দীর্ঘ অপেক্ষা, খুব কাছে গিয়েও বারবার স্বপ্নভঙ্গের বেদনা- সব হতাশা এবার দূর হলো লালচে মাটির কোর্টে। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা উঁচিয়ে ধরলেন আলেক্সান্ডার জভেরেভ। রবিবার ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই জার্মান তারকা। ৪১ বারের চেষ্টায় ২৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন জভেরেভ।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে বারবার মোড় বদলের পর শেষ হাসি হাসলেন জভেরেভ। সোয়া চার ঘণ্টার একটু বেশি সময় স্থায়ী ম্যাচে তার জয় ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ গেমে।
এর আগে ২০২৪ সালের এই প্রতিযোগিতাসহ মোট তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে প্রতিবার হারের তেতো স্বাদ পান জভেরেভ। চতুর্থবারে স্বপ্নের ট্রফিতে চুমু আঁকলেন তিনি।
এটিপি র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাস চোট পেয়ে টুর্নামেন্টে খেলতে না পারায় এবং শীর্ষ বাছাই ইয়ানিক সিনার আগেভাগে ছিটকে পড়ায়, জভেরেভের সম্ভাবনা উজ্জ্বল হয়। সেই সঙ্গে দশম বাছাই এবং ‘অনেকটাই অচেনা’ ফ্লাভিও কোবোল্লি ফাইনালে ওঠায় অনেকেই জভেরেভকে আরো এগিয়ে রাখেন।
ম্যাচের শুরুটা সেকমই হয়, আগে কখনও কোনো মেজরে সেমি-ফাইনালে না ওঠা প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জভেরেভ। তবে এরপরই দৃশপটে পরিবর্তন আসে। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান ২৪ বছর বয়সী ইতালিয়ান। তৃতীয় সেটে আবার এগিয়ে যান জভেরেভ।
চতুর্থ সেট নানা নাটকীয়তার পর গড়ায় টাইব্রেকারে। অসাধারণ দৃঢ়তায় সেটটি জিতে লড়াই জারি রাখেন কবোল্লি। পঞ্চম সেটে অবশ্য তাকে আর কোনো সুযোগ দেননি জভেরেভ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই কোর্টে শুয়ে পড়েন তিনি, পারেননি আবেগ ধরে রাখতে, অবশ্য আবেগকে বাঁধ দেওয়ার খুব একটা চেষ্টাও করেননি ২৯ বছর বয়সী তারকা।
তিন দশকের মধ্যে দেশের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন জভেরেভ। তার আগে সবশেষ জার্মান মেজর জয়ী ছিলেন গ্রেট বরিস বেকার, ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি।
এতদিন গ্র্যান্ড স্ল্যামে অপূর্ণতা থাকলেও বড় শিরোপা জয়ের স্বাদ অবশ্য আগে পেয়েছেন জভেরেভ। ২০২০ টোকিও অলিম্পিকসের এককে সোনার পদক জয়ী এই তারকা ২০১৮ ও ২০২১ সালের এটিপি ট্যুর ফাইনালসেও চ্যাম্পিয়ন হন।




