নামের পাশে সবই ছিল। ছিল না শুধু বিশ্বকাপ। তবে কাতার বিশ্বকাপে সেই স্বপ্নও পূরণ হয়েছে লিওনেল মেসির। সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে কিংবদন্তির নেতৃত্বেই।
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে নামবেন শিরোপা ধরে রাখার মিশনে। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন ২৪ জুন ৩৯ বসন্ত উদযাপন করবেন মেসি। সব পাওয়া আর্জেন্টাইন অধিনায়ক ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে চ্যালেঞ্জ নেওয়ার মানসিক শক্তি কোথায় পাচ্ছেন তাই জানতে চাওয়া হয়েছিল ম্যাক্সি রদ্রিগেজের কাছে।
মেসির সাবেক সতীর্থ রদ্রিগেজ জানিয়েছেন, সাফল্যের ক্ষুধাই মেসির চালিকা শক্তি। আর্জেন্টিনার সাবেক উইঙ্গার বলেছেন, ‘সাফল্যের তীব্র ক্ষুধা আর আবার ইতিহাস গড়ার ইচ্ছেই মেসির চালিকা শক্তি। সে শুধু এগিয়েই যায়, কোনো কিছুই থামাতে পারে না তাকে। দেশকে প্রতিনিধিত্ব করার গর্বের জন্যই সে খেলে। এছাড়া আর কিছুই মনে আসে না তার। এমনকি রেকর্ড ভাঙা-গড়ার ব্যাপারটিও।’
চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতাই মেসিকে সবকিছু জিততে সহায়তা করেছে বলে জানান রদ্রিগেজ। মেসির সঙ্গে নিওয়েল’স ওল্ড বয়েজে হাতেখড়ি হওয়া লিভারপুলের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় সে। সবকিছু নিয়ে বাজি ধরতে চায়। কারণ সে আজ যা কিছু, তা সেই (সাফল্যের) ক্ষুধার এর একটা অংশ। এমন মানসিকতা ও প্রবল ইচ্ছে ছাড়া এতকিছু সে জিততে পারত না। এজন্যই আর্জেন্টিনার আইকনিক ১০ নম্বর জার্সিতে তার আরেকটি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছি আমরা।’
আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবেন মেসিরা। প্রতিপক্ষ আলজেরিয়া। ‘জে’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাকি প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।




