কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রবিবার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়।
সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময়। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। স্মরণীয় মুহূর্ত এভাবে ধারণ করতে পেরে তারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং এটিকে তাদের সংসদ সফরের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ।
জাতীয় সংসদ ভবনে পৌঁছে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। এরপর বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন। পাশাপাশি সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন।
সফরকালে তারা মনোহরগঞ্জের কৃতী সন্তান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবনে আয়োজিত ব্রিফিং সেশনে জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সংসদ ভবন কেবল একটি স্থাপত্য নিদর্শন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। নতুন প্রজন্মকে রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন।
অনেক শিক্ষার্থী জানান, এতদিন তারা সংসদ ভবন সম্পর্কে শুধু পাঠ্যপুস্তক, সংবাদমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে জেনেছেন, এখন বাস্তবে সংসদ ভবনে এসে ঘুরে দেখার সুযোগ তাদের কাছে আজীবন মনে রাখার মতো এক অসাধারণ অভিজ্ঞতা। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্য এই সফর ভবিষ্যৎ জীবনে দেশ ও রাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করবে এবং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে।
বিশেষ আকর্ষণ হিসেবে সফররত শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন সংসদ সদস্যকে সরাসরি দেখার সুযোগ পান।







