‘ফ্যান ফেস্টিভ্যাল’ নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া বিভাগ জানায়, এই ঝড়ের কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ মাইল (১২৯ কিলোমিটার) পর্যন্ত হতে পারে এবং শনিবার সন্ধ্যায় টর্নেডোর সাইরেন বাজানো হয়।
আবহাওয়া সতর্কবার্তায় বাসিন্দাদের জানানো হয়, কোনো মজবুত ভবনে আশ্রয় নিন, জানালা থেকে দূরে থাকুন। উড়ন্ত ধ্বংসাবশেষ আশ্রয় না নেওয়াদের জন্য প্রাণঘাতী হতে পারে।
ফ্লোরিডায় ইংল্যান্ডের বিশ্বকাপ-পূর্ববর্তী ক্যাম্পটিও আবহাওয়াজনিত সমস্যায় পড়েছিল। কোস্টা রিকার বিপক্ষে তাদের শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়, কিন্তু সেখানে টর্নেডোর মতো মারাত্মক কিছু ঘটেনি।
ডালাসে আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টমাস টুখেলের দল।




