• ই-পেপার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে : জাহেদ উর রহমান

বিশেষ প্রতিনিধি
কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে : জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘খুব বিস্তারিত বলছি না, এটা সরকার কগনিজেন্সে (আমলে নেওয়া) নিয়েছে, সরকার এটা দেখেছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটা সরকার খতিয়ে দেখছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা (আশঙ্কা) আছে গ্লোবালি, এ ব্যাপারে আমরা সচেতন আছি।’

তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবে না।’

এগুলো কারা করছে—জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘এগুলো তো বুঝতেই পারছেন, এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না। সো, এটা একটু খতিয়ে দেখার প্রশ্ন আছে। এটা যেহেতু এত ওয়াইডস্প্রেড (বিস্তৃতভাবে) হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারব।’

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা
সংগৃহীত ছবি

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বরেণ্য চিত্রশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে এ বরেণ্য শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন নিউমোনিয়া ও ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তাকে নিয়ে স্মৃতিচারণা।

সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট পাস, ছাঁটাই প্রস্তাব নাকচ

অনলাইন ডেস্ক
সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট পাস, ছাঁটাই প্রস্তাব নাকচ
সংগৃহীত ছবি

বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়া ছাঁটাই প্রস্তাব নাকচ করে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাস হয়েছে। এর ফলে এই খাতের জন্য অনধিক ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে সংসদ। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ১৬ নম্বর মঞ্জুরি দাবিটি ভোটের জন্য উপস্থাপন করা হলে তা ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত ও গৃহীত হয়।

এর আগে, বিরোধী দলের সংসদ সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট মাত্র ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।

এই ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল ভূ-রাজনৈতিক বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। যার অভূতপূ্র্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ছাঁটাই প্রস্তাব অনুযায়ী যদি বাজেট ১ টাকায় নামিয়ে আনা হয়, তবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। নামিয়ে ফেলতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা। একই সাথে বন্ধ হয়ে যাবে প্রবাসীদের দেওয়া আমাদের সব ধরনের সেবা। এছাড়া বাজেট না থাকলে জাতিসংঘের বাৎসরিক চাঁদা দেওয়া সম্ভব হবে না, যার ফলে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে গরম

অনলাইন ডেস্ক
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে গরম

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে গরমের দাপট কমবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে—এমন পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে বগুড়ায় ৬৮ মিলিমিটার।