• ই-পেপার

১১ রোগের মহৌষধ চিরতা

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

অনলাইন ডেস্ক
হামে মৃত্যু ছাড়াল ৬৫০
সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে দেশজুড়ে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬ জন। আর ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৩৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬৮ হাজার ৭৮২ জন।

আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসনে। ছবি : সংগৃহীত

শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও আদ্-দ্বীনের অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে হাম রোগের চিকিৎসাসংক্রান্ত নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজার শাখার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা শুধু একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। একই ব্র্যান্ডের অধীনে পরিচালিত অন্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে, যদি তারা বিদ্যমান নিয়ম-কানুন অনুসরণ করে।

শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুতর উল্লেখ করে মন্ত্রী বলেন, অক্সিজেন সংকট ও দায়িত্বে অবহেলার কারণে কয়েকটি শিশুর প্রাণহানি ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতা ছিল।

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যসেবা খাতে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে জবাবদিহির আওতায় আসতেই হবে। সরকার এ ধরনের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাব্যবস্থার সামগ্রিক মান নিয়ে অসন্তোষও প্রকাশ করে মন্ত্রী মন্তব্য করেন, দেশের স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সেবার মান এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ জন্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আরো দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে হাম প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রামক রোগ মোকাবেলায় ইতিবাচক অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এই প্রচেষ্টা আরো জোরদার করতে হবে।

হাম ও উপসর্গে আরো ৪ প্রাণহানি

অনলাইন ডেস্ক
হাম ও উপসর্গে আরো ৪ প্রাণহানি
ছবি : কালের কণ্ঠ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন উপসর্গ নিয়ে আর একজন হামের আক্রান্ত হয়ে মারা যায়। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৩৮৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭ হাজার ৮৭৮ জন।

হামের উপসর্গে আরো ৪ মৃত্যু

অনলাইন ডেস্ক
হামের উপসর্গে আরো ৪ মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৬০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী শনাক্তের সংখ্যা ১ হাজার ৫২ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগী শনাক্তের সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৬ হাজার ৮৪১ জন।