• ই-পেপার

মূল্যসীমা মানলে রাশিয়ার তেল বিক্রি নয়, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন পুতিন

নৌচলাচলের স্বাধীনতা কোনো বিলাসিতা নয় : শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক
নৌচলাচলের স্বাধীনতা কোনো বিলাসিতা নয় : শেহবাজ শরিফ
সংগৃহীত ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সমুদ্রপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এটি এখন আর শুধু একটি সুবিধা নয়, বরং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য প্রয়োজন হয়ে উঠেছে।

শনিবার সকালে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে দেওয়া এক বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে সমুদ্র নিরাপত্তা বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যের বড় একটি অংশ সমুদ্রপথে হয়। তাই এই পথ নিরাপদ ও উন্মুক্ত রাখা সবার স্বার্থে প্রয়োজন।

তিনি আরো বলেন, নৌপথে অবাধ যাতায়াতের অধিকার এবং জাহাজ চলাচলের স্বাধীনতা এখন আর বিলাসিতা নয়। বর্তমান বাস্তবতায় এটি পুরো বিশ্বের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের নৌবাহিনীর ভূমিকাও তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে না, একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

শেহবাজ শরিফ বলেন, দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও পাকিস্তান নৌবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।

‘প্রধান গো ব্যাক’ স্লোগানে ভারতজুড়ে আন্দোলনে নামছে সিজেপি

অনলাইন ডেস্ক
‘প্রধান গো ব্যাক’ স্লোগানে ভারতজুড়ে আন্দোলনে নামছে সিজেপি
সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কৃষক এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনকে ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিজিৎ দীপকে জানান, শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই আন্দোলন শুরু হচ্ছে। তবে দেশব্যাপী এই কর্মসূচি কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি আরো জানান, সমাজকর্মী ও পরিবেশ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক রবিবার থেকে যন্তর মন্তরে শুরু হওয়া ‘প্রধান গো ব্যাক’ কর্মসূচিতে অংশ নেবেন। একই দিন তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন। অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানকে দ্রুত পদত্যাগ করানো উচিত। তা না হলে এই ঘটনার দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। তার ভাষায়, কোনো ব্যবস্থা না নিলে মোদিকে একজন অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হবে।

ডিজিটাল ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা সিজেপি গত ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে। দলটির দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। দীপকে বলেন, আন্দোলন শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্মেন্দ্র প্রধান এখনো কোনো দায়িত্ব স্বীকার করেননি। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সরকারের কেউ জবাবদিহি করছেন না। তার দাবি, এখন পর্যন্ত অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এই পরিস্থিতিতে একজন শিক্ষক ও বিজ্ঞানী হিসেবে পরিচিত সোনম ওয়াংচুককে অনশনে বসতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

ধর্মেন্দ্র প্রধানের সমালোচনা করে দীপকে বলেন, শিক্ষার্থীদের মৃত্যুর নৈতিক দায় শিক্ষামন্ত্রীর। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের সন্ত্রাসী বলা হলেও প্রকৃত দায় সরকারের। তিনি বলেন, ‘প্রধান গো ব্যাক’ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি সারা দেশে এই দাবিকে ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।  অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে একসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে আন্দোলনে অংশ নিতে হবে। সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, কোনো ভুলের পরও সরকারের একজন মন্ত্রী কেন পদত্যাগ করছেন না। তার মতে, জবাবদিহি ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যদি ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে শিক্ষার্থীদের মৃত্যুর দায় থেকেও তিনি মুক্ত থাকতে পারবেন না। আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের জন্য এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান সিজেপির প্রতিষ্ঠাতা। 

কংগ্রেসের ঘোষিত আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে দীপকে বলেন, রাজনৈতিক মতভেদ ভুলে সব দলেরই শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো উচিত। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে আন্দোলন শেষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই সে বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। আর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও জনরোষ পুরোপুরি কমবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যন্তর মন্তরের আন্দোলনস্থলে বিক্ষোভকারী ও স্বেচ্ছাসেবকদের ওপর হামলার অভিযোগও করেন অভিজিৎ দীপকে। তার দাবি, অভিযোগ করার পরও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে আসা মানুষদেরও হয়রানি করা হচ্ছে। এমনকি এক স্বেচ্ছাসেবকের শ্বশুরবাড়িতেও লোকজন গিয়ে ভয়ভীতি দেখিয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করার দাবি জানান দীপকে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাসও পুলিশের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, এক স্বেচ্ছাসেবক মাথায় গুরুতর আঘাত পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ধারায় মামলা করেনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিভাবকদের উদ্দেশে অভিজিৎ দীপকে বলেন, সন্তানদের আন্দোলনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয়। তার মতে, এই আন্দোলন তাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত।

যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগান, থাকবেন রাজপরিবারের সরকারি বাসভবনে

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগান, থাকবেন রাজপরিবারের সরকারি বাসভবনে
সংগৃহীত ছবি

চার বছর পর আবারও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। আগামী মাসে তারা দুই সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য সফর করবেন। এই সফরে তারা প্রথমবারের মতো রাজপরিবারের একটি সরকারি বাসভবনে থাকবেন। ফলে রাজপরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারি ও মেগানের সঙ্গে তাদের দুই সন্তানও থাকবে। তারা হলেন সাত বছর বয়সী প্রিন্স আর্চি এবং পাঁচ বছর বয়সী প্রিন্সেস লিলিবেট। ২০২২ সালের পর এটিই হবে তাদের প্রথম পারিবারিক যুক্তরাজ্য সফর। ওই বছর তারা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগে থেকেই হ্যারি ও মেগানকে রাজপ্রাসাদের এস্টেটের একটি সরকারি বাসভবনে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা এত দিন সেই প্রস্তাব গ্রহণ করেননি। এবারই প্রথম তারা সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সফরের সময় তারা কিছুদিন রাজপরিবারের সরকারি বাসভবনে থাকবেন। বাকি সময় ব্যক্তিগত একটি বাসভবনে অবস্থান করবেন।

২০২০ সালে প্রিন্স হ্যারি ও মেগান রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তারা যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। তাদের লক্ষ্য ছিল রাজপরিবারের বাইরে থেকে স্বাধীনভাবে জীবন গড়ে তোলা। এই সিদ্ধান্তের পর থেকেই রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। পরে বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার এবং হ্যারির আত্মজীবনীতে এই দম্পতি অভিযোগ করেন, ব্রিটিশ ট্যাবলয়েড গণমাধ্যমের অতিরিক্ত হস্তক্ষেপ, পরিবারের ভেতরের জটিল সম্পর্ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বর্ণবাদের অভিজ্ঞতা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

রাজপরিবার ছাড়ার পর হ্যারি কয়েকবার যুক্তরাজ্যে গেলেও পরিবারের সবাইকে নিয়ে আর সফর করেননি। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে তিনি ও মেগান একসঙ্গে যোগ দেন। এরপর ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে হ্যারি একাই উপস্থিত ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে প্রায় ১৯ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন হ্যারি। সে সময় ক্ল্যারেন্স হাউসে তারা একসঙ্গে চা পান করেন। তখন রাজা চার্লস ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। ওই বৈঠকের পর অনেকেই ধারণা করেছিলেন, বাবা-ছেলের দীর্ঘদিনের দূরত্ব কমতে শুরু করেছে। এরপরও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে হ্যারির সঙ্গে তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের সম্পর্ক এখনো আগের মতো স্বাভাবিক হয়নি বলে মনে করা হচ্ছে। সবশেষে চলতি বছরের জানুয়ারিতে একটি মামলার শুনানিতে অংশ নিতে লন্ডনে যান হ্যারি। তিনি এবং আরো কয়েকজন ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেইল’-এর প্রকাশকের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ফোনে আড়ি পাতা হয়েছিল।

রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পর যুক্তরাজ্য সরকার করদাতাদের অর্থে হ্যারির জন্য দেওয়া সরকারি নিরাপত্তা সুবিধা তুলে নেয়। এরপর গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার মতো পরিবেশ তিনি দেখছেন না। আসন্ন সফরে হ্যারি ও তার পরিবারের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তারা যখন রাজপরিবারের সরকারি বাসভবনে থাকবেন, তখন সেখানে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবেন।

জুলাইয়ের এই সফরে হ্যারি ২০২৭ সালের ইনভিকটাস গেমসকে সামনে রেখে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও অসুস্থ হয়ে পড়া সামরিক সদস্যদের জন্য এক দশকেরও বেশি আগে এই প্রতিযোগিতা চালু করেছিলেন হ্যারি। এ ছাড়া ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলে তার সমর্থিত আরো কয়েকটি সামাজিক উদ্যোগের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সফর শুরু হবে লন্ডনে ইনভিকটাস গেমস-সংশ্লিষ্ট অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে মেগানও তার সঙ্গে থাকবেন, তবে তাদের দুই সন্তান কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেবে না বলে ধারণা করা হচ্ছে। পরিবারের ব্যক্তিগত সফরসূচিও প্রকাশ করা হয়নি।


 

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ

ভেনিজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। একই সঙ্গে ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করার অভিযান এখনও চলছে। উদ্ধারকাজে সহায়তার জন্য বিভিন্ন দেশের উদ্ধারকারী দলও ভেনিজুয়েলায় পৌঁছেছে।

রাজধানী কারাকাসের একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সরকারের ধীরগতির ত্রাণ ও উদ্ধার তৎপরতা নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, বুধবার সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশের উত্তরাঞ্চলের বহু ভবন ধসে পড়ে।

রাজধানী কারাকাসের কাছের উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে সেখানে একের পর এক ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।

এদিকে ভেনিজুয়েলার উত্তর উপকূলে শুক্রবার (২৬ জুন) ৪.৯ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্র ছিল উত্তর ভেনিজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্পের কম্পন মারাকাই ও রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে।

এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৭২ জনের বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভেনিজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজারেরও বেশি।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হবে। উদ্ধারকাজে সহায়তা করতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই সংগঠিত হচ্ছেন। তারা খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহের পাশাপাশি জীবিতদের খোঁজে কাজ করছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।

সরকার এক্স (সাবেক টুইটার)সহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য আদান-প্রদান করতে পারছেন।