একটি ছোট্ট চারার ভেতর লুকিয়ে থাকে একটি বিশাল বনের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে, সবুজে ঘেরা একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।
গত বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষাঙ্গনের প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার এক বাস্তব বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা জেড. এইচ. এম. জুয়েল, সহযোগী অধ্যাপক নওরিন সামান্থা সৌমি এবং সহকারী অধ্যাপক সুমন কুণ্ড।
অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার বার্তাই বহন করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
উপদেষ্টা জেড. এইচ. এম. জুয়েল বলেন, ‘পরিবেশ রক্ষাকে কেবল একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। অন্যদিকে সহযোগী অধ্যাপক নওরিন সামান্থা সৌমি বলেন, আজকের একটি ছোট্ট চারা আগামী দিনের বিশুদ্ধ অক্সিজেন, নির্মল ছায়া ও জীববৈচিত্র্যের ধারক। তাই গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী উপদেষ্টা নুসরাত জাহান এনি ও নিজাম উদ্দিন সৌরভ।
শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহসভাপতি আব্দুল কাদির শৈশব ও জয় সাহা রায়, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক রাজকুমার স্বচ্ছ দে ও মোহাম্মদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজুয়ান নাসিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহ আলম জীবন, কার্যকরী সদস্য মো. ফুয়াদ হাসানসহ শাখার অন্যান্য সদস্য এবং শিক্ষার্থীরা অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, ‘একটি গাছ কেবল ছায়া বা ফলই দেয় না; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর ভিত্তি গড়ে তোলে। সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’





