জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করার উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি শাখাকে প্রস্তাব দিতে বলেছে সংস্থাটি। সোমবার (২২ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, এনআইডি সেবা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি না, থাকলে তার সমাধান কী হতে পারে—সেগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি এনআইডি সেবা সহজীকরণ এবং বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজন করবে। এরপর তারা একটি প্রতিবেদন দাখিল করবে।
বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে (ক, ক-১, খ, খ-১, গ ও ঘ) এনআইডি সংশোধন কার্যক্রম পরিচালিত হয়। এতে অপেক্ষাকৃত সহজ থেকে জটিল অনুযায়ী ক থেকে ঘ ক্যাটাগরি নির্ধারণ করা হয়। ‘ঘ’ ক্যাটাগরির আবেদন এনআইডি মহাপরিচালক নিজেই সংশোধন করেন। এরপর সচিব ও কমিশনের কাছে আপিলের সুযোগ রয়েছে।
বর্তমানে প্রায় ৮৫ হাজার এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে সারা বছর মৃত ভোটারদের নাম কর্তনের জন্যও এনআইডি মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মৃত ভোটারদের নাম বাদ দিতে সুপারিশ করবে।







